...
...
Next Story

Shashi Tharoor: কর্পোরেট কর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সহমত থারুর, দুর্নীতি ইস্যুতে কেন্দ্রকে খোঁচা কংগ্রেস MPর

Shashi Tharoor: দেশের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করা তরুণ-তরুণীদের চাকরি পাওয়ার সমস্যা বেড়েছে বলে দাবি তাঁর।

Published on: Nov 23, 2026, 18:30:43 IST
Advertisement

Shashi Tharoor: কর্পোরেট সংস্থাগুলিকে করছাড় দেওয়ার পরেও দেশে কর্মসংস্থান বাড়ানো এবং কর্মীদের বেতন বৃদ্ধিতে ব্যর্থ হওয়ার জন্য দেশের শিল্পমহলকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে বাস্তব পরিস্থিতির প্রতিফলন বলে ব্যাখ্যা করলেন তিনি। একই সঙ্গে ব্যবসার পরিবেশ, সরকারি বিধিনিয়ম এবং দুর্নীতি নিয়েও কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

কংগ্রেস সাংসদ শশী থারুর (Ritik Sharma)
কংগ্রেস সাংসদ শশী থারুর (Ritik Sharma)

সম্প্রতি নয়াদিল্লিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FICCI)-র বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গেই তিরুবনন্তপুরমে সংবাদ সংস্থা এএনআই-কে থারুর বলেন, কর্পোরেট সংস্থাগুলির জন্য সরকার করের বোঝা কমিয়েছে। এর উদ্দেশ্য ছিল বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান তৈরি এবং কর্মীদের বেতন বৃদ্ধি। কিন্তু সংস্থাগুলি সেই প্রত্যাশা পূরণ করেনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর এটাই বলে মনে করছেন তিনি। কংগ্রেস সাংসদের কথায়, 'আমার মনে হয় প্রধানমন্ত্রী যা বলেছেন তা বাস্তব। কর্পোরেটদের নিজস্ব যুক্তি থাকতে পারে, কিন্তু আমি যতদূর বুঝি, তাঁর মূল বক্তব্য হল, সংস্থাগুলি যাতে আরও বেশি বিনিয়োগ করে, কর্মসংস্থান তৈরি করে এবং বেতন বাড়ায়, সেই লক্ষ্যেই সরকার কর কমিয়েছে। কিন্তু সংস্থাগুলি তাদের ভাগের প্রতিশ্রুতি রক্ষা করেনি।'

তবে শুধু কর্পোরেট সংস্থাগুলিকে দায়ী করেই থেমে থাকেননি শশী থারুর। দেশের কর্মসংস্থানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ। বিশেষ করে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করা তরুণ-তরুণীদের চাকরি পাওয়ার সমস্যা বেড়েছে বলে দাবি তাঁর। চাকরিপ্রার্থী, বিশেষ করে কলেজ স্নাতকদের দুরবস্থার কথা তুলে ধরে শশী থারুর বলেন, কর্মসংস্থানের পরিস্থিতির উপর আরও বেশি নজর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, 'সাধারণ মানুষ আমাদের বলছেন যে চাকরি পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, যেমন, প্রথমবার কোনও আইআইটি (IIT) স্নাতক প্লেসমেন্ট পাননি। অতীতে এই ধরনের কথা শোনা যেত না। এ থেকেই বোঝা যায় যে কর্মসংস্থানের পরিবেশ, বিশেষ করে কলেজ স্নাতকদের ক্ষেত্রে, বেশ হতাশাজনক।' ব্যবসা করার সুবিধা বাড়ানোর সরকারি দাবি নিয়েও প্রশ্ন তুলেছেন থারুর। তাঁর বক্তব্য, ব্যবসায়িক ক্ষেত্রে এখনও অনেক জটিল নিয়মকানুন রয়েছে। সেগুলি সরল করা প্রয়োজন। বাস্তবে ব্যবসা করার পরিবেশ কতটা সহজ হয়েছে, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দিল্লিতে ফিকি-র একটি অনুষ্ঠানে কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, সরকার করছাড় ও বিভিন্ন সুবিধা দিলেও সংস্থাগুলি কর্মীদের বেতন বাড়ানো কিংবা নতুন নিয়োগের ক্ষেত্রে প্রত্যাশিত পদক্ষেপ করছে না। প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশে প্রশ্ন করেন, কর্মীদের বেতন কতটা বেড়েছে এবং কত নতুন কর্মী নিয়োগ করা হয়েছে? তাঁর বক্তব্য, সরকার একা কর্মসংস্থান বাড়ানোর দায়িত্ব পালন করতে পারে না। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বেসরকারি সংস্থাগুলিকেও সক্রিয় ভূমিকা নিতে হবে। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পর এবার কংগ্রেস সাংসদের প্রতিক্রিয়া ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার, কর্পোরেট সংস্থাগুলি এই প্রশ্নগুলির জবাবে কর্মসংস্থান ও বিনিয়োগের ক্ষেত্রে কী পদক্ষেপ করে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks