...
...
Next Story

Muhurat Trading News: দীপাবলির মুহুরত ট্রেডিংয়ে ফিরল না বাজারের ভাগ্য! লগ্নিকারীদের মনে ভরাতে ব্যর্থ সেনসেক্স-নিফটি

Muhurat Trading News: ‘মুহুরত ট্রেডিং’য়ে এই বাজারে লেনদেন হওয়া স্টকের সংখ্যা ছিল ৩,৫৫০। সেগুলির মধ্যে দাম চড়েছে ২,৭১৬টির। এ ছাড়া, ৭৩৬টি শেয়ারের দরে দেখা গিয়েছে পতন। অপরিবর্তিত রয়েছে ৯৮টি স্টক।

Published on: Nov 8, 2026, 18:10:24 IST
Advertisement

Muhurat Trading News: ভাল শুরু করেও হল না শেষরক্ষা। নতুন হিন্দু নববর্ষ সমবাত ২০৮৩-এ ধাক্কা খেল শেয়ার বাজার। দীপাবলি উপলক্ষে রবিবার আয়োজিত বিশেষ 'মুহুরত ট্রেডিং' সেশনে লাল রঙেই বন্ধ হল দেশের দুই প্রধান শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি ৫০। এর ফলে টানা আট বছরের ইতিবাচক মুহুরত ট্রেডিংয়ের রেকর্ড ভেঙে গেল। ২০১৭ সালের পর এই প্রথম দীপাবলির বিশেষ ট্রেডিং সেশন লোকসানে শেষ হল। ফলে দীপাবলির ‘মুহুরত ট্রেডিং’য়ে লাভের মুখ দেখতে না পেয়ে হতাশ লগ্নিকারীরা।

দীপাবলির মুহুরত ট্রেডিংয়ে লগ্নিকারীদের মনে ভরাতে ব্যর্থ সেনসেক্স-নিফটি
দীপাবলির মুহুরত ট্রেডিংয়ে লগ্নিকারীদের মনে ভরাতে ব্যর্থ সেনসেক্স-নিফটি

এদিন ৭০ মিনিটের ‘মুহুরত ট্রেডিং’ বন্ধ হলে দেখা যায় ২৮.৬২ পয়েন্ট নেমেছে সেনসেক্স। বর্তমানে ৮০,৯৯৯.৪০ পয়েন্টে দাঁড়িয়ে আছে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) এই শেয়ারসূচক। শতাংশের নিরিখে এতে পতনের পরিমাণ ০.০৪। এদিন দুপুর ২টো ২০ মিনিটে ‘মুহুরত ট্রেডিং’ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য ২০০ পয়েন্ট ওঠে সেনসেক্স। তার পরেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে এই শেয়ারসূচক। অন্যদিকে, একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এদিন ২৪,৯৮৬.৪০ পয়েন্টে থামে নিফটি ৫০। এনএসই-র এই সূচক নেমেছে ৪৩.৯৫ পয়েন্ট, যেটা ০.১৮ শতাংশ। তবে বড় সংস্থার শেয়ারে পতন থাকলেও তুলনামূলক ভাল পারফর্ম করেছে মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক।

‘মুহুরত ট্রেডিং’য়ে এই বাজারে লেনদেন হওয়া স্টকের সংখ্যা ছিল ৩,৫৫০। সেগুলির মধ্যে দাম চড়েছে ২,৭১৬টির। এ ছাড়া, ৭৩৬টি শেয়ারের দরে দেখা গিয়েছে পতন। অপরিবর্তিত রয়েছে ৯৮টি স্টক। তবে, এ দিনের বিশেষ লেনদেনে মোটের উপর স্থিতিশীল থেকেছে বাজার। ‘মুহুরত ট্রেডিং’ শেষে দেখা যায় ঊর্ধ্বমুখী হয়েছে নিফটি স্মলক্যাপ ২৫০, নিফটি স্মলক্যাপ ৫০০ এবং নিফটি মাইক্রোক্যাপ ২৫০। এই তিন সূচকের বৃদ্ধির পরিমাণ যথাক্রমে ১.১৫ শতাংশ, ১.২২ শতাংশ এবং ১.৪০ শতাংশ। এ ছাড়া, নিফটি মিডক্যাপ ১৫০ ও নিফটি ৫০০ যথাক্রমে ০.২৩ শতাংশ ও ০.১৩ শতাংশ বেড়েছে। এগুলিকে বাদ দিল ‘মুহুরত ট্রেডিং’য়ে নিফটি মিডিয়া ১.৮৪ শতাংশ, নিফটি ফার্মা ১.৭০ শতাংশ এবং নিফটি হেল্থ‌কেয়ার ১.৪৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। বিশেষ লেনদেনে নিম্নমুখী হয় রিয়ালটি এবং সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের শেয়ারের দর। বাজার অস্থিরতার সূচক ‘ইন্ডিয়া ভিআইএক্স’ ৬.০৫ শতাংশ বেড়েছে ১৮.৫২য় পৌঁছেছে। সেনসেক্সের লাভের তালিকায় ছিল সান ফার্মা, টাটা স্টিল, মারুতি সুজুকি, পাওয়ার গ্রিড এবং আদানি পোর্টস। অন্যদিকে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ইন্ডিগো, ট্রেন্ট, ইনফোসিস এবং ভারতী এয়ারটেলের শেয়ারে পতন দেখা গিয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks