...
...
Next Story

Bengaluru News: 'আমরা কি কেউ না?' গাড়িতে অন্তঃসত্ত্বা স্ত্রী, রাজ্যপালের কনভয় আটকে রাস্তায় ধর্নায় স্বামী

Bengaluru News: রাস্তার মাঝখানে ওই ব্যক্তি বসে পড়তেই সেখানে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর।তাঁকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, 'আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদেরও তো কাজ আছে, তাই না?' তখন ওই ট্রাফিক পুলিশ বলেন, 'আপনি একপাশে সরে যান। ওখানে গিয়ে দাঁড়ান।'

Published on: Jun 1, 2026, 18:42:02 IST
Advertisement

Bengaluru News: ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত বেঙ্গালুরুর কুখ্যাত যানজটের গল্প তো সবারই জানা। কিন্তু সেই চেনা ভোগান্তির সঙ্গে যদি যুক্ত হয় কোনও ভিআইপি কনভয়, তবে সাধারণ মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছাতে পারে, তারই এক নজিরবিহীন ও নাটকীয় দৃশ্য দেখল ওল্ড এয়ারপোর্ট রোড।

রাজ্যপালের কনভয় আটকে রাস্তায় ধর্নায় স্বামী (সৌজন্যে টুইটার)
রাজ্যপালের কনভয় আটকে রাস্তায় ধর্নায় স্বামী (সৌজন্যে টুইটার)

সম্প্রতি বেঙ্গালুরুতে ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধে এক হতাশ নাগরিক বেছে নিলেন অহিংস গান্ধীবাদী প্রতিবাদের পথ। কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের কনভয় পার করার জন্য পুলিশকে যখন দীর্ঘক্ষণ রাস্তা আটকে রাখতে হয়, ঠিক তখনই ওল্ড এয়ারপোর্ট রোডে আটকে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকার পর ধৈর্যের বাঁধ ভাঙতেই ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে সরাসরি রাস্তার মাঝখানে ধর্নায় বসে পড়েন। নিজের অবস্থানে অনড় থেকে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি সাফ জানান, একজন সাধারণ নাগরিকের সময়ের মূল্য কোনও রাজনীতিবিদের সময়ের চেয়ে কম নয়।

রাস্তার মাঝখানে ওই ব্যক্তি বসে পড়তেই সেখানে ছুটে আসেন কর্তব্যরত ট্রাফিক ইন্সপেক্টর।তাঁকে উদ্দেশ্য করে ওই ব্যক্তি বলেন, 'আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদেরও তো কাজ আছে, তাই না?' তখন ওই ট্রাফিক পুলিশ বলেন, 'আপনি একপাশে সরে যান। ওখানে গিয়ে দাঁড়ান।' এরপরেই ওই ক্ষুব্ধ নাগরিক বলেন, 'আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আপনারা কেন এভাবে সিগন্যাল ব্লক করে রেখেছেন? গভর্নর ভিআইপি বলে কী আমরা কেউ না?' পাল্টা জবাবে কটাক্ষের সুরে ওই ট্রাফিক পুলিশ বলেন, 'আপনিও একজন ভিআইপি। এবার দয়া করে রাস্তা থেকে উঠুন এবং চলুন। আপনি উঠবেন কী উঠবেন না বলুন?' ওই ব্যক্তি সরাসরি উত্তর দেন, 'না।' ফের একবার ট্রাফিক পুলিশ বলেন, 'আপনি উঠবেন কিনা?' বিক্ষুব্ধ নাগরিক ফের বলেন, 'না।' সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে যে, শেষ পর্যন্ত ভিআইপি কনভয় ভিড়ে ঠাসা ওই রাস্তাটি পার হয়ে চলে যায়। তবে ওই ক্ষুব্ধ ব্যক্তি রাস্তা থেকে উঠে যাওয়ার আগে পুলিশের সঙ্গে চলা সংঘাত কীভাবে এবং কার মধ্যস্থতায় শান্ত হয়েছিল, তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks