...
...
Next Story

Rahul Gandhi: আমেরিকায় বসে ভারতের অর্থনীতিকে ‘বিপর্যয়’ বললেন রাহুল গান্ধী! ‘দেশবিরোধী প্রচার’, তোপ বিজেপির

মঙ্গলবার, ১৭ নভেম্বর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় অংশ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, দেশে বিপুল বেকারত্বের সমস্যা রয়েছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার গভীরে রয়েছে একাধিক সমস্যা।

Published on: Nov 18, 2026, 09:20:10 IST
Advertisement

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি ও গণতন্ত্র নিয়ে সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতের অর্থনৈতিক পরিস্থিতিকে কার্যত ‘বিপর্যয়’ বলে উল্লেখ করে বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে একের পর এক প্রশ্ন তুললেন তিনি। মঙ্গলবার, ১৭ নভেম্বর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনাসভায় অংশ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেন কংগ্রেস নেতা। তাঁর বক্তব্য, দেশে বিপুল বেকারত্বের সমস্যা রয়েছে। পাশাপাশি শিক্ষাব্যবস্থার গভীরে রয়েছে একাধিক সমস্যা। অন্যদিকে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ তুলে রাহুলকে পালটা আক্রমণ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, রাহুল গান্ধী এখন কার্যত ‘দেশবিরোধী প্রচারের নেতা’ হয়ে উঠেছেন।

আমেরিকায় বসে ভারতের অর্থনীতিকে ‘বিপর্যয়’ বললেন রাহুল গান্ধী! ‘দেশবিরোধী প্রচার’, তোপ বিজেপির (@IndianNationalCongress)
আমেরিকায় বসে ভারতের অর্থনীতিকে ‘বিপর্যয়’ বললেন রাহুল গান্ধী! ‘দেশবিরোধী প্রচার’, তোপ বিজেপির (@IndianNationalCongress)

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে সঞ্চালক লিডিয়া পোলগ্রেনের প্রশ্নের উত্তরে ভারতের তরুণ প্রজন্মের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাহুল। তাঁর বক্তব্য, দেশের তরুণদের একটা বড় অংশ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত যুবকদের মধ্যে হতাশা বাড়ছে। কারণ, তাঁরা নিজেদের জন্য ভবিষ্যতের কোনও স্পষ্ট দিশা দেখতে পাচ্ছেন না।

রাহুল গান্ধীর কথায়, “ভারত একটি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই বাস্তব। কেউ এই সত্যকে অস্বীকার করতে পারেন, সংবাদমাধ্যমও বিষয়টি এড়িয়ে যেতে পারে। কিন্তু ভারতে বিপুল বেকারত্বের সমস্যা রয়েছে। দেশের শিক্ষাব্যবস্থাতেও গভীর সমস্যা রয়েছে।” তাঁর মতে, কর্মসংস্থানের অভাব এবং শিক্ষার দুর্বলতা দেশের তরুণ প্রজন্মের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শুধু অর্থনীতি নয়, ফের ভোট চুরির অভিযোগেও সরব হয়েছেন কংগ্রেস নেতা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটার তালিকা থেকে প্রায় ১৪ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। রাহুলের প্রশ্ন, এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ যাওয়ার পরেও কীভাবে নির্বাচনকে সম্পূর্ণ বৈধ বলা যায়? নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচনী ব্যবস্থায় অনিয়মের যথেষ্ট প্রমাণ রয়েছে এবং এই ব্যবস্থার সংস্কার না হলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়।

রাহুলের এই মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি। দলের মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী সমাজমাধ্যমে কংগ্রেস নেতাকে ‘দেশবিরোধী প্রচারের নেতা’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, ভারতের উন্নতি ও গণতন্ত্রের প্রতি বিদ্বেষ থেকেই বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন রাহুল।

অর্থনীতি নিয়ে রাহুলের বক্তব্যের জবাবে বিজেপি ভারতের আর্থিক বৃদ্ধির হার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মূল্যায়নের প্রসঙ্গ তুলে ধরে। প্রদীপ ভাণ্ডারীর দাবি, বিশ্বজুড়ে ভারতকে দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির অন্যতম হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষও রাহুলকে আক্রমণ করেন। তাঁর বক্তব্য, দেশের GDP এবং বিদেশি মুদ্রার ভাণ্ডার ইতিবাচক অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ নিরাপদ এবং সাধারণ মানুষও সন্তুষ্ট। ক্ষমতার লোভ থেকেই রাহুল বিদেশে গিয়ে এমন মন্তব্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, দু’দিনের আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষ করে বুধবার, ১৮ নভেম্বর শিকাগো বিশ্ববিদ্যালয়েও তাঁর যাওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে, আমেরিকায় রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে ফের উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক মহল। একদিকে বেকারত্ব, অর্থনীতি ও নির্বাচনী স্বচ্ছতা নিয়ে বিরোধীদের প্রশ্ন, অন্যদিকে দেশের ভাবমূর্তি নিয়ে বিজেপির পালটা আক্রমণ। ভারতের অর্থনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক ব্যবস্থার বাস্তব চিত্র নিয়ে এই রাজনৈতিক চাপানউতোর আগামী দিনেও অব্যাহত থাকার ইঙ্গিত মিলছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks