Bilkis Bano Case: ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের মামলায় দোষী সাব্যস্ত দুই ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা স্থগিত রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকার বিষয়টি বিবেচনা করে বিপিনচন্দ্র কানাইয়ালাল যোশী এবং প্রদীপ রমনলাল মোদিয়া নামের দুই আসামিকে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে শীর্ষ আদালত।

২০১৭ সালে বম্বে হাইকোর্ট এই মামলায় দোষী সাব্যস্তকরণ এবং যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছিল। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই দুই আসামি। গত ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টে বিচারপতি এমএম সুন্দ্রেশ ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চে বিলকিস বানোর মামলার শুনানি চলছিল। সেই শুনানিতে বিচারপতিরা দুই আসামিকে ট্রায়াল কোর্টের শর্ত সাপেক্ষে জামিন দেন। শীর্ষ আদালতের নির্দেশে উল্লেখ করা হয় যে ওই দুই আসামি ১৭ বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন। এদের মধ্যে একজন শারীরিকভাবে অক্ষম। শুনানিতে তাঁদের আইনজীবীরা সওয়াল করেন, ঘটনার প্রায় তিন বছর পর তাঁদের গ্রেফতার করা হলেও ইতিমধ্যেই তাঁরা ১৭ বছরের বেশি সময় কারাগারে কাটিয়ে ফেলেছেন।
শীর্ষ আদালত জানায়, তাঁদের আপিল সংক্রান্ত তথ্য ও আইনি দিকগুলি এখনও চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। সেই কারণেই আপাতত নিম্ন আদালতের শর্তসাপেক্ষে তাঁদের জামিনে মুক্তির নির্দেশ দেওয়া হল। সুপ্রিম কোর্টের বেঞ্চ আরও উল্লেখ করে যে দুইজন আসামির মধ্যে একজনের নাম এফআইআরে ছিল না। ঘটনার প্রায় তিন বছর পর তাঁর নাম যুক্ত করা হয়। ২০২২ সালের অগাস্টে গুজরাট সরকার এই মামলায় দোষী সাব্যস্ত ১১ জনেরই সাজা মকুব করে আগাম মুক্তির অনুমতি দিয়েছিল। এই দুই ব্যক্তি সেই ১১ জনেরই অন্যতম। তাঁদের মালা পরিয়ে সংবর্ধনা দিতে দেখা যায় বিশ্ব হিন্দু পরিষদকে। যা নিয়ে তুমুল বিতর্কও হয়। তবে ২০২৪ সালের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের সেই সাজা মকুবের সিদ্ধান্ত খারিজ করে দেয়। পাশাপাশি, মুক্তি পাওয়া ১১ জন দোষীকে ফের কারাগারে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ এবং তাঁর পরিবারের ৭ সদস্যকে খুনের ঘটনায় মোট ১১ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।