অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।
Bengal Minister on Bangladesh: হাসিনা ফেরার মধ্যেই ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা’, হুংকার উঠল ভারত থেকে, ডেডলাইনও ঠিক
Bengal Minister on Bangladesh: শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে তুমুল জল্পনা চলছে। দিনক্ষণ হিসেবে ১৬ ডিসেম্বর বলা হয়েছে। তারইমধ্যে বাংলাদেশ নিয়ে বড় হুংকার দেওয়া হল ভারত থেকে। হুংকার দেওয়া হল যে ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা।’
Bengal Minister on Bangladesh: তিন সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ‘নিয়ে নেওয়ার’ হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। প্রতিবেশী দেশে হিন্দুদের উপরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে, সেটার আবহে বিজেপি বিধায়ক বলেছেন, ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা। অনেক হয়েছে। বাংলাদেশের কাছে আর কোনও বাহানা পড়ে নেই। বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন হয়েছে, তার প্রতিশোধ নিতেই হবে। তা নিয়ে কোনও সন্দেহ নেই।’
১৬ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের কাছে
যদিও ‘বাংলাদেশ নিয়ে নেব’ বলতে পশ্চিমবঙ্গের পরিবহণ মন্ত্রী ঠিক কী বলতে চেয়েছেন, তা খোলসা করেননি। তারপরও তিনি যে দিনটার কথা উল্লেখ করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ১৬ ডিসেম্বর হল বিজয় দিবস। আর এই বছরের সেই দিনেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চান বলে দাবি করা হয়েছে। হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের উড়ানেই ঢাকায় ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী।
হাসিনা ফিরলেই গ্রেফতার করা হবে, দাবি বাংলাদেশের মন্ত্রীর
আর হাসিনার মুখপাত্রের সেই মন্তব্যের পরে বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর দাবি করেছেন, বিচারব্যবস্থার মুখোমুখি করতেই হাসিনাকে ফেরানো হবে। বিচারের মুখোমুখি করতেই হাতকড়া পরিয়ে ফেরানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন।
একইসুরে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম একেবারে স্পষ্টভাবে জানিয়েছেন, হাসিনা বাংলাদেশে ফিরলেই তাঁকে গ্রেফতার করা হবে। পাশাপাশি বাংলাদেশের যে কোনও দূতাবাসে গেলে সেখানেও গ্রেফতার করা হবে হাসিনাকে। তাঁকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী।
হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আপাতত কোনও মন্তব্য করেনি ভারত
তবে এই পুরো বিষয়টি নিয়ে ভারতের তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। হাসিনা যে ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরবেন বলে দাবি করা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করেনি নয়াদিল্লি। অতীতে ভারতের কাছে একাধিকবার হাসিনার প্রত্যর্পণের দাবি তুলেছে ঢাকা। এবারও সেই প্রত্যর্পণের 'রুট' ধরেই তারেক রহমান সরকার হাসিনাকে বাংলাদেশে ফেরাতে চাইলে ভারত নয়া ঘটনাবলী নিয়ে কোনও মন্তব্য করেনি আপাতত।
এমনিতে হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বাংলাদেশে অশান্তি ছড়িয়েছে। অভিযোগ উঠেছে যে বাংলাদেশের জেলার পর জেলায় ঝামেলা চলছে। টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
E-Paper
