...
...
Next Story

Petrol & Diesel Price Slashed in India: পেট্রোল ৫, ডিজেল ৩ টাকা সস্তা, ভারতে দাম কমল জ্বালানি তেলের

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে। ১ জুলাই থেকে সংস্থার পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমেছে।

Published on: Jul 1, 2026, 10:35:58 IST
Advertisement

জুলাই মাসের শুরুতেই জ্বালানির বাজারে স্বস্তির খবর। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে। ১ জুলাই থেকে সংস্থার পেট্রোল পাম্পগুলিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলের দাম ৩ টাকা কমেছে। গত দু'বছরেরও বেশি সময়ে দেশের কোনও বড় জ্বালানি সংস্থার এটাই প্রথম উল্লেখযোগ্য মূল্যহ্রাস বলে মনে করা হচ্ছে।

দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে। (AFP)
দেশের অন্যতম বৃহৎ বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি পেট্রোল ও ডিজেলের দাম কমানোর ঘোষণা করেছে। (AFP)

দেশজুড়ে নায়ারা এনার্জির প্রায় ৭,০০০ পেট্রোল পাম্প রয়েছে। ফলে সংস্থার আউটলেট থেকে জ্বালানি কিনলে গ্রাহকেরা এই মূল্যছাড়ের সুবিধা পাবেন। তবে বিভিন্ন রাজ্যে ভ্যাট ও অন্যান্য স্থানীয় করের হারের পার্থক্যের কারণে চূড়ান্ত খুচরো দামে কিছুটা তারতম্য হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতির উন্নতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে আসাই এই সিদ্ধান্তের মূল কারণ। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার ফলে বিশ্ববাজারে তেল সরবরাহের উদ্বেগ অনেকটাই কমেছে। তারই প্রভাব পড়েছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামে এবং সেই সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এই মূল্যছাড়ের সিদ্ধান্ত নিয়েছে নায়ারা এনার্জি।

তবে বেসরকারি সংস্থার এই উদ্যোগের পরেও রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি এখনও দাম অপরিবর্তিত রেখেছে। Indian Oil Corporation (আইওসি), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর পাম্পে পেট্রোল ও ডিজেল আগের দামেই বিক্রি হচ্ছে। ফলে আপাতত মূল্যছাড়ের সুবিধা কেবল নায়ারা এনার্জির গ্রাহকেরাই পাবেন।

এদিকে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি সংস্থাগুলিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য কমার সঙ্গে সামঞ্জস্য রেখে খুচরো দাম কমানোর আহ্বান জানান। তাঁর এই মন্তব্যের পরই নায়ারা এনার্জির মূল্যছাড়ের সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পমহল। এখন নজর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিও আগামী দিনে জ্বালানির দাম কমানোর পথে হাঁটে কি না।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks