...
...
Next Story

Putin-Jinping Meeting Update: আমেরিকার একাধিপত্যের বিরুদ্ধে পুতিন-জিনপিংয়ের সুর! বিশ্ব রাজনীতিতে নয়া মেরুকরণের ইঙ্গিত

বুধবার শেনজেনে দ্বিপাক্ষিক আলোচনায় পুতিন ও জিনপিং বিশ্বব্যবস্থায় বহুমেরু কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। জিনপিংয়ের বক্তব্য, আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ এবং বিশ্বের বহুমেরুকরণ এগিয়ে নিয়ে যেতে রাশিয়া ও চিনকে একসঙ্গে কাজ করতে হবে।

Published on: Nov 18, 2026, 13:13:57 IST
Advertisement

বিশ্ব রাজনীতিতে কি নতুন শক্তির সমীকরণ তৈরি হতে চলেছে? আমেরিকার একচ্ছত্র আধিপত্যের পরিবর্তে আরও ন্যায়সঙ্গত বহুমেরু বিশ্বব্যবস্থা গড়ার ডাক দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার, ১৮ নভেম্বর চিনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা APEC শীর্ষ সম্মেলনের পার্শ্ববৈঠকে মুখোমুখি হন দুই রাষ্ট্রপ্রধান। তাঁদের আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ, অর্থনৈতিক সহযোগিতা এবং বিশ্ব রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য তৈরির প্রসঙ্গ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন পুতিন ও জিনপিং। এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে গোটা আন্তর্জাতিক মহল।

আমেরিকার একাধিপত্যের বিরুদ্ধে পুতিন-জিনপিংয়ের সুর! বিশ্ব রাজনীতিতে নয়া মেরুকরণের ইঙ্গিত (AFP)
আমেরিকার একাধিপত্যের বিরুদ্ধে পুতিন-জিনপিংয়ের সুর! বিশ্ব রাজনীতিতে নয়া মেরুকরণের ইঙ্গিত (AFP)

প্রতিবেদন অনুযায়ী, বুধবার শেনজেনে দ্বিপাক্ষিক আলোচনায় পুতিন ও জিনপিং বিশ্বব্যবস্থায় বহুমেরু কাঠামো তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন। জিনপিংয়ের বক্তব্য, আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ এবং বিশ্বের বহুমেরুকরণ এগিয়ে নিয়ে যেতে রাশিয়া ও চিনকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে পুতিনের দাবি, আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ধারাবাহিকভাবে ইতিবাচক ফল দিচ্ছে।

পুতিন আরও বলেন, একসময় যারা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করত, সেই শক্তিগুলি এখন অন্য দেশগুলির উন্নয়নকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অর্থনৈতিক আধিপত্য এবং চাপ প্রয়োগের দিন শেষ হয়ে এসেছে বলেও মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। যদিও তিনি সরাসরি আমেরিকার নাম উল্লেখ করেননি, তাঁর বক্তব্যকে ওয়াশিংটনের নীতির সমালোচনা হিসেবেই দেখছে আন্তর্জাতিক মহলের একাংশ।

বৃহস্পতিবার ট্রাম্প-পুতিন-জিনপিং বৈঠক

এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ বৃহস্পতিবারের ত্রিপাক্ষিক বৈঠক। প্রথমবার একই টেবিলে বসতে চলেছেন আমেরিকা, রাশিয়া এবং চিনের রাষ্ট্রপ্রধানরা। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে।

এছাড়াও আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন, শুল্কনীতি, বিরল খনিজের সরবরাহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি নিয়েও আলোচনা হতে পারে। উন্নত AI চিপের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বেজিং। চিন জানিয়েছে, এই ধরনের বিধিনিষেধের বিরুদ্ধে প্রয়োজন হলে পালটা ব্যবস্থা নেওয়া হবে।

ইরান যুদ্ধের ছায়া সম্মেলনে

এই কূটনৈতিক বৈঠকের ঠিক আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও নতুন করে উত্তপ্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনী ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের (IRGC) একটি ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদন। ফলে ট্রাম্পের চিন সফরের আগে ওয়াশিংটন ও তেহরানের সংঘাত আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হবে। রাশিয়ার উপর পশ্চিমি নিষেধাজ্ঞা এবং মস্কোকে আন্তর্জাতিক স্তরে একঘরে করার প্রচেষ্টা নিয়েও পুতিন নিজের অবস্থান তুলে ধরেছেন।

আসিয়ান ও কোয়াডে ভারতের কূটনৈতিক তৎপরতা

এদিকে এই আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মধ্যেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় সক্রিয় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফিলিপাইনে ২৩তম আসিয়ান-ভারত সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। ভারত ও আসিয়ানের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সামুদ্রিক নিরাপত্তা, বৈজ্ঞানিক গবেষণা এবং বিপর্যয় মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়েছে। পারমাণবিক শক্তি সংক্রান্ত প্রযুক্তিগত আদানপ্রদান এবং মহাকাশ গবেষণায় হ্যাকাথনের উদ্যোগও ঘোষণা করেছেন মোদি।

পাশাপাশি কোয়াড বৈঠকেও অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সঙ্গে সামুদ্রিক নজরদারি, সাইবার নিরাপত্তা, AI এবং সমুদ্রের তলদেশে যোগাযোগ পরিকাঠামো নিয়ে নতুন উদ্যোগ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত APEC-এর ২১টি সদস্য দেশ সম্মিলিতভাবে বিশ্বের মোট GDP-র প্রায় ৬২ শতাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় অর্ধেকের প্রতিনিধিত্ব করে। সব মিলিয়ে, শেনজেনের APEC সম্মেলন এখন শুধু অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ নয়, আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নির্ধারণেরও গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। একদিকে পুতিন ও জিনপিংয়ের বহুমেরু বিশ্ব গড়ার বার্তা, অন্যদিকে ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠক। বৃহস্পতিবারের আলোচনা বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks