...
...
Next Story

Donald Trump Latest Update: ‘ভারতের দিকে তাকান!’ আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ককে তীব্র আক্রমণ ট্রাম্পের

ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি ‘রাজনৈতিক’ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অর্থনীতিতে ভালো পরিসংখ্যান সামনে এলেই ফেড সুদের হার বাড়িয়ে দিচ্ছে। অথচ অর্থনীতির পরিস্থিতি ভালো থাকলে সুদের হার কমানো উচিত বলে মনে করেন তিনি।

Published on: Nov 21, 2026, 08:00:56 IST
Advertisement

আমেরিকার অর্থনীতির হাল ফেরাতে এবার ভারতের উদাহরণ টানলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের (Federal Reserve) বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করে তাঁর দাবি, অত্যধিক সুদের হারের কারণে আমেরিকার অর্থনৈতিক বৃদ্ধির গতি কমে যাচ্ছে। অথচ ভারতের সুদের হার তুলনামূলক কম এবং জিডিপি বৃদ্ধির হার প্রায় ৭ শতাংশ। আমেরিকাতেও সুদের হার কমানো হলে দেশের জিডিপি বৃদ্ধির হার ১৫ থেকে ২০ শতাংশে পৌঁছতে পারে বলে দাবি করেছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ট্রাম্প।

US President Donald Trump speaks during a reception at the helipad on the South Lawn of the White House in Washington, DC, US, on Friday, Nov. 20, 2026. President Trump vowed to tax American companies that build data centers in other countries, though he didn't detail exactly how such a threat would be carried out and what legal authority the government might have to impose one. Photographer: Aaron Schwartz/Bloomberg (Bloomberg)
US President Donald Trump speaks during a reception at the helipad on the South Lawn of the White House in Washington, DC, US, on Friday, Nov. 20, 2026. President Trump vowed to tax American companies that build data centers in other countries, though he didn't detail exactly how such a threat would be carried out and what legal authority the government might have to impose one. Photographer: Aaron Schwartz/Bloomberg (Bloomberg)

ট্রাম্পের অভিযোগ, আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি ‘রাজনৈতিক’ প্রতিষ্ঠান হয়ে উঠেছে। অর্থনীতিতে ভালো পরিসংখ্যান সামনে এলেই ফেড সুদের হার বাড়িয়ে দিচ্ছে। অথচ অর্থনীতির পরিস্থিতি ভালো থাকলে সুদের হার কমানো উচিত বলে মনে করেন তিনি। সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, আমেরিকার সুদের হার অত্যন্ত বেশি। এর জন্য দায়ী একটি রাজনৈতিক ফেডারেল রিজার্ভ। তাঁর দাবি, দেশের অর্থনৈতিক পরিসংখ্যান ভালো হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্ত আমেরিকার অগ্রগতির পথে বাধা তৈরি করছে।

এখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, সুদের হার কমিয়ে দেওয়া হলে আমেরিকার জিডিপি বৃদ্ধির হার বর্তমানের প্রায় ৪ শতাংশ থেকে বেড়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। তাতে অতি দ্রুত দেশের বিপুল ঋণের বোঝাও মিটিয়ে ফেলা সম্ভব হবে। ট্রাম্পের কথায়, ভালো অর্থনৈতিক পরিসংখ্যানের অর্থ হল দেশের আর্থিক ঋণ নেওয়ার সক্ষমতা বেড়েছে। তাই সেই পরিস্থিতিতে সুদের হার বাড়ানোর পরিবর্তে কমানো উচিত।

উল্লেখ্য, ভারতের অর্থনীতির সাম্প্রতিক পরিসংখ্যানও ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। তবে ভারতের রিজার্ভ ব্যাঙ্কও সুদের হার বাড়িয়েছে। ২০২৬ সালের ৭ অক্টোবর রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করে।

অন্যদিকে, আমেরিকার ফেডারেল রিজার্ভ গত ১৬ সেপ্টেম্বর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৩.৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে নিয়ে যায়। অক্টোবরের বৈঠকে সেই হার অপরিবর্তিত রাখা হয়। ফেডের যুক্তি, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী থাকলেও মূল্যবৃদ্ধি এখনও তাদের নির্ধারিত ২ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে। তাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখাও তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সব মিলিয়ে, আমেরিকার অর্থনৈতিক নীতি নিয়ে ট্রাম্প ও ফেডারেল রিজার্ভের মতবিরোধ আরও একবার প্রকাশ্যে চলে এল। ভারতের অর্থনৈতিক বৃদ্ধিকে উদাহরণ হিসেবে তুলে ধরে নিজের সুদের হার কমানোর দাবিকে জোরালো করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সুদের হার কমালেই যে কোনও দেশের জিডিপি ২০ শতাংশে পৌঁছে যাবে, অর্থনীতির নিয়মে এমন কোনও নিশ্চয়তা নেই। মূল্যবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks