...
...
Next Story

Air India: শেষ মুহূর্তে নজরে এল ATC-র! মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান, তারপর যা ঘটল...

Air India: সাধারণত, ‘টেক-অফ রান’ বলতে উড়ানের জন্য প্রয়োজনীয় গতি অর্জনের আগে রানওয়ের উপর দিয়ে বিমানের দ্রুতগতিতে ছুটতে শুরু করাকে বোঝানো হয়। ফলে বিমানটি ঠিক কতটা গতি তুলেছিল বা দুই বিমানের মধ্যে দূরত্ব কতটা ছিল, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনও সামনে আসেনি।

Published on: Jul 8, 2026, 12:16:31 IST
Advertisement

Air India: বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা। মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে এক্কেবারে মুখোমুখি এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুই বিমান। শেষ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি-র নির্দেশে টেক-অফ রান শুরু করেও থেমে যায় দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি। ফলে এড়ানো সম্ভব হয় সম্ভাব্য বিপর্যয়। এই বিমান নির্দিষ্ট সময় থামানো না-গেলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারত, বলাই বাহুল্য।

মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান (HT_PRINT)
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান (HT_PRINT)

সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, মঙ্গলবার রাত প্রায় ১০টা নাগাদ ঘটনাটি ঘটে মুম্বই বিমানবন্দরে। মুম্বই থেকে দিল্লি রওনা দেওয়ার জন্য রানওয়েতে ঢুকে পড়েছিল এয়ার ইন্ডিয়ার এআই৮১৬ বিমানটি। অন্যদিকে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এআইএক্স১৫৪৭ উড়ানটি তখন সবে শিলিগুড়ি থেকে এসে মুম্বই বিমানবন্দরে অবতরণ করেছিল। যে রানওয়েতে শিলিগুড়ি থেকে আসা বিমানটি অবতরণ করেছিল, সেই রানওয়ে ধরেই এগিয়ে আসছিল দিল্লিগামী বিমানটি। শিলিগুড়ি থেকে আসা বিমানটি রানওয়ে খালি না করলেও সেই রানওয়েতে ঢুকে পড়ে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি। দুই বিমান একই রানওয়েতে বিপজ্জনক অবস্থানে চলে আসায় এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্রুত দিল্লিগামী বিমানটিকে টেক-অফ বাতিল করার নির্দেশ দেয়। সেই নির্দেশ পাওয়ার পরই বিমানটির পাইলট ‘টেক-অফ রান’ বন্ধ করেন। এরপর বিমানটি ফিরে যায় নির্ধারিত বে-তে।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ কী বলেছে?

এয়ার ইন্ডিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, '৭ জুলাই মুম্বই থেকে দিল্লিগামী এআই৮১৬ উড়ানের পাইলটরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ পাওয়ার পর টেক-অফ রান বন্ধ করেন এবং বিমানটিকে ফের বে-তে নিয়ে যান।' সাধারণত, ‘টেক-অফ রান’ বলতে উড়ানের জন্য প্রয়োজনীয় গতি অর্জনের আগে রানওয়ের উপর দিয়ে বিমানের দ্রুতগতিতে ছুটতে শুরু করাকে বোঝানো হয়। ফলে বিমানটি ঠিক কতটা গতি তুলেছিল বা দুই বিমানের মধ্যে দূরত্ব কতটা ছিল, সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য এখনও সামনে আসেনি। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুযায়ী বিমানটির প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। যাত্রীদের যত দ্রুত সম্ভব গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ব্যবস্থাও করা হচ্ছে। তবে ঘটনার সময় দুই বিমানে মোট কতজন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন, তা এখনও জানা যায়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks