...
...
Next Story

PM Modi: মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তায় জোর! ইরান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে PM মোদী, কেন গুরুত্বপূর্ণ এই আলোচনা?

PM Modi Meets Iranian President: এমন এক সময়ে প্রধানমন্ত্রী মোদী-প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠক হল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতে টালামাটাল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। এমনিতে ভারত ও ইরানের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো।

Published on: Aug 31, 2026, 23:59:08 IST
Advertisement

PM Modi Meets Iranian President: ২৬তম এসসিও সামিটের (সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন) ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের (Massoud Pezeshkian) সঙ্গে পার্শ্ববৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৈঠকে মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ইরান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে PM মোদী (DPR PMO )
ইরান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে PM মোদী (DPR PMO )

ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেছে। পারস্পরিক স্বার্থ জড়িত রয়েছে, এমন বিভিন্ন ক্ষেত্রে ইরান ও ভারতের মধ্যে যৌথ সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের বিদেশমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং অন্যান্য শীর্ষকর্তারাও উপস্থিত ছিলেন হাই প্রোফাইল বৈঠকে। মধ্যপ্রাচ্যের শান্তি, নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা-সহ একাধিক বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ?

এমন এক সময়ে প্রধানমন্ত্রী মোদী-প্রেসিডেন্ট পেজেশকিয়ান বৈঠক হল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতে টালামাটাল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি। এমনিতে ভারত ও ইরানের বাণিজ্য সম্পর্ক অত্যন্ত জোরালো। নয়া দিল্লি ইরানের শীর্ষ দশটি বাণিজ্যিক অংশীদারের অন্যতম। যদিও পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় এবং তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এর আগে, গত জুনেও প্রধানমন্ত্রী মোদী ও পেজেশকিয়ানের মধ্যে ফোনে কথা হয়েছিল। তখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং কীভাবে সংঘাতের অবসান ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তখন সংঘাত বন্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ী শান্তির জন্য আরও আলোচনা চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

সূত্রের খবর, এসসিও সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া শুল্ক ও যুদ্ধনীতির বিপরীতে 'তৃতীয় অক্ষ শক্তি'র বার্তা দিচ্ছে রুশ-ইরান-ভারতের এই বৈঠক। মার্কিন অক্ষের বিপরীতে চিন থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাদের দখলদারির বিরুদ্ধে ভারত। অন্যদিকে, অরুণাচল সীমান্ত নিয়ে বেজিংয়ের সঙ্গে সংঘাত অব্যাহত। এই অবস্থায় পারস্পারিক স্বার্থের কারণেই একজোট হচ্ছে ইরান-ভারত-রাশিয়া। পাকিস্তান মুসলিম ন্যাটোয় ইরানকে টানার চেষ্ঠা করলেও তা সফল হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks