...
...
Next Story

Rahul Gandhi on Delimitation: সংখ্যা থাকুক বা না থাকুক, ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে লড়ব! মোদী সরকারকে হুঁশিয়ারি রাহুলের

শুক্রবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণ কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ লোকসভা ও রাজ্যসভার একাধিক সাংসদ। সেখানেই রাহুল স্পষ্ট জানিয়ে দেন, ডিলিমিটেশন বিল নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত।

Published on: Nov 28, 2026, 08:47:56 IST
Advertisement

সংসদে সংখ্যার অঙ্ক যাই হোক, নরেন্দ্র মোদী সরকারের ডিলিমিটেশন বিল কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে সংসদের ভিতরে-বাইরে লড়াই চলবে। এই ভাষাতেই কেন্দ্রকে কার্যত হুঁশিয়ারি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে ডিলিমিটেশন ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল কংগ্রেস। দলের সাংসদদের নিয়ে কৌশলগত বৈঠকে রাহুল জানিয়ে দিয়েছেন, সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকুক বা না থাকুক, এই বিলের বিরোধিতা করবে কংগ্রেস। ফলে মহিলা সংরক্ষণের আড়ালে নির্বাচনী মানচিত্র বদলের চেষ্টা করছে মোদী সরকার, এই অভিযোগকে সামনে রেখে এবার সরাসরি সংঘাতে নামতে চলেছে হাত শিবির।

সংখ্যা থাকুক বা না থাকুক, ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে লড়ব! মোদী সরকারকে হুঁশিয়ারি রাহুলের (AICC)
সংখ্যা থাকুক বা না থাকুক, ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে লড়ব! মোদী সরকারকে হুঁশিয়ারি রাহুলের (AICC)

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনে কংগ্রেসের সংসদীয় কৌশল নির্ধারণ কমিটির বৈঠক হয়। উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-সহ লোকসভা ও রাজ্যসভার একাধিক সাংসদ। সেখানেই রাহুল স্পষ্ট জানিয়ে দেন, ডিলিমিটেশন বিল নিয়ে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। সংসদে কংগ্রেসের হাতে প্রয়োজনীয় সংখ্যা থাকুক বা না থাকুক, কোনওভাবেই এই প্রস্তাব মেনে নেওয়া হবে না। সূত্রের দাবি, রাহুলের বক্তব্য, রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যেই নতুন করে এই বিল সংসদে আনতে চাইছে বিজেপি।

বৈঠকের পর কংগ্রেস সাংসদ তথা লোকসভায় দলের উপনেতা গৌরব গগৈ সাংবাদিকদের সামনে দলের অবস্থান ব্যাখ্যা করেন। তাঁর বক্তব্য, ডিলিমিটেশন নিয়ে কংগ্রেসের তিনটি মূল দাবি রয়েছে। প্রথমত, লোকসভার বর্তমান ৫৪৩টি আসন অপরিবর্তিত রাখতে হবে। দ্বিতীয়ত, এই ৫৪৩টি আসনের মধ্যেই মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ কার্যকর করতে হবে। তৃতীয়ত, আগামী ২৫ বছর লোকসভায় বিভিন্ন রাজ্যের আসনের অনুপাত একই রাখতে হবে। অর্থাৎ, মহিলা সংরক্ষণের জন্য সংসদের মোট আসন বাড়ানোর প্রয়োজন নেই বলেই মনে করছে কংগ্রেস।

নির্বাচন কমিশনকেও রেহাই দেননি রাহুল। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনকে কার্যত সরকারের হাতের পুতুলে পরিণত করা হয়েছে। ভোটারদের কোথায় গিয়ে ভোট দিতে হবে, সেই সিদ্ধান্তও ডিলিমিটেশনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে দাবি তাঁর। যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কংগ্রেস, তাদের উপর দেশের নির্বাচনী কেন্দ্র পুনর্বিন্যাসের দায়িত্ব ছেড়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

অন্যদিকে, মহিলা সংরক্ষণ আইন নিয়ে কংগ্রেসের বক্তব্য, ২০২৩ সালেই সংসদে আইন পাশ হয়েছে। তাহলে নতুন করে ডিলিমিটেশন প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে বর্তমান আসনসংখ্যার ভিত্তিতেই কেন মহিলাদের সংরক্ষণ কার্যকর করা হচ্ছে না? এই প্রশ্ন তুলছে হাত শিবির। কংগ্রেসের মতে, মহিলা সংরক্ষণের সঙ্গে লোকসভার আসনবৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাসকে একসঙ্গে জুড়ে দেওয়ার কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, গত এপ্রিল মাসেও ডিলিমিটেশন সংক্রান্ত বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সেই উদ্যোগ সফল হয়নি। এবার ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশনে ফের বিলটি পেশ করার প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার।

সব মিলিয়ে, ডিলিমিটেশন এখন আর শুধুমাত্র নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাসের বিষয় নয়, বরং মোদী সরকার ও বিরোধীদের মধ্যে নতুন রাজনৈতিক সংঘাতের মঞ্চ হয়ে উঠেছে। একদিকে বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র, অন্যদিকে সংখ্যার হিসাবকে গুরুত্ব না দিয়েই প্রতিরোধের ডাক দিয়েছেন রাহুল গান্ধী। আগামী অধিবেশনে সংসদের ভিতরে এই সংঘাত কোন পর্যায়ে পৌঁছয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks