India US Trade Deal: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনও তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছয়নি। এরমধ্যেই মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানালেন, ভারতের সঙ্গে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি দ্রুত চূড়ান্ত করতে উন্মুখ হয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি জানান, এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হলে দুই দেশের বাজার উন্মুক্ত হওয়ার পাশাপাশি বাণিজ্যের একাধিক প্রতিবন্ধকতা দূর হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে তৈরি হবে এক নিশ্চিত পরিবেশ।

বৃহস্পতিবার আমেরিকার চেম্বার অব কর্মাস ইন ইন্ডিয়ার একটি অনুষ্ঠানে সার্জিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সংস্থাগুলি। তাঁর কথায়, ভারতীয় সংস্থাগুলির ২০ বিলিয়ন ডলারের বেশি লগ্নির এই প্রতিশ্রুতিতে আমি রোমাঞ্চিত। ২০ বিলিয়ন ডলার শুধু অঙ্কের হিসেবেই বড় নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আনার ক্ষেত্রেও ভারতের মার্কিন দূতাবাস প্রথম স্থান অধিকার করেছে।’ পাশাপাশি গোর জানিয়েছেন, মার্কিন সংস্থাগুলিও ভারতের বাজারে তাদের অবস্থান শক্তিশালী করছে। ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়েও এদিন কথা বলেন সার্জিও গোর।
তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এমনভাবে করা, যাতে মার্কিন সংস্থা ও কর্মীদের লাভ হয়। বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে। যা দুই দেশের জন্যই সুযোগ-সুবিধা নিয়ে আসবে।’ জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কথা উল্লেখ করে গোর বলেন যে, এই চুক্তিটি সম্পন্ন করতে প্রায় ১৯ বছর সময় লেগেছে। তবে তিনি বলেছেন, আলোচনা শুরু হওয়ার দেড় বছরের মধ্যেই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিটি সম্পন্ন হতে পারে। অন্যদিকে, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, দ্বিপাক্ষিক চুক্তির জন্য আগামী মাসেই ভারতে আসতে পারে মার্কিন প্রতিনিধি দল। মুখোমুখি আলোচনা করতে গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিল ভারতীয় প্রতিনিধি দল। তবে পরবর্তীকালে শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশ সংক্রান্ত জটিলতার কারণে তা আর এগয়নি। উল্লেখ্য, আগামী ২৪ মে ও ২৬ মে ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি-সহ একাধিক বিষয়ে সহযোগিতা বাড়াতে মার্কিন বিদেশ সচিব প্রথমবার ভারত সফর আসছেন। পীযূষ গোয়েল আরও জানিয়েছেন, ‘গত ৬ মাসে ৬০ বিলিয়ন ডলারের বেশি লগ্নির প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতে ডেটা সেন্টার গড়ার কথা জানিয়েছে আমাজন ও গুগলের মতো সংস্থা।’