Varanasi Airport Shooting: সাংঘাতিক-কাণ্ড! রবিবার বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে (Varanasi Airport) চেকিংয়ের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক যাত্রীর কাছে থাকা পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি চলার ঘটনায় দু’জন কর্মী গুরুতর আহত হয়েছেন। আর এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আজমগড়ের বাসিন্দা ওই যাত্রী তাঁর স্ত্রীর সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ( Air India Express) আইএক্স-১৮১০ (IX-1810)-এ করে মুম্বই যাচ্ছিলেন। তাঁর কাছে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন ছিল এবং নিয়ম অনুযায়ী, বিমানে ওঠার আগেই তিনি অস্ত্র থাকার বিষয়টি ঘোষণা করেছিলেন। বারাণসী বিমানবন্দরের ডিরেক্টর পুনীত গুপ্তা (Puneet Gupta) জানিয়েছেন, যখন নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তির অস্ত্র এবং প্রয়োজনীয় নথি পরীক্ষা করছিলেন, ঠিক তখনই আচমকা রিভলভার থেকে এক রাউন্ড গুলি ছিটকে বের হয়। তিনি জানান, অস্ত্র ও নথিপত্র যাচাইয়ের সময় অস্ত্রের মালিক এবং বিমানবন্দরের কর্মী-উভয়েই সেখানে উপস্থিত ছিলেন।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি প্রথমে মেঝেকে আঘাত করে এবং তারপর রিফ্লেক্ট হয়ে পাশে দাঁড়িয়ে থাকা দুই বিমানবন্দর কর্মীর গায়ে লাগে। এই দুর্ঘটনায় এক মহিলা কর্মীর উরুতে এবং এক পুরুষ কর্মীর হাতে গুলি লাগে। পুনীত গুপ্তা বলেন, 'আজ সকাল সাড়ে ৯টার দিকে, ফ্লাইট আইএক্স-১৮১০-এ মুম্বাইগামী এক যাত্রী তাঁর স্ত্রীর সঙ্গে ভ্রমণের সময় বিমানে অস্ত্র থাকার বিষয়টি ঘোষণা করেন। অস্ত্র পরীক্ষার সময় দুর্ঘটনাবশত একটি গুলি ছিটকে এএআইসিএলএএস (AAICLAS)-এর দু'জন স্ক্রিনার আহত হন। তাঁদের দু'জনকে চিকিৎসার জন্য নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তদন্ত চলছে।' তিনি আরও জানান, আহত দুই কর্মীর অবস্থাই স্থিতিশীল এবং তাঁদের চিকিৎসা চলছে। এদিকে, ঘটনার পরপরই বিমানবন্দরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। কীভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটল, বা আগ্নেয়াস্ত্রটিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে (Airport Security)। বারাণসী বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে।