...
...
Next Story

Vinesh Phogat: 'ছয় নির্যাতিতার মধ্যে আমিও....,' মৌনতা ভাঙলেন, ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ ফোগাট

Vinesh Phogat: ১৮ মাস পর ম্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনেশ ফোগাট। কিন্তু এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় নামা নিয়ে তিনি নিজেই সন্ধিগ্ধ।

Published on: May 3, 2026, 17:28:02 IST
Advertisement

Vinesh Phogat: কথায় বলে, স্বভাব যায় না মলে। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং তেমনই এক চরিত্র। বছর তিনেক আগে মহিলা কুস্তিগিরদের হেনস্তা করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তোলপাড় হয়েছিল গোটা দেশে। বিচার চেয়ে পথে প্রতিবাদে নেমেছিলেন জাতীয় ও আন্তর্জাতিক কুস্তিগিররা। সেই মামলা এখনও বিচারাধীন। এই আবহে দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন কুস্তিগির ভিনেশ ফোগাট। তিনি দাবি করেছেন, তিনিই সেই ছয় মহিলা কুস্তিগিরের একজন, যাঁরা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন।

ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ ফোগাট
ব্রিজভূষণের বিরুদ্ধে বিস্ফোরক ভিনেশ ফোগাট

ভিনেশ ফোগাটের অভিযোগের কেন্দ্রে রয়েছে ট্রায়াল ভেন্যু। তাঁর অভিযোগ, এতদিন এ কথা প্রকাশ্যে না বললেও, এবার বিশেষ কারণবশত এ কথা বলতে বাধ্য হয়েছেন। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক ভিডিও বার্তায় ভিনেশ ফোগাট বলেন, ব্রিজভূষণের উত্তরপ্রদেশের গোন্ডায় ট্রায়াল আয়োজন করা হচ্ছে। সেটিও তাঁরই ব্যক্তিগত কলেজে। ভিনেশের বক্তব্য, ‘ওর নিজের কলেজে প্রতিযোগিতা হচ্ছে। সেখানে সব পরিশ্রমী ক্রীড়াবিদ ন্যায্য সুযোগ পাবে এটা বিশ্বাস করা কঠিন।’ তাঁর সরাসরি অভিযোগ, ‘কোন রেফারি ম্যাচ পরিচালনা করবে, কে কত পয়েন্ট পাবে, সবকিছু ব্রিজভূষণ ও তাঁর লোকজন নিয়ন্ত্রণ করবে। সরকার ও ক্রীড়া মন্ত্রক চুপ করে দেখছে।’ তিনি আরও বলেন, 'খেলোয়াড়দের সাহায্য করতে কেউ এগিয়ে আসছে না। মনে হচ্ছে তারা (সরকার) ব্রিজভূষণকে অবাধ স্বাধীনতা দিয়েছে; যে তুমি যা খুশি তাই করো। আমরা তোমার পাশে আছি।'

১৮ মাস পর ম্যাটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনেশ ফোগাট। কিন্তু এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় নামা নিয়ে তিনি নিজেই সন্ধিগ্ধ। তাঁর কথায়, ‘আপনি ভাবতে পারেন, ওর জায়গায় গিয়ে খেলতে হবে, চারপাশে ওর লোকজন থাকবে… এই অবস্থায় নিজের সেরাটা দেওয়া খুব কঠিন। ’ তিনি আরও বলেন, ‘একজন মহিলার পক্ষে এভাবে প্রতিযোগিতা চালানো অত্যন্ত কঠিন। যারা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তারা বুঝতে পারবে।’ ভিনেশ বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, যৌন হেনস্থার শিকার হওয়া কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করা যাবে না। কারণ, এর সঙ্গে তাঁর মর্যাদা ও সম্মান জড়িত। কিন্তু আজ বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের কিছু জানাতে চাই। আদালতে মামলা চলাকালীন আমি কিছু বলতে চাইছিলাম না। কিন্তু আমি বলতে চাই, ব্রিজভূষণের হেনস্থার শিকার হওয়া ছয় জনের মধ্যে আমিও আছি। আমিও তাঁর বিরুিদ্ধে অভিযোগ দায়ের করেছি। আদালতে আমাদের জবানবন্দি দেওয়া বাকি।’ ভিনেশের দাবি, ব্রিজভূষণকে সরকারিভাবে কুস্তি ফেডারেশন থেকে সরিয়ে দেওয়া হলেও, বর্তমান সভাপতি সঞ্জয় সিং ব্রিজভূষণের অঙ্গুলি হেলনেই চলেন। ফলে কুস্তি ফেডারেশনে ব্রিজভূষণের প্রভাব রয়েই গিয়েছে। সর্বশেষে তিনি বলেন, প্রতিযোগিতা চলাকালীন যদি তাঁর বা তার দলের কারও কোনও ক্ষতি হয়, তবে তিনি এর জন্য সরকারকে দায়ী করবেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe