...
...
Next Story

Vinayak Savarkar: ‘সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি!’ মানহানি মামলায় রাহুলকে নিশানা নাতির

Vinayak Savarkar: লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে বিনায়ক দামোদর সাভারকরের মানহানি করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছেন সাত্যকি সাভারকর।

Published on: Sep 2, 2026, 23:33:27 IST
Advertisement

Vinayak Savarkar: বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে বিভিন্ন সময় আক্রমণ শানাতে দেখা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। এই নিয়ে এবার আদালতে সরব হল সাভারকরের ভাইয়ের নাতি সাত্যকি সাভারকর। মঙ্গলবার পুণের বিশেষ এমপি-এমএলএ আদালতে তিনি দাবি করেন, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে সাভারকরের মানহানি করেছেন। তাঁকে ‘চরম মুসলিম-বিদ্বেষী’ হিসেবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেন সাত্যকি। তাঁর দাবি, বাস্তবে সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি। তাঁর লেখায় তাঁদের উন্নতির পথ ও উপায় তুলে ধরা হয়েছে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (AICC)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (AICC)

লন্ডনে একটি বক্তৃতার মাধ্যমে বিনায়ক দামোদর সাভারকরের মানহানি করার অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করেছেন সাত্যকি সাভারকর। তাঁর অভিযোগ, সাভারকরকে 'মুসলিম-বিদ্বেষী’ ও 'গণপিটুনিতে হত্যাকারী' হিসেবে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার বিশেষ বিচারক অমোল শিন্দের এজলাসে রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ারের জেরার মুখোমুখি হন তিনি। জেরার সময় সাত্যকিকে প্রশ্ন করা হয়, রাহুল গান্ধীর বক্তৃতায় ঠিক কোন অংশকে তিনি মানহানিকর বলে মনে করেন। এর জবাবে তিনি কংগ্রেস নেতার বক্তৃতার একটি অংশের দিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। অভিযোগ, সেখানে রাহুল গান্ধী সাভারকর রচিত বলে দাবি করা একটি বই থেকে একটি ঘটনা পড়ে শোনান। ওই অংশে এমন একটি ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে সাভারকর এবং তাঁর পাঁচ-ছয় জন বন্ধু এক মুসলিম ব্যক্তিকে মারধর করেছিলেন। এরপর সাভারকর সন্তুষ্টি অনুভব করেছিলেন বলে দাবি করা হয়েছে।

সাত্যকি সাভরকর বলেন, 'এই কথাগুলির মাধ্যমে সাভরকরকে মুসলিমদের প্রতি চরম বিদ্বেষী এবং গণপিটুনিতে হত্যাকারী হিসেবে তুলে ধরা হয়েছিল।' তিনি আরও বলেন, 'বিনায়ক সাভারকর কখনও মুসলিমদের ঘৃণা করেননি। বরং তাঁর লেখায় তাঁদের উন্নতির পথ ও উপায়ের কথা বলা হয়েছে।' জেরার সময় সাত্যকি এও স্বীকার করেন, তাঁর ব্যক্তিগত খ্যাতি বিনায়ক সাভরকরের থেকে আলাদা। সমাজে বিনায়ক সাভরকরের খ্যাতি তাঁর চেয়ে 'নিঃসন্দেহে বেশি।' রাহুল গান্ধী সত্যকীর পরিবারের সদস্যদের ব্যক্তিগত চরিত্র বা খ্যাতি নিয়ে প্রকাশ্যে কোনও অভিযোগ করেছেন কিনা, এমন প্রশ্নের জবাবে সাত্যকি বলেন যে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe