...
...
Next Story

Voyager 1 New Milestone: নাসার নতুন ইতিহাস! পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে ভয়েজার ১, ভিনগ্রহীদের জন্য বিশেষ বার্তা

Voyager 1 New Milestone: ভারতের তরফে কেশরবাই কেরকরের ‘জাত কহাঁ হো’ গানটি পাঠানো হয় ভয়েজার ১-এ। হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মরাঠা, নেপালি, পাঞ্জাবি, রাজস্থানি, তেলুগু, উর্দু ভাষায় অভিবাদনও পাঠানো হয়, যাতে বলা হয়, ‘পৃথিবীবাসীর তরফে আপনাদের শুভেচ্ছা।'

Published on: Nov 18, 2026, 21:58:16 IST
Advertisement

Voyager 1 New Milestone: মহাকাশ গবেষণার ইতিহাসে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করতে চলেছে নাসার মহাকাশযান ভয়েজার ১। নয় নয় করে পাঁচ দশক আগে পৃথিবী ছেড়েছিল। এবার মহাশূন্যের বুকে সাফল্যের মাইলফলক গড়ল ভয়েজার ১। বুধবার ভারতীয় সময় অনুযায়ী দুপুর ৩টে বেজে ৪৬ মিনিটে পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্ব অতিক্রম করল এই মহাকাশযান। অর্থাৎ পৃথিবী থেকে এই মুহূর্তে তার দূরত্ব ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার।

নাসার নতুন ইতিহাস! পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে ভয়েজার ১ (NASA/JPL-Caltech via AP)
নাসার নতুন ইতিহাস! পৃথিবী থেকে এক আলোকদিবস দূরত্বে ভয়েজার ১ (NASA/JPL-Caltech via AP)

এক্ষেত্রে সময় গুরুত্বপূর্ণ নয়, দূরত্ব গুরুত্বপূর্ণ। এক আলোকদিবস বলতে বোঝায়, আলো ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করে। প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ প্রায় ৩ লক্ষ কিলোমিটার। সেই তুলনায় ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার বেগে ছুটতে থাকা ভয়েজার ১-এর এই দূরত্বে পৌঁছতে লেগেছে প্রায় পাঁচ দশক। এখন যে দূরত্বে রয়েছে ভয়েজার ১, তাতে পৃথিবী থেকে তাতে রেডিও সিগনাল পৌঁছতে সময় লাগবে ২৪ ঘণ্টা। সেখান থেকে কোনও সঙ্কেত এসে পৌঁছতেও ২৪ ঘণ্টা সময় লাগবে। অর্থাৎ বার্তা বিনিময়ে দু'দিন সময় লাগবে। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর উৎক্ষেপণ করা হয়েছিল ভয়েজার ১। তার মাত্র ১৬ দিন আগে ২০ অগস্ট মহাকাশে পাঠানো হয়েছিল তার যমজ মহাকাশযান ভয়েজার ২-কে। বৃহস্পতি ও শনির মতো গ্রহগুলি সম্পর্কে তথ্য সংগ্রহ করাই ছিল এই অভিযানের অন্যতম লক্ষ্য।

তবে তুলনামূলক ভাবে অনেক আগেই একের পর এক লক্ষ্য পেরোতে থাকে ভয়েজার ১। ১৯৭৯ সালে বৃহস্পতি এবং ১৯৮০ সালে শনির পাশ দিয়ে উড়ে যায় ভয়েজার ১। গ্রহগুলির উপগ্রহ ও বলয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ছবি এবং তথ্য পাঠায় পৃথিবীতে। পরে ২০১২ সালের অগস্টে সূর্যের প্রভাববলয়ের বাইরের সীমানা হেলিওপজ অতিক্রম করে আন্তর্নাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে যানটি। সেই কৃতিত্বও প্রথম কোনও মহাকাশযান হিসেবে অর্জন করেছিল ভয়েজার ১। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, প্রায় অর্ধশতাব্দী পুরনো প্রযুক্তি নিয়েই এখনও পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখছে মহাকাশযানটি। সৌরশক্তির পরিবর্তে এর বিদ্যুতের উৎস তেজস্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম-২৩৮-এর ক্ষয় থেকে উৎপন্ন তাপ। বিশেষ যন্ত্রের সাহায্যে সেই তাপকে বিদ্যুতে রূপান্তর করা হয়। তবে সময়ের সঙ্গে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমছে। তাই শক্তি সাশ্রয়ের জন্য নাসার বিজ্ঞানীরা একে একে কিছু যন্ত্র ও অপ্রয়োজনীয় ব্যবস্থা বন্ধ করেছেন। তবুও পুরনো কম্পিউটার এবং স্মৃতিভান্ডারের সাহায্যে কাজ চালিয়ে যাচ্ছে যানটি।

ভয়েজার ১ মহাকাশযানে রয়েছে ‘গোল্ডেন রেকর্ড।’ সেখানে সোনার পাত বসানো তামার ডিস্কে পৃথিবী থেকে পাঠানো ছবি এবং শব্দ রয়েছে। রেকর্ড করে রাখা অডিও, ভিডিও কী করে চালানো যায়, তার নির্দেশিকাও লিখে রেখেছেন বিজ্ঞানীরা। ভিনগ্রহের কোনও বুদ্ধিমান প্রাণী ভবিষ্যতে সেটি খুঁজে পেলে পৃথিবী সম্পর্কে ধারণা পেতে পারে, এমন ভাবনা থেকেই এই উদ্যোগ। নাসা জানিয়েছে, ভয়েজার ১-এ ১২ ইঞ্চির যে স্বর্ণাভ তামার ডিস্ক রয়েছে, তাতে ১১৫টি ছবি রয়েছে। ঢেউয়ের গর্জন, বাতাসের সোঁ সোঁ শব্দ, বজ্রপাত, পাখির ডাকের মতে প্রাকৃতিক শব্দের সংকলন রয়েছে তাতে। রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের গান, ৫৫টি ভাষায় জানানো মৌখিক অভিবাদন। যে ছবিগুলি রয়েছে, তাতে মানুষের শরীরের বর্ণনা, ডিএনএ, সন্তান প্রসব, পরিবার, পৃথিবীর বিভিন্ন প্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য, নির্মাণ, খাবার, রোজনামচা তুলে ধরা হয়েছে। ছবি রয়েছে তাজমহলের, চিনের মহাপ্রাচীরের, সিডনির অপেরা হাউসের, মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ডেন গেট ব্রিজের। পাশাপাশি, বাখ, বেথোভেন, মোজার্টের সুর মজুত রয়েছে। মার্কিন সঙ্গীতশিল্পী চাক বেরির ‘জনি বি. গুড’ গানটিও রাখা হয়েছে তাতে।

ভারতের বার্তা

ভারতের তরফে কেশরবাই কেরকরের ‘জাত কহাঁ হো’ গানটি পাঠানো হয় ভয়েজার ১-এ। হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মরাঠা, নেপালি, পাঞ্জাবি, রাজস্থানি, তেলুগু, উর্দু ভাষায় অভিবাদনও পাঠানো হয়, যাতে বলা হয়, ‘পৃথিবীবাসীর তরফে আপনাদের শুভেচ্ছা।’ শুধু তাই নয়, আজ থেকে কয়েকশো কোটি বছর পর যদি সূর্যের মৃত্যু ঘটে, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, অথবা পৃথিবীর বিকল্প গ্রহের সন্ধান পেয়ে অন্যত্র সরে যায় মানবজাতি, সেক্ষেত্রেও পথপ্রদর্শক হিসেবে রয়ে যাবে ভয়েজার ১। মহাশূন্যের বুকে শক্তি হারিয়ে কিছু বছরের মধ্যে যদি মৃত্যুও হয় মহাকাশযানটির, তার পরও মহাকাশ গবেষণার জগতে সবচেয়ে সফল অভিযান হিসেবে নাম রয়ে যাবে ইতিহাসে। শুধুমাত্র বৃহস্পতি এবং শনিকে দেখতে পাঠানো হয়েছিল মহাকাশযানটিকে। আটের দশকেই সেই কাজ সেরে ফেলে। তার পরও এত বছর ধরে মহাশূন্যের বুকে ছুটে চলেছে ভয়েজার ১।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks