...
...
Next Story

Sheikh Hasina Latest Update: বিমান না পেলে কোন পথে বাংলাদেশে ফিরবেন হাসিনা! বড় পরিকল্পনা আওয়ামি লিগের

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট যে পরিস্থিতিতে তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, তাতে সংবিধান এবং নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে।

Published on: Nov 28, 2026, 08:07:02 IST
Advertisement

বাংলাদেশে ফেরার জন্য আর বিমানের অপেক্ষায় থাকতে রাজি নন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা! দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের কাছে বিমান পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু সেই আবেদনে এখনও সাড়া মেলেনি। এবার বিমান না পেলে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে হেঁটেই দেশে ফিরতে প্রস্তুত হাসিনা। এমনই বিস্ফোরক দাবি করলেন তাঁর ঘনিষ্ঠ সহকারী। শুধু তাই নয়, হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে রাজধানী ঢাকা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে নিয়ে মানববন্ধন গড়ে তোলার পরিকল্পনাও করছে আওয়ামি লিগ। ফলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে।

বিমান না পেলে কোন পথে বাংলাদেশে ফিরবেন হাসিনা! বড় পরিকল্পনা আওয়ামি লিগের (HT_PRINT)
বিমান না পেলে কোন পথে বাংলাদেশে ফিরবেন হাসিনা! বড় পরিকল্পনা আওয়ামি লিগের (HT_PRINT)

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন শেখ হাসিনা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দিনটিকেই দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট যে পরিস্থিতিতে তাঁকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, তাতে সংবিধান এবং নাগরিক অধিকার লঙ্ঘিত হয়েছে। তাই দেশে ফেরার ব্যবস্থা করার দায়িত্ব বর্তমান সরকারেরই। এই কারণে বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান দিল্লিতে পাঠানোর আবেদন জানিয়েছেন তিনি। কিন্তু ঢাকার তরফে সেই আবেদনে এখনও ইতিবাচক সাড়া মেলেনি।

এই পরিস্থিতিতে হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিনের বক্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কোনওভাবে বিমানে ফেরার ব্যবস্থা না হলে প্রয়োজনে হেঁটেই বাংলাদেশে প্রবেশ করতে পারেন হাসিনা। তাঁর দাবি, প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ব্যাপারে অনড় অবস্থান রয়েছে। তাঁকে স্বাগত জানাতে আওয়ামি লিগের কর্মী-সমর্থকরাও প্রস্তুতি নিচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত বিশাল মানববন্ধন তৈরি করা হতে পারে। সেখানে লক্ষ লক্ষ মানুষকে সামিল করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন হাসিনার ওই ঘনিষ্ঠ সহকারী। যদিও এই কর্মসূচির চূড়ান্ত রূপরেখা বা বাস্তবায়নের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। নির্বাচনে আওয়ামি লিগ অংশ নিতে পারেনি। দলটির কার্যকলাপের উপরও নিষেধাজ্ঞা রয়েছে। ফলে হাসিনার প্রত্যাবর্তনের দাবি ঘিরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট জটিল।

এদিকে, হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উপরেও বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার তরফে ইতিমধ্যেই প্রত্যর্পণের দাবি জানানো হয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে। এই পরিস্থিতিতে হাসিনার হেঁটে সীমান্ত পেরনোর সম্ভাব্য পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ, সীমান্ত পেরনোর চেষ্টা হলে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ বাড়ছে। একদিকে দেশে ফেরার ব্যাপারে অনড় হাসিনা, অন্যদিকে তাঁকে ফেরানোর প্রশ্নে কঠোর অবস্থানে তারেক রহমান সরকার। শেষ পর্যন্ত বিমান, প্রত্যর্পণ নাকি সীমান্ত পেরিয়ে পায়ে হেঁটে প্রত্যাবর্তন—কোন পথে বাংলাদেশের মাটিতে পা রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks