...
...
Next Story

Sonia Gandhi: অপূর্ণ আশ্বাস! ১৯৯৯ সালের সরকার ফেলার চেষ্টা নিয়ে বিস্ফোরক সনিয়া

Sonia Gandhi: ১৯৯৯ সালে সরকার গঠনের দাবি জানানোর পর, রাষ্ট্রপতির ভবনের সামনের চত্বর দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময়, কেমন ছিল পরিস্থিতি, সনিয়া গান্ধীর মনের ভিতর কী চলছিল, তা লিখেছেন তিনি।

Published on: Nov 11, 2026, 19:41:43 IST
Advertisement

Sonia Gandhi: ১৯৯৯ সালে কেন্দ্রে সরকার গঠনের দাবি পেশ করার সিদ্ধান্তটি ছিল এমন কিছু আশ্বাসের ভিত্তিতে, যা বাস্তবে কখনওই পূরণ হয়নি। এর নেপথ্যে এক নেতার আশ্বাসও ছিল, যিনি পরে ‘চরম অসৎ’ হিসেবে প্রমাণিত হন। সদ্য প্রকাশিত স্মৃতিকথা ‘বিলঙ্গিং: আ জার্নি অব লাভ’-এ এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী।

অটলবিহারী বাজপেয়ী ও সনিয়া গান্ধী (PTI)
অটলবিহারী বাজপেয়ী ও সনিয়া গান্ধী (PTI)

১৯৯৯ সালে সরকার গঠনের দাবি জানানোর পর, রাষ্ট্রপতির ভবনের সামনের চত্বর দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময়, কেমন ছিল পরিস্থিতি, সনিয়া গান্ধীর মনের ভিতর কী চলছিল, তা লিখেছেন তিনি। কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী স্মরণ করেছেন, সরকার গঠনের দাবি পেশ করার পরে রাষ্ট্রপতি ভবনের চত্বরে প্রথম বারের মতো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময়ে ভিতরে ভিতরে তিনি কেঁপে উঠছিলেন এবং আত্মবিশ্বাস ধরে রাখা তাঁর জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছিল। ওই মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি প্রয়োজনীয় আসন পূরণের কথা জানালেও, একাধিক নেতার প্রধানমন্ত্রী হওয়ার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা থাকায় সেই প্রতিশ্রুত সমর্থন পরে আর বাস্তবে মেলেনি। তিনি আরও জানান, ভিতরে ভিতরে ভেঙে পড়লেও, সর্বসমক্ষে তিনি আত্মবিশ্বাসী থাকার চেষ্টাই চালিয়ে গিয়েছেন প্রতিটা মুহূর্তে।

সনিয়া গান্ধী লিখেছেন, 'আমি যখন তাঁদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তখন আমার মনে হচ্ছিল যেন বুক ভেঙে যাচ্ছে। এত বিপুল সংখ্যক সংবাদমাধ্যমের মুখোমুখি আমি সেই প্রথম হয়েছিলাম, পাশে সহকর্মীরা থাকা সত্ত্বেও, আত্মবিশ্বাসী দেখানোটা ছিল অত্যন্ত কষ্টের।' এআইএডিএমকে প্রধান জে জয়ললিতা সমর্থন প্রত্যাহার করে নেওয়ায় সে সময় বিজেপি সরকারের পতন ঘটে। তৎকালীন বৃহত্তম বিরোধী দল কংগ্রেস, একটি বিকল্প সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন আঞ্চলিক ও বামপন্থী দলের সঙ্গে আলোচনা শুরু করে। ৫৪৩ সদস্যবিশিষ্ট লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা ছিল ২৭২।

তিনি এই ব্যর্থ প্রচেষ্টার কারণ হিসেবে আলোচনায় যুক্ত নেতাদের উচ্চাকাঙ্খাকেই দায়ী করেছেন। তিনি লিখেছেন, 'আমি বড্ড তাড়াহুড়ো করে ফেলেছিলাম; আমার একমাত্র লক্ষ্য ছিল ডানপন্থী সরকারকে ক্ষমতাচ্যুত করা।' তাঁর মতে, কংগ্রেস নেতা অর্জুন সিংয়ের 'সতর্ক' পরামর্শ শোনা প্রয়োজন ছিল সেই পরিস্থিতিতে। সঙ্গেই তিনি নিজের ভুল স্বীকার করে লেখান, 'যাই হোক, এটি আমার দিক থেকে একটি ভুল হিসাব ছিল। আমাদের দলটি কিছু ব্যক্তির দেওয়া আশ্বাসের ওপর নির্ভর করেছিল, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা হয়নি।' কংগ্রেস নেত্রী স্মৃতিকথাতেও লিখেছেন, 'আমার চোখে জল চলে এসেছিল এবং আমি বৈঠক থেকে বেরিয়ে আসি। আমি তো আর পদ বা ক্ষমতা দখলের উদ্দেশ্যে রাজনীতিতে আসিনি।'

এই ঘটনার পর সনিয়া গান্ধীকে আরও একটি বড় অভ্যন্তরীণ সঙ্কটের মুখোমুখি হতে হয়েছিল। ১৯৯৯ সালের মে মাসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির তিন সদস্যের কাছ থেকে একটি চিঠি পান তিনি। ওই তিন সদস্যের মধ্যে ছিলেন শরদ পাওয়ার। চিঠিতে প্রশ্ন তোলা হয়েছিল, বিদেশি বংশোদ্ভূত কোনও ব্যক্তি ভারতে উচ্চপদে আসীন হতে পারেন কিনা। কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) একটি বৈঠকে বিষয়টি আবারও উঠে আসে। সেই বৈঠকে বিরোধিতার মুখে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং চোখের জলে বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বলে স্মৃতিচারণ করেছেন সনিয়া গান্ধী। তিনি লিখেছেন, 'আমি পদ ও ক্ষমতা দখল করার জন্য রাজনীতিতে আসিনি।' শেষ পর্যন্ত এই বিরোধ কংগ্রেসের মধ্যে বড় ধরনের ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। শরদ পাওয়ার, পি এ সাংমা এবং তারিক আনোয়ার কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) গঠন করেন। ১৯৯৯ সালে বিকল্প সরকার গঠনে কংগ্রেসের ব্যর্থ প্রচেষ্টার পর নতুন করে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এক মাসব্যাপী নির্বাচনী প্রচারের পর অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বে ২০টি শরিক দলকে নিয়ে গঠিত বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) আবার ক্ষমতায় ফিরে আসে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks