...
...
Next Story

Sheikh Hasina Update: ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! তারেক সরকারের কাছে বিশেষ আবেদন

হাসিনার মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে বাংলাদেশের বিমানেই ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই তাঁকে দেশে ফিরিয়ে আনার দায়িত্বও বাংলাদেশের সরকারের। সেই যুক্তিতেই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।

Published on: Nov 24, 2026, 09:35:02 IST
Advertisement

দু’বছরেরও বেশি সময় ভারতে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিজয় দিবসকেই দেশে ফেরার দিন হিসেবে বেছে নিয়েছেন তিনি। শুধু দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ নয়, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান পাঠানোর দাবিও জানিয়েছেন আওয়ামি লিগ নেত্রী। মঙ্গলবার এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এনেছে সংবাদ সংস্থা রয়টার্স। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলির বিবৃতি উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি। তবে তাঁর দেশে ফেরা ঘিরে তৈরি হয়েছে জটিল রাজনৈতিক ও আইনি পরিস্থিতি। কারণ, বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে তারেক রহমানের সরকার।

১৬ ডিসেম্বর বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! তারেক সরকারের কাছে বিশেষ আবেদন (HT_PRINT)
১৬ ডিসেম্বর বিজয় দিবসেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা! তারেক সরকারের কাছে বিশেষ আবেদন (HT_PRINT)

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তিনি। তারপর থেকে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার পালাবদল এবং একাধিক আইনি মামলার মধ্যেই এবার দেশে ফেরার নির্দিষ্ট দিন ঘোষণা করলেন তিনি। এর আগে ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তারিখ জানাননি হাসিনা। এবার ১৬ ডিসেম্বরকে বেছে নেওয়ায় পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে।

হাসিনার মুখপাত্রের বক্তব্য, ২০২৪ সালের ৫ আগস্ট তাঁকে বাংলাদেশের বিমানেই ভারতে নিয়ে আসা হয়েছিল। তাই তাঁকে দেশে ফিরিয়ে আনার দায়িত্বও বাংলাদেশের সরকারের। সেই যুক্তিতেই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় বিমান পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। মোজাম্মেল আলির কথায়, সংবিধানবিরোধী পরিস্থিতিতে তাঁকে দেশছাড়া করা হয়েছিল। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

সবচেয়ে বড় বাধা তাঁর বিরুদ্ধে চলা আইনি মামলা। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এই সাজা দেওয়া হয়েছিল। যদিও ভারত থেকে এই অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ওই অশান্তিতে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে। ফলে দেশে ফিরলে দীর্ঘ আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে তাঁকে।

এর পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিও হাসিনার প্রত্যাবর্তনের পথে বড় বাধা। তাঁর দল আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ। দলের বহু নেতা-কর্মী জেলে, আবার অনেকে ভারত-সহ বিভিন্ন দেশে আত্মগোপন করে রয়েছেন। অন্যদিকে, দেশে রাজনৈতিক হিংসা ও অস্থিরতা অব্যাহত। এই পরিস্থিতিতে হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন করে সংঘাতের আবহ তৈরি করতে পারে বলে আশঙ্কা।

তাৎপর্যপূর্ণ বিষয়, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বিজয়ের স্মরণে দিনটি পালন করে বাংলাদেশ। সেই বিশেষ দিনেই দেশে ফিরতে চেয়ে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছেন হাসিনা। তবে তাঁর প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কি না, তা নির্ভর করছে বাংলাদেশের সরকারের অবস্থান, প্রয়োজনীয় নথিপত্র এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পরিস্থিতির উপর।

সব মিলিয়ে, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। একদিকে দেশে ফেরার দাবিতে অনড় প্রাক্তন প্রধানমন্ত্রী, অন্যদিকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিচ্ছে ঢাকা। শেষ পর্যন্ত বিজয় দিবসে হাসিনার প্রত্যাবর্তন বাস্তবায়িত হয়, নাকি আইনি ও কূটনৈতিক জটিলতায় আটকে যায় তাঁর পরিকল্পনা, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks