...
...
Next Story

Pakistan on Makkah Pact: মক্কা প্রতিরক্ষা চুক্তি কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, দাবি পাক বিদেশমন্ত্রী ইশাক দারের

মঙ্গলবার ইসলামাবাদে আয়োজিত মারগাল্লা ডায়ালগ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ইশাক দার। তাঁর দাবি, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রতিটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Published on: Nov 11, 2026, 07:18:05 IST
Advertisement

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তিকে ঘিরে আন্তর্জাতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও, এবার সরাসরি সেই জল্পনায় জল ঢালার চেষ্টা করল ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার স্পষ্ট জানিয়ে দিলেন, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কোনও নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। বরং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করাই এই চুক্তির মূল উদ্দেশ্য।

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি (AFP)
পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি (AFP)

মঙ্গলবার ইসলামাবাদে আয়োজিত মারগাল্লা ডায়ালগ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন ইশাক দার। তাঁর দাবি, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে প্রতিটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার পথে এগিয়েছে। দারের কথায়, এই চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক। কোনও দেশের বিরুদ্ধে সামরিক জোট গঠন করা এর উদ্দেশ্য নয়।

উল্লেখ্য, গত ৭ অগাস্ট পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল, তিন দেশের কোনও একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিনটি দেশের উপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনও একটি দেশ আক্রান্ত হলে বাকি দুই দেশও সেই নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত হবে। পাশাপাশি তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক সমন্বয় এবং সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথাও বলা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইশাক দার দাবি করেন, ইসলামাবাদ ভারসাম্যপূর্ণ বিদেশনীতি অনুসরণ করছে। চিন, আমেরিকা, ইরান, উপসাগরীয় দেশ, ইউরোপ এবং মধ্য এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখাই পাকিস্তানের লক্ষ্য। তাঁর মতে, দেশের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কার্যকর কূটনীতিই নিরাপত্তা ও সমৃদ্ধির চাবিকাঠি।

তবে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রসঙ্গও এড়িয়ে যাননি দার। ২০২৫ সালের মে মাসে চার দিনের সামরিক সংঘাতের উল্লেখ করে তিনি জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানের দাবি তোলেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার নিষ্পত্তি প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলের বিষয় সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়।

প্যালেস্টাইন ও গাজা পরিস্থিতির কথাও নিজের বক্তব্যে তুলে ধরেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। পাশাপাশি আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত কমাতে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করতে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। যদিও পরবর্তী সময়ে নিষেধাজ্ঞা, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এবং ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সেই সমঝোতা ভেস্তে যায়।

সব মিলিয়ে, মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ঘিরে ইরানকে কেন্দ্র করে তৈরি হওয়া জল্পনা প্রশমিত করার চেষ্টা করলেও, পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের এই ত্রিপাক্ষিক সামরিক সমীকরণ পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks