...
...
Next Story

INDIA Bloc’s rally: ‘ভারত ব্যানানা রিপাবলিক নয়!’ বিশেষ দিনে বিরোধীদের রামলীলা সমাবেশ, রাহুলকে বিঁধলেন নাড্ডা

INDIA Bloc’s rally: ইন্ডিয়া জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচিকে ‘গণতন্ত্রের নামে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে কটাক্ষ করেন জেপি নাড্ডা।

Published on: Nov 1, 2026, 13:37:52 IST
Advertisement

INDIA Bloc’s rally: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বাতিলের দাবিতে রবিবার দিল্লির রাজপথে শক্তি প্রদর্শনে নামছে বিরোধী জোট 'ইন্ডিয়া' (Delhi Protest)। ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ নামের এই কর্মসূচিতে যোগ দিতে বিভিন্ন রাজ্য থেকে বিরোধী নেতা ও সমর্থকেরা রাজধানীতে জমায়েত হতে শুরু করেছেন। হুড খোলা গাড়িতে রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে শিখ-দাঙ্গা মনে করিয়ে লোকসভার বিরোধী দলনেতাকে ও বিরোধী জোটকে কড়া ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (JP Nadda)। তাঁর অভিযোগ, গণতন্ত্র রক্ষার নামে বিরোধীরা দেশে অস্থিরতা তৈরি, অর্থনীতির ক্ষতি এবং নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। রাহুল গান্ধীকে সরাসরি আক্রমণ করে জেপি নাড্ডার মন্তব্য, 'ভারত কোনও ব্যানানা রিপাবলিক নয়।'

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (@MoHFW_INDIA)
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (@MoHFW_INDIA)

ইন্ডিয়া জোটের ‘চলো দিল্লি’ কর্মসূচিকে ‘গণতন্ত্রের নামে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পিত ষড়যন্ত্র’ বলে কটাক্ষ করেন জেপি নাড্ডা। তাঁর দাবি, নির্বাচনে পরাজিত ও জনতার দ্বারা প্রত্যাখ্যাত দলগুলি রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে এই ধরনের কর্মসূচি করছে। তিনি এই সমাবেশকে ‘পরিকল্পিত ও নির্বোধ নাটক’ বলেও অভিহিত করেন। রবিবার একটি সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডা বলেন, 'নৈরাজ্য সৃষ্টির জন্যই কংগ্রেস-সহ বিরোধীরা এই ধরনের বিক্ষোভ করছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্রেরই অংশ। গান্ধী পরিবারের রাজনীতির বিশেষ এক মডেল রয়েছে, তা হল মিথ্যা ও গুজব ছড়ানো। অস্থিরতা তৈরি করা। অর্থনীতির ক্ষতিসাধন করা এবং সর্বোপরি একটি নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার অপচেষ্টা। এর নেপথ্যে বিদেশি শক্তি রয়েছে।' রাহুল গান্ধীকে নিশানা করে তিনি আরও বলেন, 'ভারত কোনও দুর্বল রাষ্ট্র নয়, যেখানে যে কেউ সহজেই অগ্নিসংযোগ বা অশান্তি উসকে দিতে পারে কিংবা শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করতে পারে।'

ইন্ডি জোটের এই কর্মসূচি মূলত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এ অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজন করা হয়েছে। তবে সমাবেশের দিনক্ষণ নিয়েও আপত্তি তুলেছে বিজেপি। তাদের বক্তব্য, ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসার বার্ষিকীতে রাজনৈতিক সমাবেশের আয়োজন করে কংগ্রেস শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। এই উপলক্ষে পশ্চিম দিল্লিতে আলাদা পদযাত্রার আয়োজন করেছে বিজেপি। হরি নগর বাস ডিপো থেকে তিলক নগর মেট্রো স্টেশন পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং দিল্লি বিজেপির সভাপতি-সহ দলের একাধিক নেতা এতে অংশ নেবেন বলে জানা গিয়েছে।

রবিবার শাসক ও বিরোধী—উভয় পক্ষের মেগা কর্মসূচিকে ঘিরে রাজধানীতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে দিল্লি পুলিশ। শুধু রামলীলা ময়দান চত্বরেই নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজার পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৫০টির বেশি অত্যাধুনিক সিসি ক্যামেরা, ড্রোন এবং পুলিশের বডি-ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হচ্ছে। রাস্তায় রয়েছে একাধিক ব্যারিকেড ও কড়া চেকিংয়ের ব্যবস্থা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks