...
...
Next Story

SIR Form 6 Updates: ভোটার তালিকা থেকে নাম বাদ? পুরনো ভোটাররাও জমা দিতে পারবেন ফর্ম ৬, বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে নতুন করে ফর্ম ৬ জমা দেওয়া যাবে। মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তি মিলতে পারে বহু ভোটারের।

Published on: Nov 4, 2026, 08:36:15 IST
Advertisement

ভোটার তালিকায় নাম নেই? আগের নির্বাচনে ভোট দিলেও নতুন করে নাম তোলার সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটাররা। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে নতুন করে ফর্ম ৬ জমা দেওয়া যাবে। মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তি মিলতে পারে বহু ভোটারের। বিশেষ করে যাঁদের নাম আগে ভোটার তালিকায় ছিল, অথচ এসআইআরের খসড়া তালিকায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাঁদের জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ। আগে ভোটার হিসাবে নথিভুক্ত থাকলেও ফর্ম ৬ জমা দিলে সেটিকে মিথ্যা ঘোষণা বলে গণ্য করা হবে না বলে জানিয়েছে কমিশন।

এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে নতুন করে ফর্ম ৬ জমা দেওয়া যাবে (HT_PRINT)
এসআইআর প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে নতুন করে ফর্ম ৬ জমা দেওয়া যাবে (HT_PRINT)

মঙ্গলবার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, এসআইআরের খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ফর্ম ৬ জমা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন। আগে ভোটার তালিকায় নাম থাকলেও এই সুযোগ পাওয়া যাবে।

কেন তৈরি হয়েছিল বিভ্রান্তি?

নির্বাচন কমিশনের এই নির্দেশিকার পিছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন। ফর্ম ৬ মূলত নতুন ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার জন্য ব্যবহার করা হয়। এই ফর্মে আবেদনকারীকে ঘোষণা করতে হয় যে, তিনি প্রথম বার ভোটার তালিকায় নাম তোলার আবেদন করছেন। ফলে যাঁদের নাম আগে থেকেই ভোটার তালিকায় ছিল, তাঁরা নতুন করে ফর্ম ৬ জমা দিতে গিয়ে সমস্যায় পড়ছিলেন।

তাঁদের আশঙ্কা ছিল, আগে ভোটার হিসাবে নথিভুক্ত থাকার পরেও প্রথম বার নাম তোলার আবেদন করলে মিথ্যা ঘোষণা করা হবে। তাতে জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ৩১ নম্বর ধারায় তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এই বিভ্রান্তির কথা নির্বাচন কমিশনের নজরে আসে। তার পরেই নতুন নির্দেশিকা জারি করা হয়। কমিশন জানিয়েছে, আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নতুন করে ফর্ম ৬ জমা দেওয়া নিজে থেকে কোনও মিথ্যা ঘোষণা নয়। তবে আবেদনকারী অন্য কোনও লোকসভা বা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নথিভুক্ত থাকতে পারবেন না।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই পদক্ষেপ

২৯ অক্টোবর এই সংক্রান্ত মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, ২০২৬ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁদের নতুন ভোটার হিসাবে ফর্ম ৬ জমা দিতে বাধ্য করা উচিত নয়। ঠিকানা বদলের ক্ষেত্রে ফর্ম ৮ অথবা এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে নাম ফেরানোর সুযোগ দেওয়ার পরামর্শ দেয় আদালত। পাশাপাশি বাদ পড়া ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করার কথাও বলেছিল আদালত।

নীচু স্তরে এখনও বিভ্রান্তি

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা এলেও মাঠপর্যায়ে কিছু প্রশ্ন রয়ে গিয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ফর্ম ৮ ব্যবহারের বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট নির্দেশিকা বা কার্যপদ্ধতি তাঁদের কাছে পৌঁছয়নি। ফলে যাঁদের নাম নির্দিষ্ট কিছু কারণে বাদ পড়েছে, তাঁদের কী ভাবে ফর্ম ৮-এর মাধ্যমে তালিকায় ফেরানো হবে, তা স্পষ্ট নয়।

এ দিকে, সমাজকর্মী অঞ্জলি ভরদ্বাজ এবং অমৃতা জোহরি নির্বাচন কমিশন ও দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কার্যকর করার দাবি জানিয়েছেন।

সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষদের জন্য নতুন করে আবেদনের রাস্তা খুলে দিল কমিশন। তবে শুধু ফর্ম জমা দিলেই নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে না। নির্ধারিত নিয়ম মেনে আবেদন এবং প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরেই নাম অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks