...
...
Next Story

U19 Asia Cup: দীপাবলির দিন গালিগালাজ করেছিল পাকিস্তান! এশিয়া কাপ জয়ের পর আগ্রাসী উদ্‌যাপনের কারণ জানালেন যশবীর গৌড়

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ক্রিকেটমহলে। মাঠের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে গিয়ে ভারতীয় দলের সদস্যদের চিৎকার ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এই আচরণের সমালোচনা করেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার।

Published on: Nov 16, 2026, 08:38:09 IST
Advertisement

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসী উদ্‌যাপন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে ক্রিকেটমহলে। মাঠের মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের সামনে গিয়ে ভারতীয় দলের সদস্যদের চিৎকার ও অঙ্গভঙ্গি করতে দেখা যায়। এই আচরণের সমালোচনা করেছেন পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার। এমনকী ক্রিকেটের চেতনা ও খেলোয়াড়সুলভ আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। কিন্তু কেন এমন আগ্রাসী উদ্‌যাপন করেছিলেন ভারতের তরুণ ক্রিকেটাররা? এবার সেই কারণ সামনে আনলেন যশবীর গৌড়। তাঁর দাবি, ফাইনালের আগে দীপাবলির দিন পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের গালিগালাজ শুনতে হয়েছিল। সেই ঘটনারই জবাব দিয়েছিলেন তাঁরা এশিয়া কাপ জয়ের পর।

দীপাবলির দিন গালিগালাজ করেছিল পাকিস্তান! এশিয়া কাপ জয়ের পর আগ্রাসী উদ্‌যাপনের কারণ জানালেন যশবীর গৌড়
দীপাবলির দিন গালিগালাজ করেছিল পাকিস্তান! এশিয়া কাপ জয়ের পর আগ্রাসী উদ্‌যাপনের কারণ জানালেন যশবীর গৌড়

প্রতিবেদন অনুযায়ী, গত ১৪ নভেম্বর ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচে এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল ভারতীয় যুব দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান তোলে। জবাবে ৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দলের ব্যাটিং বিপর্যয় ঘটে। একটা সময় মাত্র ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে কার্যত হারের মুখে দাঁড়িয়েছিল দল।

কিন্তু সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মানাল চৌহান ও মহিত উলভা। নবম উইকেটে তাঁদের গুরুত্বপূর্ণ জুটি ভারতকে জয়ের স্বপ্ন দেখায়। মানাল ৩২ বলে ৪৭ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন মহিত। মাত্র ২৬ বলে ৪৯ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। শেষ বলে তিন রান দরকার থাকতেই বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে এক উইকেটে জয় এনে দেন মহিত। এর ফলে রেকর্ড নবমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জেতে ভারত।

যশবীর গৌড় স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে জানান, এই উদ্‌যাপনের পিছনে রয়েছে দীপাবলির দিনের একটি ঘটনা। ফাইনালের আগে গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে পাকিস্তান তিন উইকেটে জয়লাভ করে। যশবীরের দাবি, ম্যাচ চলাকালীন এবং জয়ের পর পাকিস্তানি ক্রিকেটারদের কাছ থেকে ভারতীয় খেলোয়াড়দের গালিগালাজ শুনতে হয়েছিল। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় সেদিন তাঁরা কোনও প্রতিক্রিয়া দেখাননি।

যশবীরের কথায়, দীপাবলির দিন ম্যাচ হারার পর দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। এমনকী গালিগালাজও হয়েছিল। কিন্তু হারের পরে ভারতীয় ক্রিকেটাররা চুপ করে ছিলেন। তাঁদের লক্ষ্য ছিল ফাইনালে ভালো পারফরম্যান্স করে নিজেদের সামর্থ্য প্রমাণ করা এবং ভারত কী করতে পারে, তা দেখিয়ে দেওয়া।

তিনি আরও জানান, ফাইনালে জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা মূলত আগের ঘটনারই প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এতদিন যে আবেগ তাঁরা চেপে রেখেছিলেন, শিরোপা জয়ের মুহূর্তে তা প্রকাশ্যে চলে আসে। ভারতীয় জার্সি পরে দেশের হয়ে এই সাফল্য অর্জন করার অনুভূতিও তাঁদের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছিল।

সব মিলিয়ে, ভারতীয় যুব দলের আগ্রাসী উদ্‌যাপনের পিছনে শুধুমাত্র ফাইনালের জয় নয়, গ্রুপ পর্বের ম্যাচে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনারও ভূমিকা ছিল বলে দাবি যশবীর গৌড়ের। তবে এই ঘটনা নতুন করে ভারত-পাকিস্তান ক্রিকেটের মাঠের বাইরের উত্তেজনা এবং খেলোয়াড়সুলভ আচরণ নিয়ে বিতর্ক উসকে দিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks