...
...
Next Story

Vinesh Phogat: 'আমাদের দেশকে...,' এশিয়ান গেমসের ট্রায়ালে নামার ছাড়পত্র, আইনি লড়াই জয়ী ভিনেশ ফোগাট

Vinesh Phogat: ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে হতাশাজনক পরিণতির পর কুস্তি থেকে অবসর নিয়েছিলেন ভিনেশ ফোগাট। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন।

Published on: May 29, 2026, 23:10:13 IST
Advertisement

Vinesh Phogat: কুস্তির ম্যাটে নেমে একের পর এক ম্যাচ জিতেছেন। কুস্তির রিংয়ের বাইরে আইনি যুদ্ধেও অপ্রতিরোধ্য ভিনেশ ফোগাট। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ভিনেশ ফোগাটের মামলার শুনানি ছিল। দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ভারতকে গর্বিত করেছেন ভিনেশ ফোগাট। তাঁকে থামাবে না আদালত। অর্থাৎ শনিবার থেকে শুরু হওয়া এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নিতে ভারতের তারকা কুস্তিগিরের আর কোনও বাধা রইল না।

আইনি লড়াই জয়ী ভিনেশ ফোগাট (PTI)
আইনি লড়াই জয়ী ভিনেশ ফোগাট (PTI)

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে হতাশাজনক পরিণতির পর কুস্তি থেকে অবসর নিয়েছিলেন ভিনেশ ফোগাট। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর লক্ষ্য ছিল চলতি মাসের শেষে জাতীয় ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিয়ে আবার প্রতিযোগিতামূলক কুস্তিতে প্রত্যাবর্তন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। কিন্তু ঠিক সেই সময়েই নতুন নিয়ম চালু করে ভারতের কুস্তি ফেডারেশন। সেই নিয়ম অনুযায়ী, ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নিতে পারবেন না। এই সিদ্ধান্ত কার্যত ভিনেশের সামনে প্রত্যাবর্তনের রাস্তা বন্ধ করে দেয়।

ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন ভিনেশ। আদালতে তিনি যুক্তি দেন, নতুন নিয়ম তাঁর মতো অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের কুস্তিগিরদের জন্য অন্যায্য পরিস্থিতি তৈরি করছে। মামলার শুনানির পর দিল্লি হাইকোর্ট ভিনেশের পক্ষে রায় দেয়। উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, ফেডারেশনের নির্বাচনী নীতি ভিনেশের মতো বড়মাপের কুস্তিগিরকে ট্রায়ালে অংশ নিতে দেয়নি। এটা বিচক্ষণতার অভাব। দিল্লি হাই কোর্টের নির্দেশ, ৩০ এবং ৩১ মে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে ভিনেশকে। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করে ভারতের কুস্তি ফেডারেশন। শুক্রবার সেই মামলার শুনানিতেই ভিনেশের পক্ষে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে দেশের শীর্ষ আদালত। শুনানি চলাকালীন দুই বিচারপতির বেঞ্চ জানায়, 'ভিনেশ আমাদের দেশকে গর্বিত করেছেন। তবে দিল্লি হাইকোর্ট মামলাটি নিয়ে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে। তবে ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামতে দেওয়া হোক।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe