...
...
Next Story

'দীর্ঘদিন মনে রাখা...,' গ্লাসগোর রেস্তোরাঁয় লভলিনার প্রতিবাদ, বিশেষ প্রশংসা PM মোদীর

PM Modi lauds Lovlina Borgohain: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর দিল্লির ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পারফরম্যান্সের প্রশংসা করেন।

Published on: Aug 10, 2026, 12:44:32 IST
Advertisement

PM Modi lauds Lovlina Borgohain: কমনওয়েলথ গেমস (Commonwealth Games) চলাকালীন গ্লাসগোর একটি রেস্তোরাঁয় ভারতের বিকৃত মানচিত্র প্রদর্শনের প্রতিবাদ করায় অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় বক্সার লভলিনা বরগোঁহাইয়ের বিশেষ প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্প্রতি হাত মোছার কাগজে (ন্যাপকিন) ভারতের বিকৃত ও অসম্পূর্ণ মানচিত্র ছাপানোর জেরে তীব্র বিতর্কের মুখে পড়েছিল স্কটল্যান্ডের গ্লাসগোর একটি জনপ্রিয় ভারতীয় রেস্তোরাঁ। অসমের তারকা বক্সার লভলিনা বরগোঁহাইয়ের (Lovlina Borgohain) জোরালো প্রতিবাদের জেরে ২৪ ঘণ্টার মধ্যেই টনক নড়ে কর্তৃপক্ষের। ভারতীয়দের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেস্তোরাঁ জানায়, দ্রুত ভুল সংশোধন করে সেখানে ভারতের সঠিক মানচিত্র ছাপানো হবে।

গ্লাসগোর রেস্তোরাঁয় লভলিনা বরগোঁহাইয়ের প্রতিবাদ, বিশেষ প্রশংসা PM মোদীর (DPR PMO)
গ্লাসগোর রেস্তোরাঁয় লভলিনা বরগোঁহাইয়ের প্রতিবাদ, বিশেষ প্রশংসা PM মোদীর (DPR PMO)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর দিল্লির ৭, লোক কল্যাণ মার্গের বাসভবনে ২০২৬ সালের কমনওয়েলথ গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পারফরম্যান্সের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের সাফল্য শুধু দেশকে গর্বিত করেনি, বরং নতুন প্রজন্মকে খেলাধুলায় অংশ নিতে অনুপ্রাণিত করবে। ক্রীড়াবিদদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, 'আপনারা শুধু পদক জেতেননি, আপনারা একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।' আলাপচারিতার সময় প্রধানমন্ত্রী মোদী বক্সার লভলিনা বরগোঁহাইয়ের বিশেষভাবে প্রশংসা করেন। কমনওয়েলথ গেমস চলাকালীন গ্লাসগোর একটি রেস্তোরাঁয় ভারতের বিকৃত মানচিত্র প্রদর্শনের প্রতিবাদ করায় তিনি লভলিনার প্রশংসা করেন। তিনি পদকজয়ী বক্সারকে প্রশ্ন করেন, 'কী হয়েছিল, ওই রেস্তোরাঁর লোকজনের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন?' এরপরেই অসমের বক্সার হেসে জবাব দেন, 'স্যার, আনন্দের উপলক্ষ ছিল, আমরা উদযাপন করছিলাম এবং বিকৃত মানচিত্র দেখতে আমার ভালো লাগছিল না। আমি বিনয়ের সঙ্গে তাদের জানিয়েছি এবং তারা পরিবর্তনও করে দিয়েছে।' তাঁর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী লভলিনাকে বলেন, 'আপনি যা করেছেন, তা সাধারণ কোনও বিষয় ছিল না, এটি দীর্ঘদিন মনে রাখা হবে।'

ঘটনার সূত্রপাত

লাভলিনার এই বক্তব্যের পরই রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে নিঃশর্ত ক্ষমা চায়। তারা জানায়, প্রায় ৩২ বছর ধরে তারা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে কাজ করে আসছে। ভুল মানচিত্র ব্যবহার করার কোনও ইচ্ছা তাদের ছিল না। বিবৃতিতে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, 'ভারতের ভুল মানচিত্র ব্যবহার করার জন্য আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। আমরা অবিলম্বে এই ভুল সংশোধনের ব্যবস্থা নেব। কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য ছিল না। বরং ভারতীয় দলকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করতে পেরে আমরা গর্বিত।' তারা আরও জানিয়েছে, খুব দ্রুত সঠিক ভারতের মানচিত্র ব্যবহার করে নতুন লোগো তৈরি করা হবে। কমনওয়েলথ গেমসে ভারতীয় বক্সারদের অসাধারণ সাফল্যের পর তাঁদের আতিথ্য করতে পারা তাদের কাছে গর্বের বিষয়। সেই সন্ধ্যার স্মৃতি তারা সব সময় মনে রাখবে বলেও জানানো হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe