Uttar Pradesh Assembly Election: উত্তরাখণ্ডের হাত ধরে দেশে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছিল। এরপর একে একে আরও তিনটি বিজেপি-শাসিত রাজ্যে ইউসিসি বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ-সহ আরও চারটি রাজ্যেও এই বিধি চালুর প্রস্তুতি চলছে। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে উত্তরপ্রদেশও। শুক্রবার রাজ্যের একটি কর্মসূচিতে যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ফের ক্ষমতায় ফিরলে উত্তরপ্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। অর্থাৎ নির্বাচনে জয়ী হলে ইউসিসি চালুর প্রতিশ্রুতিই দিলেন অমিত শাহ।

আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এখন থেকেই এই নির্বাচন নিয়ে রোডম্যাপ করতে শুরু করেছে বিজেপি। সেই লক্ষ্য নিয়েই শুক্রবার লখনউয়ের রাম মনোহর জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক দিনের রাজ্য কার্যনির্বাহী বৈঠকের আয়োজন করে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশ বিজেপির প্রায় ২ হাজার ৮৫০ জন সদস্য এই মেগা বৈঠকে উপস্থিত ছিলেন। দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সব শাখা সংগঠনের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। অমিত শাহর পাশাপাশি বৈঠকে ভাষন দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই বৈঠকেই অমিত শাহ বলেন, ‘ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে লাগু হয়ে গিয়েছে ইউসিসি (Uniform Civil Code)। উত্তরপ্রদেশে বিজেপি সরকার ফের ক্ষমতায় এলেই এখানেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে।’
শুধু তা-ই নয়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে নিশানাও করেছেন অমিত শাহ। এ-ও ভবিষ্যদ্বাণী করেন, আগামী ৩০ বছর উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরতে পারবেন না অখিলেশেরা। এসপি প্রধানকে নিশানা করে অমিত শাহ বলেন, ‘জনগণ আপনাদের তৃতীয় প্রজন্মকেও ক্ষমা করবে না।’ একই সঙ্গে অমিত শাহের দাবি, এই নিয়ে টানা তিন বার উত্তরপ্রদেশে সরকার গঠন করবে বিজেপি। এদিন বৈঠকের শুরুতেই রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী আসন্ন লড়াইকে ‘বিনাশ বনাম বিকাশ’ এবং ‘জাতিবাদ বনাম জাতীয়তাবাদ’-এর চূড়ান্ত লড়াই বলে অভিহিত করেন। বিরোধীদের তীব্র আক্রমণ করে পঙ্কজ চৌধুরী বলেন, 'বিরোধীদের কোনও নীতি বা নেতা নেই।' নীতিগত বা জনস্বার্থের ইস্যু নিয়ে আলোচনার বদলে বিরোধীরা কেবল বিভ্রান্তি তৈরি ও ভিত্তিহীন অভিযোগ তুলছে বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, উত্তরপ্রদেশে ইউসিসি চালুর প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন অখিলেশ যাদব। নাম না করে অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘স্যার, আপনার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিজেপি-কে হারাতে পথে বেরিয়ে আসবেন জনগণ।’ ‘ভোট চুরি’ নিয়ে বিরোধীদের অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন অমিত শাহ। তাঁর কটাক্ষ, ‘ম্যাচ হেরে যাওয়ার পর আম্পায়ারকে দোষারোপ করার মতো অবস্থা।’ সেই প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, ‘বক্তৃতা করে জয়-পরাজয় নির্ধারণ হয় না। সাধারণ মানুষই নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
{{/usCountry}}অন্যদিকে, উত্তরপ্রদেশে ইউসিসি চালুর প্রতিশ্রুতিকে কটাক্ষ করেছেন অখিলেশ যাদব। নাম না করে অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, ‘স্যার, আপনার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে। নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বিজেপি-কে হারাতে পথে বেরিয়ে আসবেন জনগণ।’ ‘ভোট চুরি’ নিয়ে বিরোধীদের অভিযোগকে চ্যালেঞ্জ করেছেন অমিত শাহ। তাঁর কটাক্ষ, ‘ম্যাচ হেরে যাওয়ার পর আম্পায়ারকে দোষারোপ করার মতো অবস্থা।’ সেই প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, ‘বক্তৃতা করে জয়-পরাজয় নির্ধারণ হয় না। সাধারণ মানুষই নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।’
{{/usCountry}}