...
...
Next Story

WWE Star Bronson Reed Dies: মাত্র ৩৮ বছরেই মৃত্যু WWE তারকা ব্রনসন রিডের! ক্রাউন জুয়েলের মঞ্চে পেয়েছিলেন চোট

WWE-র বিবৃতিতে বলা হয়েছে, ব্রনসন রিড ছিলেন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পারফর্মার। শুধু রিংয়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন ভালো মানুষ, দায়িত্ববান পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রিয় বন্ধু।

Published on: Nov 28, 2026, 09:29:44 IST
Advertisement

বিশ্বজুড়ে WWE-র অনুরাগীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন জনপ্রিয় পেশাদার কুস্তিগির ব্রনসন রিড। তাঁর আসল নাম জার্মেইন হ্যালি। শুক্রবার, ২৭ নভেম্বর তাঁর মৃত্যুর খবর ঘোষণা করে WWE কর্তৃপক্ষ। সংস্থার তরফে জানানো হয়েছে, চিকিৎসাজনিত জটিলতার কারণে মৃত্যু হয়েছে এই অস্ট্রেলীয় রেসলারের। কিন্তু সবচেয়ে উদ্বেগের বিষয়, মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগেই সৌদি আরবের রিয়াধে WWE-র 'ক্রাউন জুয়েল' প্রতিযোগিতায় ভয়াবহ চোট পেয়েছিলেন তিনি। সেই ঘটনার পর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এরপর আর আমেরিকায় ফিরতে পারেননি তিনি। ফলে তাঁর আকস্মিক মৃত্যু ঘিরে কুস্তিপ্রেমীদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে।

মাত্র ৩৮ বছরেই মৃত্যু WWE তারকা ব্রনসন রিডের! ক্রাউন জুয়েলের মঞ্চে পেয়েছিলেন চোট
মাত্র ৩৮ বছরেই মৃত্যু WWE তারকা ব্রনসন রিডের! ক্রাউন জুয়েলের মঞ্চে পেয়েছিলেন চোট

WWE-র বিবৃতিতে বলা হয়েছে, ব্রনসন রিড ছিলেন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পারফর্মার। শুধু রিংয়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবেই নয়, ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন একজন ভালো মানুষ, দায়িত্ববান পরিবারের সদস্য এবং সহকর্মীদের প্রিয় বন্ধু। তাঁর স্ত্রী পেইজ, যিনি বর্তমানে অন্তঃসত্ত্বা, এবং তাঁদের ছোট মেয়ের প্রতি সমবেদনা জানিয়েছে সংস্থা। রিডের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অসংখ্য রেসলার ও অনুরাগী।

ক্রাউন জুয়েলে কী হয়েছিল?

গত ৭ নভেম্বর সৌদি আরবের রিয়াধে অনুষ্ঠিত হয়েছিল WWE-র 'ক্রাউন জুয়েল ২০২৬'। সেখানে ব্রনসন রিডের কোনও নির্দিষ্ট ম্যাচ ছিল না। তবে ব্রন ব্রেকার ও অস্টিন থিওরির দল 'দ্য ভিশন'-কে সাহায্য করতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে হস্তক্ষেপ করেন তিনি। প্রতিপক্ষ দলের হয়ে লড়াইয়ে নামা ওবা ফেমি তাঁকে বাধা দেন। এরপর রিংয়ের বাইরে মঞ্চ থেকে নিচে টেবিলের উপর ছুড়ে ফেলে দেন রিডকে। এই ঘটনার পরই গুরুতর আহত হন তিনি।

মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা

সবচেয়ে বড় প্রশ্ন, ক্রাউন জুয়েলের ওই ভয়াবহ আঘাতের সঙ্গে কি তাঁর মৃত্যুর কোনও সম্পর্ক রয়েছে? WWE-র তরফে মৃত্যুর কারণ হিসেবে শুধু 'মেডিক্যাল কমপ্লিকেশন' বা চিকিৎসাজনিত জটিলতার কথা বলা হয়েছে। ঠিক কী ধরনের শারীরিক সমস্যা হয়েছিল, তা প্রকাশ করেনি সংস্থা। ক্রাউন জুয়েলের চোটই তাঁর মৃত্যুর কারণ, এমন কোনও সরকারি তথ্যও এখনও সামনে আসেনি। ফলে দুই ঘটনার মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে বলে দাবি করা যাচ্ছে না।

কে ছিলেন ব্রনসন রিড?

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম ব্রনসনের। ২০০৭ সালে পেশাদার রেসলিংয়ে হাতেখড়ি। ২০১৯ সালে WWE-তে যোগ দেন তিনি। প্রথম দফায় সংস্থার হয়ে NXT নর্থ আমেরিকান চ্যাম্পিয়ন হন। ২০২১ সালে WWE ছাড়ার পর নিউ জাপান প্রো-রেসলিং-সহ বিভিন্ন সংস্থায় কুস্তি লড়েছেন। ২০২২ সালে ফের WWE-তে ফিরে আসেন। ২০২৪ সালে জেতেন বিখ্যাত 'আন্দ্রে দ্য জায়ান্ট মেমোরিয়াল ব্যাটল রয়্যাল'। তাঁর শক্তিশালী শরীর এবং 'সুনামি' নামে পরিচিত ভয়ংকর ফিনিশিং মুভির জন্য বিশেষ জনপ্রিয়তা ছিল তাঁর।

সবচেয়ে মর্মান্তিক বিষয়, মৃত্যুর সময় তাঁর স্ত্রী পেইজ অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁদের একটি ছোট মেয়েও রয়েছে। পরিবারের কাছে এই আকস্মিক মৃত্যু যে কত বড় আঘাত, তা সহজেই অনুমেয়। রিংয়ের ভিতরে ভয়ংকর প্রতিপক্ষ হিসেবে পরিচিত ব্রনসন রিডের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে WWE-র দুনিয়ায়।

 

ABOUT THE AUTHOR

২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks