...
...
Next Story

2019 Easter Sunday attack: ২৭৯ জনের প্রাণহানি! গোয়েন্দা প্রধানের নির্দেশে ভয়াবহ হামলা, বিস্ফোরক শ্রীলঙ্কার মন্ত্রী

2019 Easter Sunday attack: এদিন শ্রীলঙ্কার মন্ত্রী আনন্দ উইজেপালা বলেছেন, হামলায় নির্দেশ দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া মেজর জেনারেল সুরেশ সাল্লে বোমা হামলার জন্য একটি ক্যাথলিক গির্জাকে চিহ্নিত করেছিলেন।

Published on: Jun 10, 2026, 21:27:05 IST
Advertisement

2019 Easter Sunday attack: শ্রীলঙ্কার প্রাক্তন গোয়েন্দা প্রধান ২০১৯ সালের ইস্টার সানডেতে বোমা হামলার নির্দেশ দিয়েছিলেন। বুধবার পার্লামেন্টে এমনই বিস্ফোরক দাবি করলেন শ্রীলঙ্কার জননিরাপত্তা মন্ত্রী। মোট ২৭৯ জনের প্রাণহানি হয়েছিল ওই বোমা হামলায়।

গোয়েন্দা প্রধানের নির্দেশে ভয়াবহ হামলা, বিস্ফোরক শ্রীলঙ্কার মন্ত্রী (সৌজন্যে টুইটার)
গোয়েন্দা প্রধানের নির্দেশে ভয়াবহ হামলা, বিস্ফোরক শ্রীলঙ্কার মন্ত্রী (সৌজন্যে টুইটার)

এদিন মন্ত্রী আনন্দ উইজেপালা বলেছেন, হামলায় নির্দেশ দেওয়ার অভিযোগে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার হওয়া মেজর জেনারেল সুরেশ সাল্লে বোমা হামলার জন্য একটি ক্যাথলিক গির্জাকে চিহ্নিত করেছিলেন। কলম্বোর তিনটি অভিজাত হোটেল, দু’টি রোমান ক্যাথলিক গির্জা এবং কলম্বোর বাইরে একটি ইভানজেলিক্যাল প্রোটেস্ট্যান্ট গির্জায় বোমা হামলা চালানো হয়। সে দেশের জননিরাপত্তা মন্ত্রীর কথায়, 'তদন্তে প্রকাশ পেয়েছে যে, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তুয়ান সুরেশ সাল্লে হামলাগুলো চালানোর আগে পর্যন্ত জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন এবং কৌশলগত ভাবে তাদের নির্দেশ দিয়েছিলেন।' তাঁর সংযোজন, 'হামলার মাত্র তিন সপ্তাহ আগে সাল্লে ঘটনাস্থল ও সমাবেশের বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য জঙ্গিদের সঙ্গে দেখা করেছিলেন।'

তবে সাল্লে তাঁর আইনজীবীর মাধ্যমে এসব অভিযোগে অস্বীকার করেছেন। আনন্দ উইজেপালা জানান, সন্ত্রাসবাদ প্রতিরোধ আইন অনুযায়ী আটক অবস্থায় অনশন শুরু করার পর গত রবিবার সাল্লেকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, রাজধানী কলম্বোতে তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভে নেমেছেন বিরোধী রাজনৈতিক দলের কর্মীরা। সাল্লেকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন করলে আদালতে তাতে সম্মতি দেয়। ২০১৯ সালে রাজাপক্ষে প্রেসিডেন্ট হওয়ার পর সাল্লেকে শ্রীলঙ্কার প্রধান গোয়েন্দা সংস্থা স্টেট ইন্টেলিজেন্স সার্ভিসের (এসআইএস) প্রধান হিসেবে নিয়োগ করা হয়। এসআইএস-এর দায়িত্ব গ্রহণের আগে সামরিক গোয়েন্দা ইউনিটেরও প্রধান ছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের ২১ এপ্রিল শ্রীলঙ্কার চার্চ ও বিলাসবহুল হোটেলগুলিতে চালানো এই ধারাবাহিক হামলায় ভারতীয়-সহ মোট ২৭৯ জন মানুষের মৃত্যু হয়েছিল। ২০২২ সালে তীব্র অর্থনৈতিক সঙ্কটের জেরে গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হওয়া গোতাবায়া রাজাপক্ষে অবশ্য এই হামলার নেপথ্যে কোনও ষড়যন্ত্রের কথা বরাবর অস্বীকার করেছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe