Rahul Gandhi : শাসকদল বিজেপির কোন নেতাকে সবচেয়ে বেশি পছন্দ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)? সম্প্রতি ইনস্টাগ্রামের এক বিশেষ 'আস্ক মি অ্যানিথিং' (Ask Me Anything) সেশনে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে একেবারে ছকভাঙা মন্তব্য করে বসলেন কংগ্রেস নেতা। এই ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের স্টোরির মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ করে দেয়।

তরুণ প্রজন্ম বা জেন-জি ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে আয়োজিত এই সেশনে রাহুল গান্ধী স্পষ্ট জানান, বিজেপি শিবিরের মধ্যে পাঞ্জাবের প্ৰাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-ই (Captain Amarinder Singh) তাঁর সবচেয়ে প্রিয় নেতা। এই সেশনে সাদা টি-শার্ট পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। তখনই একজন রাহুল গান্ধীর প্রিয় বিজেপি নেতার নাম জিজ্ঞেস করেন। মজার ছলেই তার উত্তর দেন লোকসভার বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘প্রিয় বিজেপি নেতা অবশ্যই ক্যাপটেন অমরিন্দর সিং। তাঁর সঙ্গে আমার সম্পর্ক বেশ ভাল। তিনি খোলামেলা মনের মানুষ। তা ছাড়া, সেনাবাহিনীর ইতিহাসের অন্যতম বিশেষজ্ঞ তিনি। তাই আমি ওঁকে পছন্দ করি।’ শুধু তাই নয়, ভিডিওটির শেষে অত্যন্ত লঘু চালে হাসিমুখে 'হ্যালো, আঙ্কেল অমরিন্দর!' বলেও সম্বোধন করেন কংগ্রেস সাংসদ।
ক্যাপ্টেন অমরিন্দর সিং দীর্ঘ দিন কংগ্রেসে ছিলেন এবং দলের হয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। পরবর্তীতে ২০২১ সালে কংগ্রেসের তৎকালীন নেতৃত্বের সঙ্গে মতবিরোধ ও ক্ষোভের জেরে দল ছাড়েন তিনি। নিজের দল 'পাঞ্জাব লোক কংগ্রেস' গড়ে তোলার পর ২০২২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। এক সময় দল ছাড়াকে কেন্দ্র করে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেও, আজকের দিনে বিরোধী শিবিরে থাকা রাজনৈতিক নেতার প্রতি রাহুল গান্ধীর এই অনায়াস ও আন্তরিক মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অন্যদিকে, গত কয়েক মাস ধরে বিজেপিতে অমরিন্দর কিছুটা বেসুরো। জুন মাসে তিনি জানান, রাহুল তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর ভাইয়ের মৃত্যুতে সমবেদনাও জানিয়েছেন। বিজেপির অনেকের কাছেই এই ধরনের সৌজন্যমূলক আচরণ তিনি পাননি। তাছাড়া, কংগ্রেসের মধ্যে রাজনৈতিক মত বিনিময়ের পরিবেশ বিজেপির চেয়ে ভাল ছিল বলেও মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এক সাক্ষাৎকারে অমরিন্দর সিং জানান, কংগ্রেসে থাকাকালীন যেভাবে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল, তা নিয়ে তিনি এখনও ব্যথিত। তাঁর কথায়, 'কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।' তিনি এও বলেছেন, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী চাইলে তিনি সব সময় সাহায্য করবেন, তবে রাজনৈতিকভাবে নয়।
উল্লেখ্য, ইনস্টাগ্রামের এই বিশেষ সেশনে দেশের শিক্ষা ব্যবস্থা, ছাত্র আন্দোলন এমনকী পপ কালচার ও মজার প্রশ্ন নিয়ে জেন-জি তরুণদের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধী। ব্যাটম্যান থেকে শুরু করে রাজনৈতিক ব্যঙ্গচিত্র-বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন তিনি। তবে সমস্ত আলাপ-আলোচনার মধ্যে অমরিন্দর সিংকে নিয়ে করা এই স্পষ্ট ও অকপট মন্তব্যটিই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
{{/usCountry}}উল্লেখ্য, ইনস্টাগ্রামের এই বিশেষ সেশনে দেশের শিক্ষা ব্যবস্থা, ছাত্র আন্দোলন এমনকী পপ কালচার ও মজার প্রশ্ন নিয়ে জেন-জি তরুণদের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধী। ব্যাটম্যান থেকে শুরু করে রাজনৈতিক ব্যঙ্গচিত্র-বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন তিনি। তবে সমস্ত আলাপ-আলোচনার মধ্যে অমরিন্দর সিংকে নিয়ে করা এই স্পষ্ট ও অকপট মন্তব্যটিই এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
{{/usCountry}}