...
...
Next Story

ইরানের হামলার হুঁশিয়ারি পেয়েও ব্যবস্থা নেয়নি পেন্টাগন! কুয়েতে ড্রোন হামলায় মৃত্যু ৬ মার্কিন সেনার, বিস্ফোরক অভিযোগ

প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মার্কিন সেনার মেজর স্টিফেন র‍্যামসবটম। কুয়েতের পোর্ট শুয়াইবা (Port Shuaiba) এলাকায় ইরানের ড্রোন হামলার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলায় তিনি নিজেও আহত হন।

Published on: Nov 17, 2026, 08:35:29 IST
Advertisement

ইরানের হামলার আশঙ্কা ছিল আগে থেকেই। মার্কিন সেনাদের নিরাপত্তা নিয়ে বারবার সতর্কও করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেয়নি মার্কিন সেনার শীর্ষ নেতৃত্ব। আর তারই পরিণতিতে কুয়েতে ইরানের ড্রোন হামলায় প্রাণ হারাতে হয়েছিল ছয় মার্কিন সেনাকে! এমনই বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন হামলায় আহত এক মার্কিন সেনা আধিকারিক। তাঁর দাবি, কুয়েতে মার্কিন সেনাদের যে সামরিক ঘাঁটিতে রাখা হয়েছিল, সেখানে আকাশপথে ড্রোন হামলা প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। এমনকী প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও চিকিৎসার পরিকাঠামোও ছিল অপর্যাপ্ত। এবার এই অভিযোগ নিয়ে সরাসরি মার্কিন কংগ্রেসের দ্বারস্থ হয়েছেন ওই সেনা আধিকারিক। ফলে ইরানের সঙ্গে যুদ্ধের পাশাপাশি মার্কিন সামরিক নেতৃত্বের প্রস্তুতি নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

This satellite image taken over Ali Al Salem Air Base in Kuwait on July 24, 2026, shows the result of numerous strikes on this section of the bas. (© Airbus DS 2026 via AP) (Airbus DS via AP)
This satellite image taken over Ali Al Salem Air Base in Kuwait on July 24, 2026, shows the result of numerous strikes on this section of the bas. (© Airbus DS 2026 via AP) (Airbus DS via AP)

প্রতিবেদন অনুযায়ী, এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মার্কিন সেনার মেজর স্টিফেন র‍্যামসবটম। কুয়েতের পোর্ট শুয়াইবা (Port Shuaiba) এলাকায় ইরানের ড্রোন হামলার সময় তিনিও সেখানে উপস্থিত ছিলেন। ওই হামলায় তিনি নিজেও আহত হন। তাঁর অভিযোগ, হামলার আগে একাধিকবার ঊর্ধ্বতন আধিকারিকদের ঘাঁটির দুর্বল নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সতর্ক করেছিলেন। কিন্তু সেই সতর্কবার্তাকে গুরুত্ব দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ভয়াবহ ড্রোন হামলায় ছয় মার্কিন সেনার মৃত্যু হয়।

র‍্যামসবটম মার্কিন কংগ্রেসের হাউস এবং সেনেটের সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটির কাছে একটি হুইসেলব্লোয়ার অভিযোগ জমা দিয়েছেন। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটির নিরাপত্তা নিয়ে তাঁর গভীর উদ্বেগ ছিল। কিন্তু কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ করেনি। তাঁর কথায়, এটি ছিল মার্কিন সেনাবাহিনী এবং নেতৃত্বের পরিকল্পনাগত ব্যর্থতা। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, তার জন্য এই ভুল থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।

র‍্যামসবটমের দাবি, তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের (CENTCOM) লজিস্টিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল জন হিনসনকে অন্তত দু'বার নিরাপত্তার দুর্বলতা নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, সেই আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হয়নি। ঘাঁটিতে ড্রোন প্রতিরোধী ব্যবস্থা বসানোর আবেদনও করা হয়েছিল। পেন্টাগনের তরফে সেই ব্যবস্থা করার আশ্বাস মিললেও শেষ পর্যন্ত কোনও কাউন্টার-ড্রোন সিস্টেম সেখানে পৌঁছয়নি।

উল্লেখ্য, গত ১ মার্চ ইরানের একটি ড্রোন কুয়েতের ওই মার্কিন সামরিক ঘাঁটির কমান্ড পোস্টে আঘাত হানে। ঘটনায় ক্যাপ্টেন কোডি খোর্ক, সার্জেন্ট নোয়া টিটজেন্স, সার্জেন্ট নিকোল আমার, সার্জেন্ট ডেকলান কোডি, মেজর জেফ্রি ও'ব্রায়েন এবং চিফ ওয়ারেন্ট অফিসার রবার্ট মারজান নিহত হন। আহত হন আরও কয়েক ডজন মার্কিন সেনা।

অন্যদিকে, হামলার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, ঘাঁটিটি যথেষ্ট সুরক্ষিত ছিল। কিন্তু র‍্যামসবটমের অভিযোগ সেই দাবির সঙ্গে সম্পূর্ণ বিপরীত। এই পরিস্থিতিতে সেনেটর রিচার্ড ব্লুমেনথাল প্রতিরক্ষামন্ত্রীর কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন। তিনি জানিয়েছেন, নিহত সেনাদের পরিবার এবং মার্কিন নাগরিকদের সত্য জানার অধিকার রয়েছে।

এদিকে, এই ঘটনায় এখনও বিস্তারিত তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি পেন্টাগন। ফলে সেনাদের নিরাপত্তায় গাফিলতি হয়েছিল কি না, তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতের আবহে মার্কিন সেনাবাহিনীর প্রস্তুতি ও নেতৃত্বের সিদ্ধান্ত এখন ওয়াশিংটনের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks