...
...
Next Story

Seattle Diwali Celebration: সিয়াটেলে দীপাবলি উৎসবে বর্ণবিদ্বেষী আক্রমণ! তীব্র নিন্দা মার্কিন আইনপ্রণেতাদের

Seattle Diwali Celebration: এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বহু মার্কিনিরাও। মার্কিন কংগ্রেসের সদস্য তথা ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী প্রমিলা জয়পাল গোটা ঘটনাকে ‘ঘৃণ্য’ ও ‘বর্ণবিদ্বেষী’ বলে অভিহিত করেছেন তিনি।

Published on: Nov 8, 2026, 22:00:10 IST
Advertisement

Seattle Diwali Celebration: মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল (Seattle) শহরে আলোর উৎসব দীপাবলির আনন্দ মাটি করার চেষ্টা চালাল উগ্র ও কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী তথা ডোনাল্ড ট্রাম্প সমর্থনকারী ‘মাগা’-র (মেক আমেরিকা গ্রেট এগেইন) কর্মীরা। শনিবার সিয়াটেল সেন্টার আর্মরিতে যখন প্রবাসী ভারতীয় ও স্থানীয় পরিবারগুলি একত্রিত হয়ে উৎসব উদযাপনে ব্যস্ত, ঠিক তখনই বর্ণবিদ্বেষী ও হিন্দুবিদ্বেষী প্ল্যাকার্ড নিয়ে সেখানে হাজির হয় একদল কট্টর দক্ষিণপন্থী গোষ্ঠী। এই ঘটনায় মার্কিন রাজনীতি ও প্রবাসী ভারতীয় মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সিয়াটেলে দীপাবলি উৎসবে বর্ণবিদ্বেষী আক্রমণ! তীব্র নিন্দা মার্কিন আইনপ্রণেতাদের (সৌজন্যে এক্স )
সিয়াটেলে দীপাবলি উৎসবে বর্ণবিদ্বেষী আক্রমণ! তীব্র নিন্দা মার্কিন আইনপ্রণেতাদের (সৌজন্যে এক্স )

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সিয়াটেল সেন্টার আর্মরিতে যখন জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশন চলছিল, ঠিক সেই সময়ই সেখানে প্রবেশ করে জেক ল্যাং (Jake Lang) নামের দুই পরিচিত রক্ষণশীল ও উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলিতে লেখা ছিল অত্যন্ত আপত্তিকর ও বর্ণবিদ্বেষী স্লোগান— 'ডিপোর্ট অল ডট হেডস' (Deport All Dot Heads) এবং 'স্টপ হিন্দু রিপ্লেসমেন্ট অব ক্রিশ্চিয়ানস' (Stop Hindu Replacement of Christians)। এই কদর্য স্লোগান ও প্ল্যাকার্ড দেখে অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও আয়োজকরা প্রতিবাদে ফেটে পড়েন। তীব্র উত্তেজনার সৃষ্টি হলে আয়োজক ও উপস্থিত জনতা তাদের জোরালোভাবে বাধা দেন এবং শেষ পর্যন্ত ওই বিক্ষোভকারীদের নিরাপত্তা কর্মীদের সহায়তায় অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।

ঘটনার পরেই ‘এক্স’-এ সেই বিশৃঙ্খলার ছবি পোস্ট করে হিন্দুদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেন ল্যাং। টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়ের নেপথ্যে হিন্দুরাই দায়ী বলে অভিযোগ তোলেন তিনি। নিজের পোস্টে ল্যাং লেখেন, 'সিয়াটলের দীপাবলি উৎসবে ডজনখানেক অ্যান্টিফা (বামপন্থী ফ্যাসিবাদ-বিরোধী গোষ্ঠী) এবং হিন্দুরা আমাদের উপরে চড়াও হয়েছিল! আমার ধারণা, আমাদের প্ল্যাকার্ড ওদের পছন্দ হয়নি! হিন্দুরাই টেক্সাসকে ‘নীল’ (ডেমোক্র্যাটদের রঙ) করেছে।' ‘হোয়াইট রিপ্লেসমেন্ট’ নামে একটি সংগঠনের প্রধান এই জেক ল্যাং ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার অন্যতম অভিযুক্ত ছিলেন। সেই ঘটনায় চার বছর জেল খাটার পর ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই তাঁকে ক্ষমা (পার্ডন) করে দেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks