...
...
Next Story

আমেরিকার সেনা আধিকারিক রাশিয়ার চর! ব্রিটেনে গ্রেফতার ৪১ বছরের মার্কিন সেনা, ন্যাটোর গোপন তথ্য পাচারের সন্দেহ

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশের বিবৃতি অনুযায়ী, মার্কিন সেনার ওই সদস্যের বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হল সংরক্ষিত বা গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশ করা। দ্বিতীয়টি কোনও বিদেশি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করা।

Published on: Nov 11, 2026, 13:30:38 IST
Advertisement

আমেরিকার সেনাবাহিনীতেই কি ঢুকে পড়েছে রাশিয়ার গুপ্তচর? ব্রিটেনে রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন এক মার্কিন সেনা আধিকারিক। তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য রাশিয়ার গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইংল্যান্ডের গ্লস্টার শহরের কাছে তাঁকে গ্রেফতার করে ব্রিটেনের কাউন্টার টেররিজম পুলিশ। ধৃতের বয়স ৪১ বছর। তিনি মার্কিন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ আধিকারিক বলে জানা গিয়েছে। তাঁর নাম অবশ্য এখনও প্রকাশ করেনি ব্রিটিশ প্রশাসন। এই ঘটনায় আমেরিকা ও ব্রিটেনের নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশের বিবৃতি অনুযায়ী, মার্কিন সেনার ওই সদস্যের বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। (REUTERS)
ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশের বিবৃতি অনুযায়ী, মার্কিন সেনার ওই সদস্যের বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। (REUTERS)

ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশের বিবৃতি অনুযায়ী, মার্কিন সেনার ওই সদস্যের বিরুদ্ধে ২০২৩ সালের জাতীয় নিরাপত্তা আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রথমটি হল সংরক্ষিত বা গোপন তথ্য সংগ্রহ এবং প্রকাশ করা। দ্বিতীয়টি কোনও বিদেশি গোয়েন্দা সংস্থাকে সাহায্য করা। ব্রিটিশ পুলিশের দাবি, এই মামলায় যে দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে, সেটি রাশিয়া।

মঙ্গলবার, ১০ নভেম্বর গ্লস্টারের কাছে তাঁকে গ্রেফতার করা হয়। এর পর তাঁকে লন্ডনের একটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই হেফাজতে রয়েছেন তিনি। পাশাপাশি গ্লস্টারশায়ারের দুটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এই তদন্তে ব্রিটিশ পুলিশের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে মার্কিন সেনাবাহিনী এবং এফবিআই।

ন্যাটোর গোপন তথ্য পাচারের আশঙ্কা

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ধৃত সেনা আধিকারিক ন্যাটোর অ্যালায়েড র‍্যাপিড রিঅ্যাকশন কর্পসের সদর দফতর ইমজিন ব্যারাকে কর্মরত ছিলেন। এই বাহিনীর সঙ্গে ন্যাটোর গুরুত্বপূর্ণ সামরিক পরিকল্পনা ও দ্রুত সেনা মোতায়েনের বিষয় জড়িত। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা গুপ্তচরবৃত্তির অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

এই গ্রেফতারির ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন এফবিআইয়ের প্রধান কাশ প্যাটেল। তাঁর বক্তব্য, আমেরিকার নিরাপত্তা এবং সহযোগী দেশগুলির স্বার্থ বিপন্ন করে এমন কোনও কাজ বরদাস্ত করা হবে না। দেশের প্রতি শপথ ভেঙে কেউ বিশ্বাসঘাতকতা করলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। প্যাটেল আরও জানিয়েছেন, গত ২১ মাসে এফবিআই ১৬৭টি কাউন্টার ইন্টেলিজেন্স ও গুপ্তচরবৃত্তি সংক্রান্ত গ্রেফতার করেছে। আগের সময়ের তুলনায় এই সংখ্যা ৫৩ শতাংশ বেশি।

ইরানের হুমকির সঙ্গে যোগ নেই

উল্লেখযোগ্য বিষয়, এই গ্রেফতারির ঠিক আগের দিনই নিরাপত্তার কারণে ব্রিটেনের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে মার্কিন সেনাবাহিনীর কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ইরানের সম্ভাব্য হামলার হুমকির কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত বলে খবর প্রকাশিত হয়েছিল। এর আগে সেপ্টেম্বরে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকেও মার্কিন বোমারু বিমান সরানো হয়েছিল।

তবে ব্রিটিশ পুলিশ স্পষ্ট জানিয়েছে, রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এই গ্রেফতারির সঙ্গে ইরান-সংক্রান্ত অন্য কোনও নিরাপত্তা তদন্তের যোগ নেই। সব মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমি দেশগুলির নিরাপত্তা উদ্বেগের মধ্যে এই ঘটনা নতুন করে অস্বস্তি বাড়িয়েছে ওয়াশিংটন ও লন্ডনের। বিশেষ করে ন্যাটোর সঙ্গে যুক্ত একজন মার্কিন সেনা আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠায় সামরিক গোপনীয়তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এবার তদন্তে আর কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 
ABOUT THE AUTHOR
Abhijit Chowdhury

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks