Stock Market: দেশের ৫ রাজ্যে বিধানসভার ভোটগণনায় পালে হাওয়া লেগেছে বিজেপির। প্রাথমিক ট্রেন্ড বলছে, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। আর এই আবহে যুদ্ধের গেরো কাটিয়ে নির্বাচনী হাওয়ায় চাঙ্গা হয়ে উঠল দেশের শেয়ার বাজার। সোমবার সকালে বাজার খুলতেই ৮০০-র বেশি পয়েন্ট বাড়ল সেনসেক্স। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও।

রিপোর্ট বলেছে, সোমবার বাজার খোলার পর পরই ৮৩৩ পয়েন্ট বেড়ে সেনসেক্স ৭৭,৭৪৬.৭৯-তে পৌঁছায়। অন্যদিকে, নিফটি ২৫০ পয়েন্ট বেড়ে ২৪,২৪৫.৮৫-তে পৌঁছয়। একাধিক উত্থান বিরাট উত্থান নজরে এসেছে। শেষ রিপোর্ট অনুযায়ী, সেনসেক্স বেড়েছে প্রায় ৭৭৪ পয়েন্ট বা ১.০১ শতাংশ। ফলে সেনসেক্স ৭৭, ৬৭৩ পয়েন্টে উঠে গিয়েছে। অন্যদিকে, নিফটি৫০ বেড়েছে ২৩৪ বা ০.৯৮ শতাংশ। এর জেরে নিফটি৫০ পৌঁছে গিয়েছে ২৪,২৩১ পয়েন্টে। এই বৃদ্ধির জেরে বম্বে স্টক এক্সচেঞ্জ লিস্টেড স্টকগুলির মার্কেট ক্যাপ ৬ লক্ষ কোটি টাকা বেড়েছে। এদিকে, নিফটি স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্স ১ শতাংশের বেশি বেড়েছে। নিফটি আইটি এবং নিফটি মিডিয়া বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স পজিটিভে রয়েছে। রিয়েলটি, এমএনসি, এফএমসিজি, মেটাল, অটো, ক্যাপিটাল মার্কেট, পিএসইউ ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিসের মতো সেক্টরাল ইনডেক্সের বৃদ্ধি হয়েছে ১ থেকে ২.৫ শতাংশের মধ্যে।
এদিন যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে সেগুলি হল- বেদান্ত লিমিটেড (+৬.৫০ শতাংশ), হিন্দুস্থান ইউনিলিভার (+৪.৬৮শতাংশ), বাজাজ অটো (+৩.২১শতাংশ), জিন্দাল স্টিল (+৩.১৬শতাংশ), আদানি পোর্টের (+৩.০৮শতাংশ) মতো শেয়ারগুলিতে। পাশাপাশি এই ভরা বাজারেও পতন লক্ষ্য করা গিয়েছে কোটাক মহিন্দ্রা (-২.১৩শতাংশ), ওএনজিসি (-২.১২শতাংশ), ভারতী এয়ারটেল (-১.২৯শতাংশ), ড: রেড্ডি ল্যাব (-১.১৯শতাংশ), টিসিএসের (-১.১৫শতাংশ) মতো শেয়ারগুলিতে। বিশেষজ্ঞদের দাবি, ভোটগণনার গেরুয়া ঝড়ের ইঙ্গিতের পাশাপাশি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমায় সবুজ সিগন্যাল দেখা গিয়েছে দালাল স্ট্রিটে। ৫ রাজ্যের ফলাফল প্রকাশ হতেই লগ্নিকারীদের ইনভেস্টের আগ্রহ বাড়িয়েছে। যার প্রতিফলন দেখা গিয়েছে সেনসেক্স, নিফটি৫০-সহ বিভিন্ন ইনডেক্সের গ্রাফে। এছাড়াও যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানো নিয়ে ইরানের সাম্প্রতিক প্রস্তাব নিয়ে পর্যালোচনার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা যুদ্ধ থামার আশা বাড়িয়েছে। এর জেরে জ্বালানি তেলের দামও স্টেবল রয়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।