...
...
Next Story

Ranchi Student Protest: ফের ছাত্র আন্দোলনের ঝড়! ঝাড়খণ্ডে অনশনে ছাত্রনেতা, সমর্থন আরশোলা'দের

Ranchi Student Protest: প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো রবিবার রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন।

Published on: Aug 3, 2026, 11:42:47 IST
Advertisement

Ranchi Student Protest: চাকরির পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। চাকরিপ্রার্থীরা ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবি তুলেছেন। এই দাবিতে রাঁচির জয়পাল সিংমুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্ট কালের অনশন শুরু করেছেন ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো। ইতিমধ্যে আন্দোলনটিকে সমর্থন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তার পরেই আরও জোরদার হয়েছে বিক্ষোভ।

ফের ছাত্র আন্দোলনের ঝড়! (সৌজন্যে টুইটার)
ফের ছাত্র আন্দোলনের ঝড়! (সৌজন্যে টুইটার)

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগে প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো রবিবার রাঁচির জয়পাল সিং মুণ্ডা স্টেডিয়ামে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং প্রশাসনিক গাফিলতির মতো যেসব ঘটনার অভিযোগ উঠেছে, তার জের ধরেই এই বিক্ষোভের সূত্রপাত। শিক্ষার্থীদের মতে, এসব ঘটনা বারবার তাঁদের কেরিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে।

ঝাড়খণ্ডের ছাত্র-আন্দোলন ও অনশন

সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার সময় দেবেন্দ্রনাথ মাহাতো আন্দোলনের সময়ক্রম তুলে ধরেন এবং জানান যে, গত মাসে ১৪ তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণার পরই এই আন্দোলনের সূচনা হয়েছিল। বার্তা সংবাদ এএনআই-কে তিনি বলেন, 'ঠিক এক মাস আগে, অর্থাৎ গত মাসের ২ তারিখে ১৪ তম প্রিলিমিনারি টেস্টের (পিটি) ফলাফল ঘোষণার মধ্য দিয়েই এই বিতর্কের সূত্রপাত হয়েছিল। আমরা ৫ জুলাই এই আন্দোলন শুরু করেছিলাম, ৭ জুলাই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছিলাম এবং ৮ জুলাই কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানানো হয়। এরপর ২০ জুলাই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রমাণ জমা দিই, যার ফলে সরকারি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।'

অন্যদিকে আন্দোলনকারীদের দাবি, প্রশাসনিক গাফিলতির কারণে বার বার চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে তাঁদের এই আন্দোলন। জেপিএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত ৯ দিন ধরে রাঁচিতে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। রবিবার আন্দোলনের অংশ হিসেবে মশাল মিছিলও করেন তাঁরা। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, সরকার দ্রুত পদক্ষেপ না করলে আগামী দিনে ঝাড়খণ্ডের ২৪টি জেলায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ছাত্রদের প্রধান দাবি, বিতর্কিত জেপিএসসি পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করাতে হবে। অন্যদিকে, এই মামলার তদন্তে ইতিমধ্যেই ঝাড়খণ্ড সিআইডি ১১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে তদন্তের পাশাপাশি আন্দোলনও জারি থাকবে বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন বিক্ষোভকারী পড়ুয়ারা।

সিজেপি-র সমর্থন

রাঁচিতে টানা ৯ দিন ধরে অবস্থান-বিক্ষোভে সামিল আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে সরাসরি কথা বলেছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি ঘোষণা করেন, ছাত্রদের দাবি আদায়ের লড়াইয়ে তাঁদের পাশে থাকবে তাঁর সংগঠন। রবিবার এক্স-এ একটি ভিডিও পোস্ট করেন অভিজিৎ দীপকে। সেই পোস্টে তিনি জানান, ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি-র নিয়োগ প্রক্রিয়া নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা নিয়ে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, আন্দোলনকারীদের ন্যায্য দাবির প্রতি সিজেপি-র পূর্ণ সমর্থন রয়েছে। ভিডিওতে দেখা যায়, আন্দোলনে অংশ নেওয়া এক ছাত্রী অভিজিৎ দীপকের কাছে সহযোগিতার আবেদন জানাচ্ছেন।

তাঁর বক্তব্য, দিল্লির জন্তর মন্তরে আন্দোলনের সময় সিজেপি যেভাবে আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল, তেমনই ঝাড়খণ্ডের ছাত্রদের আন্দোলনেও সংগঠনটির সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা। এর জবাবে অভিজিৎ দীপকে বলেন, ঝাড়খণ্ডে যে সমস্ত ছাত্র আন্দোলন করছেন, তাঁদের পাশে সিজেপি সম্পূর্ণভাবে রয়েছে। আন্দোলনকে আরও শক্তিশালী করতে যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, তা দেওয়ার আশ্বাসও দেন তিনি। পাশাপাশি, ছাত্রদের সমস্ত দাবিকে সমর্থনের কথাও জানান এবং সেই দাবিগুলি সংশ্লিষ্ট মহলেও তুলে ধরার প্রতিশ্রুতি দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks