...
...
Next Story

Rohit Sharma Retirement Update: লর্ডসেই কি শেষ? রোহিত শর্মার অবসর জল্পনায় তোলপাড়, নির্বাচকদের বার্তা ঘিরে বাড়ছে চর্চা

বিসিসিআই নির্বাচকরা নাকি ইতিমধ্যেই রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে না। বোর্ডের এক সূত্রের দাবি, রোহিত আরও কিছুদিন খেলতে চেয়েছিলেন। বিশেষ করে নিজের ফিটনেস নিয়ে কাজও করছিলেন। তবে শেষ সিদ্ধান্ত তাঁর হাতেই ছেড়ে দেওয়া হয়েছে।

Published on: Jul 17, 2026, 07:37:30 IST
Advertisement

Rohit Sharma Retirement Update: ভারতীয় ক্রিকেটে ফের জোরালো হয়েছে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের হারের আবহে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটিই হতে পারে ৩৯ বছর বয়সি রোহিত শর্মার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবু এই রিপোর্ট ঘিরে ক্রিকেটমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিসিসিআই নির্বাচকরা নাকি ইতিমধ্যেই রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে না। (ANI Pic Service)
বিসিসিআই নির্বাচকরা নাকি ইতিমধ্যেই রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে না। (ANI Pic Service)

প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই নির্বাচকরা নাকি ইতিমধ্যেই রোহিতকে জানিয়ে দিয়েছেন যে ইংল্যান্ড সফরের পর তাঁকে ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হচ্ছে না। বোর্ডের এক সূত্রের দাবি, রোহিত আরও কিছুদিন খেলতে চেয়েছিলেন। বিশেষ করে নিজের ফিটনেস নিয়ে কাজও করছিলেন। তবে শেষ সিদ্ধান্ত তাঁর হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নিজেই ঠিক করবেন, এখনই অবসর নেবেন, নাকি অন্য কোনও সিদ্ধান্ত ঘোষণা করবেন।

রোহিতের সাম্প্রতিক পারফরম্যান্সও তাঁর বিরুদ্ধে যাচ্ছে বলেই মনে করছেন অনেক ক্রিকেট বিশ্লেষক। কার্ডিফে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৭ বল খেলে মাত্র ২৬ রান করেন তিনি। তার আগে এজবাস্টনে প্রথম ওয়ানডেতে করেছিলেন মাত্র ১১ রান। গত মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে তাঁর স্কোর ছিল ৭৯, ৪৮ ও ১৬। যদিও প্রথম ম্যাচে একটি বড় ইনিংস খেলেছিলেন, ধারাবাহিকতা ছিল না। এর আগে আইপিএল-ও তাঁর প্রত্যাশামতো কাটেনি। ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছিল।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলতে চাইলে রোহিত ও কোহলি—দু'জনকেই আগামী দিনে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে। বয়সের কারণে তাঁদের প্রতিটি ইনিংসই এখন বাড়তি নজরে থাকছে। ফলে দু-একটি ব্যর্থতাই অবসর জল্পনাকে উসকে দিচ্ছে।

তবে এই মুহূর্তে রোহিতের অবসর নিয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি। ফলে লর্ডসে রবিবারের ম্যাচ আদৌ তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ হবে কি না, তার উত্তর মিলবে সময়ই। কিন্তু একটি প্রতিবেদন ঘিরে যে ভারতীয় ক্রিকেটে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। এখন সকলের নজর রোহিত শর্মার সিদ্ধান্ত এবং বিসিসিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe