...
...
Next Story

Pakistan: আসিম মুনিরের 'ছকের' বিরোধিতায় উত্তাল পাকিস্তান! স্বাধীন সিন্ধুদেশের দাবিতে করাচিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

Pakistan protests: এই বিতর্কের সূত্রপাত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির নতুন প্রদেশ বা ছোট প্রশাসনিক একক তৈরির প্রস্তাব থেকে। জনমত জানতে গণভোটের কথাও বলেছেন তিনি।

Published on: Nov 24, 2026, 16:54:18 IST
Advertisement

Pakistan protests: পাকিস্তানে (Pakistan) ফের অশান্তির আবহ। পাকিস্তান থেকে আলাদা হয়ে সিন্ধুদেশ গড়ার দাবিতে উত্তাল বন্দর শহর করাচি। পাকিস্তানে নতুন প্রদেশ তৈরির প্রস্তাব এবং প্রদেশের ভৌগোলিক সীমানা বদলের বিরোধিতায় সে দেশের বাণিজ্যিক রাজধানীর রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। তাঁদের দাবি, সিন্ধুর ঐতিহাসিক পরিচয় ও অখণ্ডতা কোনওভাবেই ভাগ হতে দেওয়া যাবে না। বিক্ষোভকারীদের একাংশ শুধু প্রদেশ ভাগের বিরোধিতাই নয়, স্বাধীন সিন্ধুদেশ গঠনের দাবিও তুলেছেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে শক্তিশালী প্রদেশ পাঞ্জাবকে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছে সিন্ধ জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ (JSMM)। একই সঙ্গে সংগঠনের সদস্যরা স্বাধীন 'সিন্ধুদেশ'-এর সমর্থনে স্লোগান তোলেন।

স্বাধীন সিন্ধুদেশের দাবিতে উত্তাল পাকিস্তান (সৌজন্যে এক্স )
স্বাধীন সিন্ধুদেশের দাবিতে উত্তাল পাকিস্তান (সৌজন্যে এক্স )

শুধু করাচিতেই নয়, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা সিন্ধু প্রদেশ জুড়ে। সামনে আরও বিক্ষোভ কর্মসূচি থাকায় এবং প্রতিদ্বন্দ্বী শিবিরগুলি একই দিনে পাল্টা সমাবেশের পরিকল্পনা করায় করাচির রাস্তায় বড়সড় সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ সহযোগী তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সে দেশে নতুন প্রদেশ তৈরির প্রস্তাব দেওয়ার পরই অগ্নিগর্ভ হয়ে ওঠে সিন্ধু। সিন্ধুর ক্ষমতাসীন 'পাকিস্তান পিপলস পার্টি' (PPP)-র প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ফেডারেল সরকারকে (যার অংশীদার তাঁর নিজের দলও) সিন্ধু ভাগের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার পর এই আন্দোলন আরও তীব্রতর হয়। বিলাওয়াল সতর্ক করে বলেন, এই পদক্ষেপের ফলে সিন্ধুর মানুষ অস্ত্র হাতে তুলে নিতে পারে এবং করাচি ও হায়দরাবাদের রাস্তায় রক্তগঙ্গা বইতে পারে।

এই বিতর্কের সূত্রপাত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির নতুন প্রদেশ বা ছোট প্রশাসনিক একক তৈরির প্রস্তাব থেকে। জনমত জানতে গণভোটের কথাও বলেছেন তিনি। পাক পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালও ঐকমত্যের ভিত্তিতে পাকিস্তানে ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছেন। বর্তমানে দেশটিতে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান- এই চারটি প্রদেশ রয়েছে। প্রস্তাবের সমর্থকদের যুক্তি, প্রায় ২৫ কোটি মানুষের পাকিস্তানে বর্তমান চারটি প্রদেশের আয়তন ও জনসংখ্যা এত বেশি যে কার্যকরভাবে নাগরিক পরিষেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের বক্তব্য, পাকিস্তানে প্রদেশের সংখ্যা ১২ পর্যন্ত হতে পারে। তবে ২২ নভেম্বর পর্যন্ত নতুন প্রদেশ তৈরির বিষয়ে সরকারের কোনও আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব সংশ্লিষ্ট দফতরে জমা পড়েনি বলে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

রাজপথে সিন্ধি জাতীয়তাবাদীরা, সিন্ধুতে বিক্ষোভ

অন্যদিকে, 'জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল' (JUI-F) ২২ নভেম্বর করাচি ছাড়াও সুক্কুর ও জ্যাকোবাবাদ-সহ বেশ কয়েকটি জেলায় পৃথক বিক্ষোভ করে। দলের সিন্ধু প্রদেশের নেতা রশিদ মেহমুদ সুমরো প্রস্তাব দেন যে, সিন্ধু বিভাজনের বিরোধিতা করতে বিলাওয়াল, মাওলানা ফজলুর রহমান এবং সিন্ধি জাতীয়তাবাদী দলগুলি একমঞ্চে আসতে পারে। সম্প্রতি জেইউআই-এফ প্রধান রহমান শাহবাজ শরিফ সরকার এবং সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমালোচনার সুর আরও চড়িয়েছেন। গত অক্টোবরে খাইবার পাখতুনখোয়ায় গভর্নর শাসন জারির পর থেকে তিনি রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন এবং দাবি করেছেন, ফেডারেল সরকারে যোগ দিতে অস্বীকার করায় তাঁর দলের নেতাদের দুর্নীতির মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে, জেয় সিন্ধু মুত্তাহিদা মহাজ সংগঠন পাঞ্জাবে অর্থনৈতিক অবরোধের ডাক দেওয়ার কথা জানিয়েছে। তাদের দাবি, সিন্ধুর জমি, প্রাকৃতিক সম্পদ ও রাজনৈতিক অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনা চলছে। সংগঠনটি এবার স্বাধীন সিন্ধুদেশের দাবিতে আন্দোলন আরও জোরদার করার কথাও বলেছে। আগামী ২৯ নভেম্বর করাচিতে ফের কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks