...
...
Next Story

FIFA World Cup 2026: '**** বাচ্চা!' এমবাপেকে আপত্তিকর ভাষায় তোপ প‌্যারাগুয়ের সেনেটরের, বিতর্ক তুঙ্গে

FIFA World Cup 2026: এই বাকযুদ্ধ শুরু হয়, যখন ফরাসি তারকা এই নেত্রীকে 'ঘৃণ্য ও অপদার্থ' বলায় পারদ দ্বিগুণ হয়। বুধবার শালীনতা ও ভব্যতার সমস্ত সীমা ডিঙিয়ে খাস সেনেটের ফ্লোরে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপেকে নিয়ে আপত্তিকর শব্দটি ব্যবহার করে আক্রমণ করেন তিনি।

Published on: Jul 9, 2026, 13:38:38 IST
Advertisement

FIFA World Cup 2026: ফুটবল মাঠের উত্তাপ চড়তে চড়তে এবার রাজনীতির কদর্য আঙিনায়। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। আর তার পরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, ম্যাচ শেষে বিপক্ষ গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেন কিলিয়ান এমবাপে। শুধু তাই নয়, গিলের মুখের ওপর নাকি চিৎকারও করেন তিনি। এই ঘটনার পরেই আসরে নামেন প্যারাগুয়ের সেনেটর সেলেস্টে আমারিলা। শুরু হয় কথার লড়াই। এবার সে দেশের পার্লামেন্টেই ওই সেনেটর আপত্তিকর ভাষায় নতুন করে আক্রমণ শানালেন ফ্রান্সের তারকার উদ্দেশে। সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

কিলিয়ান এমবাপেকে আপত্তিকর ভাষায় তোপ প‌্যারাগুয়ের সেনেটরের (সৌজন্যে টুইটার)
কিলিয়ান এমবাপেকে আপত্তিকর ভাষায় তোপ প‌্যারাগুয়ের সেনেটরের (সৌজন্যে টুইটার)

এই বাকযুদ্ধ শুরু হয়, যখন ফরাসি তারকা এই নেত্রীকে 'ঘৃণ্য ও অপদার্থ' বলায় পারদ দ্বিগুণ হয়। বুধবার শালীনতা ও ভব্যতার সমস্ত সীমা ডিঙিয়ে খাস সেনেটের ফ্লোরে দাঁড়িয়ে এমবাপেকে নিয়ে আপত্তিকর শব্দটি ব্যবহার করে আক্রমণ করেন তিনি। জনপ্রতিনিধির মুখে এমন কদর্য শব্দচয়ন ঘিরে বিশ্বজুড়ে এখন তুমুল শোরগোল। ভিডিওয় সেলেস্টেকে বলতে শোনা গিয়েছে, 'অরল‌্যান্ডো গিল জীবনে প্রথম বার বিশ্বকাপ খেলতে এসেছে। ইউরোপেও হয়তো প্রথমবার। প্যারাগুয়ের সমস্ত বিনয় নিয়ে সে হাতটা বাড়িয়ে দিয়েছিল। কিন্তু এমবাপে হাত মেলাতে অস্বীকার করে এবং ওর সঙ্গে দুর্ব‌্যবহার করে। এটা মোটেও ফরাসিদের আচরণ নয়। একজন ফরাসি কখনও ও রকম আচরণ করবে না।' তার পরেই তিনি সেই আপত্তিজনক শব্দটি ব‌্যবহার করেন।

এরপরই ফরাসি বিপ্লব ও রেনেসাঁর প্রসঙ্গ টানেন আমারিলা। তিনি বলেন, 'ফ্রান্স মানেই রুশো, দেকার্ত, মন্তেস্কু, ভিক্টর হুগো, সিমোন দা বোভোয়ার এবং মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা। সেই মহান ফ্রান্স এবং তাদের বিশ্বব‌্যাপী সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ‌্যকে আমি কখনও এমবাপের মতো এক জন ব‌্যক্তির মধ‌্যে সীমাবদ্ধ করে দেখতে রাজি নয়।' এর আগে মাঠের লড়াউ শেষে প্যারাগুয়ে দলের বিরুদ্ধে গুরুতর বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগও এনেছিলেন আমারিলা।বাকবিতণ্ডা অবশ্য সেনেটের চার দেওয়ালেই আটকে নেই। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে-এ একটি খোলা চিঠি প্রকাশ করেন আমারিলা। সেখানে এমবাপেকে অবিলম্বে ক্ষমা চাওয়ার চরম হুঁশিয়ারি দেন তিনি। চলতি বিতর্কে সামনে এসেছে ব্রাজিলের রোনাল্ডিনহোর প্রসঙ্গও। জাল পাসপোর্ট কাণ্ডে প্যারাগুয়েতে ২০২০ সালের মার্চ মাসে জেল খেটেছিলেন ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলার। তাঁর উদাহরণ টেনে নেত্রীর রীতিমতো হুঙ্কার, 'প্যারাগুয়ের মানুষদের সঙ্গে পাঙ্গা নিতে এসো না এমবাপে। আমরা কিন্তু রোনাল্ডিনহোর মতো মানুষকেও জেলে পুরেছি।' কিন্তু এমবাপে ক্ষমা চাননি। এবারে সেনেটরের ফের আক্রমণাত্মক বক্তব‌্যে বিতর্কের ঝড় মাঠের বাইরে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks