...
...
Next Story

যুদ্ধের মেঘ! আফগান-পাক সীমান্তে মৃত্যুমিছিল, ‘অপারেশন গজব লিল হক’-এর অর্থ কী?

পাকিস্তানের তথ্য মন্ত্রকের দাবি, চিত্রাল, খাইবার ও বাজাউর-সহ বেশ কিছু সীমান্তে তালিবান হামলার প্রেক্ষিতেই এই অভিযান শুরু করা হয়েছে।

Published on: Feb 27, 2026, 19:26:58 IST
Advertisement

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। সূত্রের খবর, বিতর্কিত ডুরান্ড লাইন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর শুক্রবার ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, ‘অপারেশন গজব লিল হক’ নামের এই অভিযানটি শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে।

‘অপারেশন গজব লিল হক’-এর অর্থ কী?
‘অপারেশন গজব লিল হক’-এর অর্থ কী?

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিকে প্রতিবেশী দেশের সঙ্গে ‘খোলা যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়েছে, মূলত খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন সেক্টরে আফগান তালিবানের উসকানিমূলক গোলাগুলির জবাব দিতেই পাকিস্তান সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছে। পাকিস্তানের এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোরে কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালানো হয়। কাবুলের বাসিন্দারা শক্তিশালী বিস্ফোরণ এবং আকাশে যুদ্ধবিমানের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এই ‘অপারেশন গজব লিল হক’ কী?

‘গজব লিল হক’ শব্দটির অর্থ হল ‘ন্যায়ের প্রতিশোধ’ বা ‘ন্যায়ের ক্রোধ।' পাকিস্তানের তথ্য মন্ত্রকের দাবি, চিত্রাল, খাইবার ও বাজাউর-সহ বেশ কিছু সীমান্তে তালিবান হামলার প্রেক্ষিতেই এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমানবাহিনী ইতিমধ্যে কাবুল, কান্দাহার ও পাকতিয়া-সহ বিভিন্ন প্রদেশে তালিবানদের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও গোলাবারুদ ভাণ্ডারে হামলা চালিয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত পাকিস্তানের দুই নিরাপত্তাকর্মী এবং ১৩৩ জন আফগান তালিবান যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাক সংবাদমাধ্যমগুলি। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়া প্রদেশে তালিবানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। পাকিস্তান বিমানবাহিনী নাঙ্গারহার প্রদেশে একটি গোলাবারুদ ভাণ্ডারও ধ্বংস করেছে বলে দাবি করা হয়েছে।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ‘অপারেশন গজব লিল-হক’ শুরু হওয়ায় দক্ষিণ এশিয়ায় নতুন করে অস্থিতিশীলতার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সে দিকেই নজর আন্তর্জাতিক মহলের।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe