...
...
Next Story

Indian Money: মার্কিন ডলারের বিপরীতে ৮ মাসের সর্বোচ্চ স্তর স্পর্শ! চলতি অর্থবর্ষের সব ক্ষতি পুষিয়ে ফেলেছে ভারতীয় রুপি

Indian Money Vs US Dollar: বুধবার মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ৭৬ পয়সা বেড়ে ৯২.১১-এ পৌঁছেছে। এদিন আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে লেনদেনের ক্ষেত্রে যত সময় গড়িয়েছে ততই শক্তি বাড়াতে থাকে এ দেশের টাকা।

Published on: Nov 25, 2026, 20:25:52 IST
Advertisement

Indian Money Vs US Dollar: বুধবারও ভারতীয় টাকার ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ডলারের নিরিখে লাগাতার বাড়ছে রুপির দাম। ইতিমধ্যেই, গত আট মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে দেশের টাকা। ফলে, চলতি আর্থিক বছরের (২০২৬-’২৭) যাবতীয় লোকসান পূরণ করে ফেলেছে রুপি। অন্যদিকে, টানা রক্তক্ষরণের পর অবশেষে সুদিন ফিরেছে দালাল স্ট্রিটে। গত কয়েকদিনে দফায় দফায় পতনের পর বুধবার শেয়ারবাজারে দেখা গেল ষাঁড়ের লাফ। যার জেরে ১৫০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও। সব মিলিয়ে খুশির হাওয়া বিনিয়োগকারীদের মনে।

চলতি অর্থবর্ষের সব ক্ষতি পুষিয়ে ফেলেছে ভারতীয় রুপি
চলতি অর্থবর্ষের সব ক্ষতি পুষিয়ে ফেলেছে ভারতীয় রুপি

গত এক সপ্তাহের প্রতিটি লেনদেন সেশনে দেশীয় মুদ্রা শক্তিশালী হয়েছে এবং শুক্রবার থেকে এই পুনরুদ্ধারের গতি আরও বৃদ্ধি পেয়েছে। বুধবার, ২৫ নভেম্বর, মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ৭৬ পয়সা বেড়ে ৯২.১১-এ পৌঁছেছে। এদিন আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে লেনদেনের ক্ষেত্রে যত সময় গড়িয়েছে ততই শক্তি বাড়াতে থাকে এ দেশের টাকা। দিনের শেষে এতে ০.৭ শতাংশের পতন লক্ষ করা গিয়েছে। চলতি বছরের ১৬ মার্চ এক ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম ছিল ৯২.২৮। এ দিন সেই স্তর থেকেও রুপি নীচে নামায় সবচেয়ে বেশি স্বস্তি পেয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। টাকা শক্তিশালী হওয়ায় অচিরেই আরও হ্রাস পাবে আমদানি খরচ। বলা বাহুল্য, এতে কম ব্যয় করে বেশি পণ্য কিনতে সক্ষম হবে নয়াদিল্লি।

শেয়ার বাজারে বড় ধামাকা

বুধবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্স ১০০০ পয়েন্ট পেরিয়ে যায়। দুপুরের দিকে সর্বোচ্চ ৮৪,৪৯৮.২১ অঙ্ক ছুঁয়ে ফেলে সেনসেক্স। বাজার বন্ধ হওয়ার সময় দেখা যায় সেনসেক্স ১৫০২.৯ পয়েন্ট অর্থাৎ ১.৮২ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ৮৩,৯৩৮.২৮তে। পিছিয়ে ছিল না নিফটিও। রিপোর্ট বলছে, দিন শেষে নিফটি ৪৬৯.৬০ পয়েন্ট অর্থাৎ ১.৮৫ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছে ২৫,৮১৯.২৫তে। ব্যাঙ্ক নিফটিতেও বিরাট বৃদ্ধি দেখা গিয়েছে। ১২২৬.৪১ পয়েন্ট অর্থাৎ ১.৭৪ শতাংশ বেড়ে বর্তমানে ব্যাঙ্ক নিফটির অবস্থান ৭১,৬৩৭.২২-তে। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল, হিন্দুস্থান ইউনিলিভার, গোদরেজ জেসিপি, ডিমার্ট, ডাবর ইন্ডিয়া, ব্রিটানিয়া-র মতো শেয়ারগুলি। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে, আদানি এনার্জি সলিউশন, ভিএএমএল, টাটা মোটরস, জিন্দাল স্টিল, টাটা স্টিল-এর মতো শেয়ারগুলিতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks