...
...
Next Story

CSK Update: ধোনির অবসরের জল্পনা, বড় সুবিধা পেতে পারে চেন্নাই! ২০২৭-এর নিলামে বাড়বে সিএসকের বাজেট?

১৭ নভেম্বর, মঙ্গলবার আইপিএলের দশটি দল তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার কথা। তার আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত মরসুমে অর্থাৎ ২০২৬ সালের আইপিএলে চেন্নাইয়ের স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলেননি ৪৫ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার।

Published on: Nov 17, 2026, 11:56:53 IST
Advertisement

মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যৎ নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। ২০২৭ সালের আইপিএলে কি আর হলুদ জার্সিতে দেখা যাবে না চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ককে? সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করেননি ধোনি বা সিএসকে কর্তৃপক্ষ। তবে তাঁর সম্ভাব্য অবসর নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেট মহলে। আর ধোনি যদি সত্যিই আইপিএলকে বিদায় জানান, তা হলে বড় আর্থিক সুবিধা পেতে পারে পাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। নিলামে বাড়তে পারে দলের বাজেট। সেই সঙ্গে নতুন করে সাজানো হতে পারে দলের শক্তিও।

ধোনির অবসরের জল্পনা, বড় সুবিধা পেতে পারে চেন্নাই! ২০২৭-এর নিলামে বাড়বে সিএসকের বাজেট? (PTI)
ধোনির অবসরের জল্পনা, বড় সুবিধা পেতে পারে চেন্নাই! ২০২৭-এর নিলামে বাড়বে সিএসকের বাজেট? (PTI)

১৭ নভেম্বর, মঙ্গলবার আইপিএলের দশটি দল তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার কথা। তার আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গত মরসুমে অর্থাৎ ২০২৬ সালের আইপিএলে চেন্নাইয়ের স্কোয়াডে থাকলেও একটিও ম্যাচ খেলেননি ৪৫ বছর বয়সি উইকেটকিপার-ব্যাটার। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। ফলে আগামী মরসুমে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

অবসর নিলে বাড়বে নিলামের অর্থ

হিসাব বলছে, ধোনি অবসর নিলে আর্থিক ভাবে লাভবান হবে চেন্নাই। বর্তমানে তাদের হাতে রয়েছে আনুমানিক ৫.২ কোটি টাকা। আইপিএলের নিলামের অর্থের বার্ষিক ৫ কোটি টাকা বৃদ্ধি এবং ক্রিকেটারদের ট্রেডের হিসাব ধরেই এই অঙ্ক নির্ধারিত হয়েছে। ধোনি অবসর ঘোষণা করলে তাঁর চুক্তির ৪ কোটি টাকা সিএসকের হাতে ফিরে আসবে। ফলে নিলামের আগে দলের মোট অর্থের পরিমাণ দাঁড়াতে পারে ৯.২ কোটি টাকা। এর পরে আরও ক্রিকেটারকে ছেড়ে দিলে সেই অর্থের পরিমাণ বাড়বে।

ধোনি না থাকলেও উইকেটকিপিং নিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হবে না সিএসকেকে। গত মরসুমে দলে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন। তাঁকেই ২০২৭ সালের আইপিএলে উইকেটের পিছনে দেখা যেতে পারে। পাশাপাশি কার্তিক শর্মা এবং উরভিল পটেলের মতো তরুণ ক্রিকেটারও রয়েছেন দলে। তাঁদের ধরে রাখার সম্ভাবনা রয়েছে।

তবে পেস বোলিং বিভাগ নিয়ে চিন্তা রয়েছে চেন্নাইয়ের। খলিল আহমেদ এবং নাথান এলিসকে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ট্রেড করেছে তারা। ফলে ভারতীয় পেসার এবং বিদেশি জোরে বোলার নেওয়ার দিকে নজর থাকবে সিএসকের। নিলামে সেই ঘাটতি পূরণ করতে চাইবে তারা। ধোনির অবসরের ফলে অতিরিক্ত অর্থ হাতে এলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে।

মেন্টর হিসাবে থাকতে পারেন ধোনি

ধোনির অবসর মানেই চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়। মাঠের বাইরে মেন্টর হিসাবে তাঁকে কাজে লাগাতে পারে ফ্র্যাঞ্চাইজি। নতুন প্রধান কোচ জাহির খানের সঙ্গে পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে। উল্লেখ্য, স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সিএসকে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন জাহির। ধোনির পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

ব্যাট হাতে ধোনির আগের সেই ঝলক না থাকলেও তাঁর ক্রিকেটবুদ্ধি এবং ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা এখনও বড় সম্পদ। তাই খেলোয়াড় হিসাবে অবসর নিলেও চেন্নাইয়ের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তিনি। তবে সবটাই নির্ভর করছে ধোনির চূড়ান্ত সিদ্ধান্তের উপর। আপাতত তাঁর অবসরের খবর নিশ্চিত নয়।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks