...
...
Next Story

PM Narendra Modi: 'অত্যন্ত সংযমী হয়ে...,' যুদ্ধ-সংকটে দেশবাসীকে পেট্রোপণ্য ব্যবহারে বিশেষ বার্তা PM মোদীর

PM Narendra Modi: এদিন অচিরাচরিত শক্তি ও বিকল্প জ্বালানির দিক থেকেও ভারত যে অগ্রগতি করছে, সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে সৌরশক্তির দিক থেকে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে।

Updated on: May 10, 2026, 20:01:20 IST
Advertisement

PM Narendra Modi: পশ্চিম এশিয়ায় সংঘাতের মধ্যে পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস ব্যবহারের ক্ষেত্রে দেশবাসীকে ‘সংযমী’ হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে তেলাঙ্গানার প্রায় ৯৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাসের সময় প্রধানমন্ত্রী পেট্রোলিয়াম পণ্য অপচয় না করার জন্য দেশবাসীর কাছে আর্জি জানান, কারণ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি আমদানিকারক দেশ।

দেশবাসীকে পেট্রোপণ্য ব্যবহারে বিশেষ বার্তা PM মোদীর (DPR PMO)
দেশবাসীকে পেট্রোপণ্য ব্যবহারে বিশেষ বার্তা PM মোদীর (DPR PMO)

প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ভারত মার্কিন-ইরান যুদ্ধের কারণে তৈরি জ্বালানি সংকট মোকাবিলা করছে। এই যুদ্ধের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী অবরোধের কারণে তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বর্তমান সময়ে পেট্রল, গ্যাস, ডিজেলের মতো জিনিস অত্যন্ত সংযমী হয়ে ব্যবহার করতে হবে। যে সব জ্বালানি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করি, সেই গুলি যেটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করার চেষ্টা করতে হবে। এতে শুধুমাত্র বিদেশি মুদ্রাই সাশ্রয় হবে না, যুদ্ধের সঙ্কটের বিরূপ প্রভাবকেও কমানো যাবে।'

এদিন অচিরাচরিত শক্তি ও বিকল্প জ্বালানির দিক থেকেও ভারত যে অগ্রগতি করছে, সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, গত কয়েক বছরে সৌরশক্তির দিক থেকে ভারত বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে পেট্রল এবং ইথানলের মিশ্রণে তৈরি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও ভারতে উল্লেখযোগ্য সারা মিলছে। সরকারের বহুমুখী জ্বালানি কৌশলের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রান্নার গ্যাসের ক্ষেত্রেও এলপিজি-র উপর সম্পূর্ণ নির্ভরশীল না থেকে পাইপলাইনের মাধ্যমেও গ্যাস সরবরাহ হচ্ছে। জ্বালানি উৎসে বৈচিত্র্য আনতে কেন্দ্র একটি সিএনজি-ভিত্তিক পরিকাঠামো তৈরিতেও সক্রিয়ভাবে কাজ করছে। প্রধানমন্ত্রীর মতে, এই সব উদ্যোগের ফলেই বর্তমান বিশ্বের জ্বালানি অস্থিরতাকে সফল ভাবে মোকাবিলা করতে পারছে ভারত। প্রধানমন্ত্রীর মতে, একদিকে দেশবাসীর পরিমিত ব্যবহার আর অন্যদিকে সরকারের এই বহুমুখী বিকল্প জ্বালানি নীতি, এই দুয়ের মেলবন্ধনেই বিশ্ববাজারের অস্থিরতাকে ভারত সফলভাবে সামাল দিতে পারছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe