...
...
Next Story

Indian Origin MP in UK: ব্রিটেনের প্রথম ‘এআই’ মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত MP, কে এই কণিষ্ক নারায়ণ?

Indian Origin MP in UK: ভারতেই জন্ম কণিষ্ক নারায়ণের। ছোটবেলার লেখাপড়া বিহারের মুজফফরপুরেই। ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে ব্রিটেনের কার্ডিফে চলে যান। সেখানেই বাকি পড়াশোনা শেষ করেন।

Published on: Jul 21, 2026, 23:09:19 IST
Advertisement

Indian Origin MP in UK: প্রথমবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (এআই) বিষয়ে একজন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ব্রিটেন। আর সেই দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ওয়েলসের লেবার পার্টির এমপি কণিষ্ক নারায়ণ। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম সোমবার তাঁর নতুন মন্ত্রিসভায় এআই ও ডিজিটাল নীতিকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছেন। এর অংশ হিসেবে এআই মন্ত্রীর পদটিকে প্রথমবারের মত পূর্ণাঙ্গ ‘ক্যাবিনেট মন্ত্রীর’ মর্যাদায় উন্নীত করা হয়েছে।

ব্রিটেনের প্রথম ‘এআই’ মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত কণিষ্ক নারায়ণ (Bloomberg)
ব্রিটেনের প্রথম ‘এআই’ মন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত কণিষ্ক নারায়ণ (Bloomberg)

এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারের অধীনে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এআই ও অনলাইন নিরাপত্তাবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন কণিষ্ক নারায়ণ। তখন তিনি প্রযুক্তি বিভাগের একজন জুনিয়র মন্ত্রী ছিলেন। ওয়েলসের ‘ভেল অব গ্ল্যামারগন’ আসনের এমপি কণিষ্ক নারায়ণ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জিতে হাউস অব কমন্সের সদস্য হন। এর মাধ্যমে ওয়েলসের ইতিহাসে প্রথম সংখ্যালঘু জাতিগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে এমপি নির্বাচিত হওয়ার ইতিহাস গড়েন লেবার পার্টির এই রাজনীতিবিদ।

কে এই কণিষ্ক নারায়ণ?

ভারতেই জন্ম কণিষ্ক নারায়ণের। ছোটবেলার লেখাপড়া বিহারের মুজফফরপুরেই। ১২ বছর বয়সে পরিবারের সঙ্গে ব্রিটেনের কার্ডিফে চলে যান। সেখানেই বাকি পড়াশোনা শেষ করেন। লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে (পিপিই) স্নাতক ডিগ্রি নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রকের ‘পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি’ হিসেবে দায়িত্ব পালন করেন কণিষ্ক নারায়ণ। পরে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে তৎকালীন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অধীনে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রকে 'এআই ও অনলাইন নিরাপত্তা' বিষয়ক জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২০ থেকে ২০২২ পর্যন্ত 'সেন্টার ফর সিটিজ'-এর ভিজিটিং অ্যাসোসিয়েট হিসেবেও কাজ করেছেন তিনি। কণিষ্ক নারায়ণের পদোন্নতির পাশাপাশি ব্রিটিশ সরকারে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। বাণিজ্য ও ব্যবসা মন্ত্রকের সঙ্গে বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি মন্ত্রককে (ডিএসআইটি) একীভূত করে জোনাথন রেনল্ডসকে 'বিজনেস, ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ট্রেড' বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, সংস্কৃতি মন্ত্রকের এখতিয়ার বাড়িয়ে সেখানে ডিজিটাল রূপান্তর ও অনলাইন নিরাপত্তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্লোবাল এআই প্রযুক্তির তীব্র প্রতিযোগিতায় ব্রিটেনের অবস্থান শক্ত করতেই প্রধানমন্ত্রী বার্নাম এআই মন্ত্রীর পদটিকে ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেছেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনে গুগলের ‘ডিপমাইন্ড’-এর পাশাপাশি ‘ইলেভেনল্যাবস’ ও ‘ওয়েভ’-এর মত বৈশ্বিক এআই স্টার্টআপ ও দক্ষ প্রকৌশলীদের একটি বিশাল ভিত্তি রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe