...
...
Next Story

Strait of Hormuz: যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীতে জীবন বাজি রেখে সাঁতার ব্রিটিশ সুইমারের, কারণ জানলে আপনিও হতবাক হবেন

Strait of Hormuz: নিজের ওয়েবসাইটে লুইস পিউ সতর্ক করেছেন যে, তেলবাহী ট্যাঙ্কার, গ্যাসবাহী জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলি দিনের পর দিন আক্রমণের শিকার হচ্ছে। এই সংঘাতের পরিবেশগত পরিণতি প্রজন্ম ধরে স্থায়ী হবে।

Published on: Nov 22, 2026, 13:31:42 IST
Advertisement

Strait of Hormuz: একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে সমুদ্রের বুকে বিস্ফোরণ, জ্বলন্ত জাহাজ আর আকাশে যুদ্ধবিমানের আনাগোনা। এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালীতে প্রায় ১৫ কিলোমিটার সাঁতার কাটলেন ব্রিটিশ এন্ডুরেন্স সুইমার লুইস পিউ। তবে এই কঠিন চ্যালেঞ্জের উদ্দেশ্য কোনও রেকর্ড গড়া নয়। যুদ্ধের কারণে সমুদ্রের পরিবেশ ও সামুদ্রিক প্রাণীদের উপর যে ভয়াবহ প্রভাব পড়ছে, বিশ্বের নজর সেদিকে ফেরাতেই এই উদ্যোগ নিয়েছেন ৫৬ বছর বয়সি সাঁতারু।

যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীতে জীবন বাজি রেখে সাঁতার ব্রিটিশ সুইমারের (AFP)
যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালীতে জীবন বাজি রেখে সাঁতার ব্রিটিশ সুইমারের (AFP)

নিজের ওয়েবসাইটে লুইস পিউ সতর্ক করেছেন যে, তেলবাহী ট্যাঙ্কার, গ্যাসবাহী জাহাজ এবং বাণিজ্যিক জাহাজগুলি দিনের পর দিন আক্রমণের শিকার হচ্ছে। এই সংঘাতের পরিবেশগত পরিণতি প্রজন্ম ধরে স্থায়ী হবে। রাষ্ট্রসংঘ পরিবেশ কর্মসূচি ((UNEP)-র ‘প্যাট্রন অফ দ্য ওশানস’ হিসেবে নিযুক্ত লুইস পিউ এই বার্তাটি পৌঁছে দিতে গত সপ্তাহে ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীর বিভিন্ন অংশে তিন দিন ধরে সাঁতার কাটেন। তাঁর এই যাত্রা শুরু হয়েছিল ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে। শেষ হয় কেপ অফ হরমুজের একাংশ ঘুরে। সব মিলিয়ে প্রায় ১৫ কিলোমিটার বা ৯.৩ মাইল সাঁতার কাটেন তিনি। দুটি স্থানই ওমানে অবস্থিত। হরমুজ প্রণালীর অপর প্রান্তে ইরান অবস্থিত, যা এর সংকীর্ণতম স্থানে ৩৯ কিলোমিটার চওড়া।

এই অভিযান যে কতটা বিপজ্জনক ছিল, তা প্রথম দিনেই বুঝতে পারেন পিউ। জলে নামার প্রায় ৩০ মিনিটের মধ্যেই কাছাকাছি একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হয়। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে সমুদ্র। পিউয়ের কথায়, প্রায় চার কিলোমিটার দূরে থাকা একটি তেলবাহী জাহাজে আঘাত হানার ঘটনা তিনি দেখতে পান। এরপর আকাশে যুদ্ধবিমানও দেখা যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তাঁরা সাময়িকভাবে সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। বিপদ সেখানেই শেষ হয়নি। পরের দিন সাঁতার কাটার সময় আরও একটি জাহাজে হামলার ঘটনা সামনে আসে। একটি গ্যাসবাহী জাহাজে আগুন ধরে যায়। জাহাজের চারপাশের জলেও আগুন জ্বলতে দেখা যায় বলে জানিয়েছেন পিউ। তাঁর কথায়, জ্বলন্ত জাহাজের পাশ দিয়ে যাওয়ার সময় রাসায়নিক পদার্থের গন্ধ এবং আকাশের দিকে উঠে যাওয়া আগুনের গোলা তিনি কোনও দিন ভুলতে পারবেন না।

তাঁর আশঙ্কা, যুদ্ধের কারণে একের পর এক তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হলে সমুদ্রে তেল ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়তে পারে। তার প্রভাব পড়বে সামুদ্রিক প্রাণী, প্রবালপ্রাচীর, ম্যানগ্রোভ এবং উপকূলীয় পরিবেশের উপর। এমন দূষণ পরিষ্কার করা অত্যন্ত কঠিন। ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্রের স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক বছর, এমনকী কয়েক দশকও লেগে যেতে পারে। লুইস পিউয়ের কাছে এই অভিযান নতুন কিছু নয়। প্রায় চার দশক ধরে সাঁতারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা দিয়ে আসছেন তিনি। অ্যান্টার্কটিকা, উত্তর মেরু, লোহিত সাগর এবং ইংলিশ চ্যানেলের মতো প্রতিকূল জলপথে সাঁতার কেটেছেন এই ব্রিটিশ ক্রীড়াবিদ। উত্তর মেরুতে দীর্ঘ দূরত্বের সাঁতার সম্পন্ন করা প্রথম ব্যক্তি হিসেবেও পরিচিত তিনি। ২০২৩ সালে আমেরিকার হাডসন নদীর প্রায় ৫০৭ কিলোমিটার পথ সাঁতরে পরিষ্কার নদীর প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। তাঁর ফাউন্ডেশনের দাবি, এই ধরনের প্রচারাভিযানের মাধ্যমে ৩৫ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশি সামুদ্রিক অঞ্চল সংরক্ষণের জন্য বিভিন্ন চুক্তি ও উদ্যোগে সাহায্য করেছেন তিনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks