...
...
Next Story

বাংলাদেশ সফরে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, চিনের সাথে ঘনিষ্ঠতা নিয়ে চাপে পড়তে পারে ঢাকা?

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ঢাকায় পৌঁছনোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’-য় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর।

Published on: Jul 30, 2026, 13:33:06 IST
Advertisement

বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্বও সালান গোর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছনোর কথা তাঁর। তিন দিনের এই সফরকে ঘিরে কূটনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিবর্তন, চিনের ক্রমবর্ধমান প্রভাব, রোহিঙ্গা সংকট এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা— এই চারটি বিষয়ই সফরের কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।

বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর।
বাংলাদেশ সফরে যাচ্ছেন ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গোর।

বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, ঢাকায় পৌঁছনোর পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’-য় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন সার্জিও গোর। পরে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সার্জিও গোর কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার পক্ষে সওয়াল করে আসছে বাংলাদেশ। ওয়াশিংটনের অন্যতম অগ্রাধিকারও এই মানবিক সংকট। ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সফরের শেষ দিন শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত। কূটনৈতিক সূত্রের মতে, এই বৈঠকেই দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠক শেষে শনিবারই ঢাকা ছাড়বেন তিনি।

কূটনৈতিক মহলের একাংশের মতে, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হতে পারে চিনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে বেজিংয়ের প্রস্তাবিত মায়ানমার হয়ে অর্থনৈতিক করিডোর প্রকল্পে ঢাকার অবস্থান সম্পর্কে স্পষ্ট বার্তা জানতে চাইতে পারে ওয়াশিংটন। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক কৌশল, আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য চুক্তি এবং কৌশলগত ভারসাম্য নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতের দৃষ্টিকোণ থেকেও এই সফর তাৎপর্যপূর্ণ। সার্জিও গোর একদিকে যেমন ভারতে মার্কিন রাষ্ট্রদূত, অন্যদিকে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত। ফলে ঢাকা সফরে তাঁর পর্যবেক্ষণ ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণ, বিশেষ করে ভারত-আমেরিকা-বাংলাদেশ ত্রিপাক্ষিক সম্পর্ক এবং এই অঞ্চলে চিনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe