ইরান যুদ্ধের মাঝে চাপে পাকিস্তান। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে ৩.৫ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করার জন্য বলল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত 'ব্যালেন্স অব পেমেন্টস' স্থিতিশীল রাখতে পাকিস্তানকে এই ঋণ পরিশোধ করতে বলা হয়েছে। এর আগে সংযুক্ত আরব আমিরাত বারংবার ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে চলেছিল। সূত্র উদ্ধৃত করে 'জিও নিউজ' জানিয়েছে, এই বিপুল পরিমাণ অর্থ 'নিরাপদ আমানত' হিসেবে স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তানের কাছে রাখা হয়েছিল। পাকিস্তান এই মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতকে ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেবে।
বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ২১ বিলিয়ন ডলার রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ছাড়াও পাকিস্তানের মাথায় এখন সৌদি আরবের ৫ বিলিয়ন ডলারের ধার রয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সামরিক চুক্তির জেরে সংযুক্ত আরব আমিরাত বিরক্ত। সৌদি-পাক চুক্তির পরই ভারতের সঙ্গে চুক্তি করেছিল সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, সৌদির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্ক সাম্প্রতিক সময়ে খারাপ হয়েছিল। এদিকে প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদিকে সাহায্য করছে না পাকিস্তান। তা নিয়ে সৌদিও বিরক্ত পাকিস্তানের ওপর।
এদিকে ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হতে চেয়েছিল পাকিস্তান। এই মর্মে গত ২৯ মার্চ তুরস্ক, মিশর ও সৌদি আরবের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিল পাকিস্তান। সেই বৈঠকে অনুপস্থিত ছিল না সংযুক্ত আরব আমিরাত। পরে চিনের সঙ্গেও বৈঠক করেছিল পাকিস্তান। তবে পাকিস্তানের মধ্যস্থতার সেই প্রচেষ্টা পুরোপুরি বিফল হয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। এর আগে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল, পাকিস্তানের মধ্যস্থতা তারা মানবে না। এই আবহে ৩ এপ্রিল ইরানের তরফ থেকে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের জানিয়ে দেওয়া হয়, আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে ইচ্ছুক নয়।