...
...
Next Story

Mohammed Siraj: সিরাজকে বাদ দিয়ে বিপাকে ভারত? নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াতেই মুখ খুললেন ব্যাটিং কোচ কোটাক

Mohammed Siraj: একটা সময়ে ৭০-৫ স্কোরে ধুঁকছিল কিউয়িরা। তবে বল পুরনো ও নরম হতেই ছবিটা বদলে যায়। ৭০ রানে ৫ উইকেট হারানোর পর অবিচ্ছেদ্য ১৩৭ রানের জুটিতে নিউজিল্যান্ডকে টেনে তোলেন হেনরি নিকোলস (অপরাজিত ৯৫) ও গ্লেন ফিলিপস (অপরাজিত ৭৬)।

Published on: Nov 19, 2026, 13:54:50 IST
Advertisement

Mohammed Siraj: ইঙ্গিত আগে থেকেই ছিল। সেটাই সত্যি হল। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের (India) প্রথম একাদশে জায়গা হয়নি মহম্মদ সিরাজের (Mohammed Siraj)। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবে খেলার পর এবার তাঁকে বসিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। পরিবর্তে সুযোগ পেয়েছেন অংশুল কম্বোজ, চোট সারিয়ে ফেরা আকাশদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। শুধু মহম্মদ সিরাজ নন, প্রথম টেস্টে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও (Ravindra Jadeja)। ভারতীয় ক্রিকেটে এই দুই তারকার জায়গা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিতর্কের মাঝেই মহম্মদ সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক।

মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজ

সাংবাদিক সম্মেলনে সীতাংশু কোটাক জানান, মহম্মদ সিরাজের পারফরম্যান্সে কোনও সমস্যা নেই। তবে পরিস্থিতি বিচার করে সেরা একাদশ বেছে নেওয়া হয়েছে। বরং পেস অ্যাটাকে ভারসাম্য বজায় রাখার প্রসঙ্গ টানেন তিনি। কোটাকের কথায়, ‘দলে এমন দু’জন বোলারকে নেওয়া হয়েছে, যাঁরা বল সুইং করাতে দক্ষ। বাকি দু’জন ভালো সিম বোলিং করতে পারেন এবং গতিও রয়েছে। পরিস্থিতি বিচার করে এই বোলিং কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে।’ অবশ্য কোটাকের এই যুক্তি মানতে নারাজ বিশেষজ্ঞদের একাংশ। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণর পাশেও দাঁড়িয়েছেন ভারতের ব্যাটিং কোচ। তাঁর মতে, কর্ণাটকের এই পেসার একজন আক্রমণাত্মক বিকল্প, যিনি উইকেট নেওয়ার চেষ্টায় রান খরচ করতে পারেন। কোটাক বলেন, 'প্রসিদ্ধ একজন আক্রমণাত্মক বোলার এবং ও রান দিতে পারে। ও উইকেট নিলে মানুষ পছন্দ করে, আর রান দিলে পছন্দ করে না।'

বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে পেসারদের মধ্যে ভারতের প্রথম ভরসা যদি জশপ্রীত বুমরা হন, দ্বিতীয় নামটা অবশ্যই মহম্মদ সিরাজ। বুমরার অনুপস্থিতিতে বহুবার ভারতের পেস অ্যাটাককে একার কাঁধে টেনে গিয়েছেন তিনি। ওয়ার্কলোডের জন্য বিশ্রামও পাননি। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেই সিরাজকেই দলে রাখেনি ভারত। তার ফলও ভুগতে হলো। একটা সময়ে ৭০-৫ স্কোরে ধুঁকছিল কিউয়িরা। তবে বল পুরনো ও নরম হতেই ছবিটা বদলে যায়। ৭০ রানে ৫ উইকেট হারানোর পর অবিচ্ছেদ্য ১৩৭ রানের জুটিতে নিউজিল্যান্ডকে টেনে তোলেন হেনরি নিকোলস (অপরাজিত ৯৫) ও গ্লেন ফিলিপস (অপরাজিত ৭৬)। ১০০ বলে অর্ধশতরান পূর্ণ করেন নিকোলস, ফিলিপসের পঞ্চাশ আসে ৭৩ বলে। ৩০ ওভারে ফিলিপসের বিরুদ্ধে এলবিডব্লিউ-র রিভিউ নাকচ হওয়ায় আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান গিল। এরপর আর উইকেট মেলেনি। প্রথম দিনের শেষে নিউজিল্যান্ড-এর স্কোর ২৪৩-৫। প্রথম দশ ওভারেই ৪০ রান বিলিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ।তিন উইকেট নিয়ে একাই লড়েছেন বুমরা। আপাতত পুরনো বলে উইকেট তোলার কারিগর সিরাজের (Test Cricket) অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks