দেশে বিমানযাত্রীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ছোট শহর থেকে বড় মহানগর, সর্বত্রই বাড়ছে আকাশপথে যাতায়াতের চাহিদা। কিন্তু সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না বিমানসংখ্যা। ফলে এবার আরও ১০০০টি যাত্রীবাহী বিমান কেনার প্রস্তুতি নিচ্ছে ভারত। ইতিমধ্যেই ১২০০-র বেশি বিমানের বরাত দেওয়া হয়েছে। তবুও দেশের প্রয়োজন মেটাতে ২০০০-এর বেশি বিমান দরকার বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারী সংস্থাগুলির সঙ্গে দ্রুত বিমান সরবরাহের জন্য আলোচনা চালাচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের বিমান পরিবহণ শিল্পে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার মিশরের রাজধানী কায়রোতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান পীযূষ গোয়েল। ভারত ও মিশরের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্যে দু'দিনের সফরে সেখানে গিয়েছেন তিনি। গোয়েল জানান, ভারতের বিমান পরিবহণ ক্ষেত্রে বর্তমানে তীব্র বিমানসংকট তৈরি হয়েছে। ইতিমধ্যেই ১২০০-র বেশি বিমানের অর্ডার দেওয়া হয়েছে। কিন্তু দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আরও অন্তত ১০০০ বিমান প্রয়োজন। তাই এয়ারবাস ও বোয়িংয়ের মতো আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে দ্রুত সরবরাহের জন্য অনুরোধ জানানো হচ্ছে।
কেন এত বিমানের প্রয়োজন হচ্ছে ভারতের? এর প্রধান কারণ দেশের দ্রুত বাড়তে থাকা বিমানযাত্রীর সংখ্যা। কয়েক বছর আগেও বিমানযাত্রা মূলত বড় শহর এবং আর্থিকভাবে স্বচ্ছল মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি বদলেছে। ছোট শহরগুলিতেও বিমানবন্দর তৈরি হচ্ছে। ব্যবসা, শিক্ষা, চিকিৎসা এবং পর্যটনের প্রয়োজনে বহু মানুষ এখন বিমানে যাতায়াত করছেন। পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবার চাহিদাও বাড়ছে। ফলে বিমান সংস্থাগুলিকে একদিকে অভ্যন্তরীণ রুটে এবং অন্যদিকে বিদেশের রুটে পরিষেবা বাড়ানোর পরিকল্পনা করতে হচ্ছে।
এয়ারবাসের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ভারতে বাণিজ্যিক বিমানের সংখ্যা বেড়ে প্রায় ২২৫০ হতে পারে। আগামী দশ বছরে ভারতে বিমানযাত্রীর সংখ্যা গড়ে বছরে ৮.৯ শতাংশ হারে বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ আগামী দিনে বিমান পরিবহণের বাজার আরও বড় হতে চলেছে।
{{/usCountry}}এয়ারবাসের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে ভারতে বাণিজ্যিক বিমানের সংখ্যা বেড়ে প্রায় ২২৫০ হতে পারে। আগামী দশ বছরে ভারতে বিমানযাত্রীর সংখ্যা গড়ে বছরে ৮.৯ শতাংশ হারে বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। অর্থাৎ আগামী দিনে বিমান পরিবহণের বাজার আরও বড় হতে চলেছে।
{{/usCountry}}কিন্তু এত অর্ডার দেওয়ার পরেও কেন বিমানের অভাব? এর অন্যতম কারণ বিমান সরবরাহে দীর্ঘসূত্রতা। বিমান কেনার অর্ডার দিলেই সঙ্গে সঙ্গে তা হাতে পাওয়া যায় না। একটি যাত্রীবাহী বিমান তৈরি করতে দীর্ঘ সময় লাগে। আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারী সংস্থাগুলির কাছেও বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থার হাজার হাজার অর্ডার জমে রয়েছে। করোনা মহামারির সময় উৎপাদন ব্যাহত হওয়া, সরবরাহ ব্যবস্থায় সমস্যা, ইঞ্জিনের ঘাটতি এবং যন্ত্রাংশের অপ্রতুলতার কারণে বিমান তৈরির গতি কমেছে। ফলে ভারতীয় সংস্থাগুলিকেও নতুন বিমান পেতে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।
এই পরিস্থিতিতে দেশের দুই প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া নিজেদের বহর বাড়াতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। ২০২৩ সালে এয়ারবাসকে ৫০০টি বিমানের অর্ডার দিয়েছিল ইন্ডিগো। পরবর্তীকালে আরও এয়ারবাস A350 বিমানের বরাত দেয় সংস্থাটি। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া ২০২৩ সালে এয়ারবাস ও বোয়িং মিলিয়ে মোট ৪৭০টি বিমানের ঐতিহাসিক অর্ডার দিয়েছিল। ২০২৪ সালে আরও ১০০টি এয়ারবাস বিমানের অর্ডার দেয় তারা।
শুধু বিদেশ থেকে বিমান কেনাই নয়, ভারতেও বিমান তৈরির পরিকাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে। ব্রাজিলের বিমান প্রস্তুতকারী সংস্থা এমব্রায়ের এবং আদানি গোষ্ঠী ভারতে আঞ্চলিক বিমান তৈরির সম্ভাবনা নিয়ে কৌশলগত অংশীদারিত্ব গড়েছে। পাশাপাশি এয়ারবাস ও বোয়িং ভারত থেকে বছরে প্রায় ২০০ কোটি ডলারের যন্ত্রাংশ ও পরিষেবা কেনে। ফলে এই শিল্পে দেশীয় সংস্থাগুলির অংশগ্রহণও বাড়ছে।
অন্যদিকে, মিশরের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়েও আশাবাদী পীযূষ গোয়েল। তাঁর মতে, আরও বিমান হাতে এলে ভারত ও মিশরের মধ্যে উড়ানের সংখ্যা বাড়ানো সম্ভব হবে। বর্তমানে এই রুটে সরাসরি বিমান চালায় মিশরের বিমান সংস্থা ইজিপ্টএয়ার।
সব মিলিয়ে ভারতের বিমান পরিবহণ শিল্পের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত বিমান সংগ্রহ করা। নতুন বিমান এলে উড়ানের সংখ্যা বাড়বে, ছোট শহরের সঙ্গে যোগাযোগ উন্নত হবে এবং আন্তর্জাতিক রুটেও পরিষেবা সম্প্রসারিত হবে। তবে বিমানের সংখ্যা বাড়লেই টিকিটের দাম কমবে, এমন নিশ্চয়তা নেই। বিমান সরবরাহ, জ্বালানির দাম এবং পরিচালন খরচের উপরই নির্ভর করবে আগামী দিনের বিমানযাত্রার পরিষেবা ও ভাড়া।