রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর স্পষ্ট বক্তব্য, পুতিন শুধু ইউক্রেনের শত্রু নন, তিনি একজন খুনি। আমেরিকার প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে পুতিনকে যে নামেই ডাকুন না কেন, ইউক্রেনের মানুষের কাছে রুশ প্রেসিডেন্ট একজন হত্যাকারী। শুক্রবার, ২০ নভেম্বর CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্যের জবাবে এইভাবেই ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে ট্রাম্প-পুতিনের ঘনিষ্ঠতা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের অবস্থান।
কেন পুতিনকে বন্ধু বললেন ট্রাম্প?

সম্প্রতি চিনের শেনজেন শহরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের অগস্টের পর এই প্রথম মুখোমুখি বৈঠকে বসেন দুই রাষ্ট্রনেতা। বৈঠকের আগে পুতিনকে দেখে হাসিমুখে তাঁর দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘উনি কে? উনি আমার বন্ধু।’ এরপর দু'জন হাত মেলান। পুতিনও ইংরেজিতে বলেন, ‘আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
এই মন্তব্য ঘিরেই আন্তর্জাতিক মহলে বিতর্ক শুরু হয়। কারণ, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছেন। বহু মানুষের মৃত্যু হয়েছে। ইউক্রেনের একাধিক শহর, আবাসন এবং পরিকাঠামো ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতিতে পুতিনকে বন্ধুর তকমা দেওয়াকে ভালোভাবে নেয়নি কিয়েভ।
‘বন্ধু বললে যুদ্ধ চালানোর সাহস পাবেন পুতিন’
CNN-এর সাংবাদিক জিম স্কিউটো জেলেনস্কির কাছে জানতে চান, ট্রাম্পের এই বন্ধুত্বপূর্ণ মন্তব্য কি পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও উৎসাহিত করবে? জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনকে বন্ধু হিসেবে সম্বোধন করা হলে তিনি নিজেকে হত্যাকারী বলে মনে করবেন না। তাঁর উপর যথেষ্ট চাপ রয়েছে বলেও অনুভব করবেন না।
জেলেনস্কির কথায়, ‘ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের কাছে পুতিন শত্রু। অবশ্যই তিনি একজন খুনি। আমার মনে হয়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও তিনি একজন হত্যাকারী।’
{{/usCountry}}জেলেনস্কির কথায়, ‘ট্রাম্প পুতিনকে কী নামে ডাকবেন, সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমাদের কাছে পুতিন শত্রু। অবশ্যই তিনি একজন খুনি। আমার মনে হয়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও তিনি একজন হত্যাকারী।’
{{/usCountry}}জেলেনস্কির অভিযোগ, পুতিনের লক্ষ্য শুধু ইউক্রেনের ভূখণ্ড দখল করা নয়, বরং গোটা দেশটিকেই ধ্বংস করে দেওয়া। রুশ আক্রমণে প্রতিদিন সাধারণ নাগরিকদের প্রাণ যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক নেতাদের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ পেলে রুশ প্রেসিডেন্টের উপর চাপ আরও কমে যেতে পারে।
ট্রাম্পের সাফাই, পুতিনের সঙ্গে সম্পর্ক ভালো
অন্যদিকে, শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের মন্তব্যের পক্ষে সাফাই দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আমেরিকার নিরাপত্তার পক্ষেও ইতিবাচক।
পুতিন আমেরিকার বন্ধু কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে ট্রাম্প বলেন, আমেরিকার হয়ে তিনি কথা বলতে পারবেন না। তবে পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো এবং এই সম্পর্ক আমেরিকাকে বাড়তি শক্তি জোগায় বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের আরও দাবি, পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চান। কিন্তু জেলেনস্কি ও পুতিনের মধ্যে পারস্পরিক ঘৃণার কারণে সমাধানের পথ তৈরি হচ্ছে না। আমেরিকা দু'পক্ষকে সাহায্য করার চেষ্টা করছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকার উপরেই ভরসা জেলেনস্কির
তবে ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ হলেও কূটনৈতিক আলোচনার দরজা বন্ধ করতে চান না জেলেনস্কি। তাঁর মতে, রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে আমেরিকার যথেষ্ট ক্ষমতা রয়েছে। আমেরিকাই এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী মধ্যস্থতাকারী হতে পারে। পুতিনকে আলোচনায় বসাতে ওয়াশিংটনের হাতে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরির একাধিক হাতিয়ার রয়েছে বলেও মনে করেন তিনি।
সব মিলিয়ে, ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্প ও জেলেনস্কির বক্তব্যে দুই দেশের অবস্থানের পার্থক্য আরও স্পষ্ট হল। একদিকে পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন ট্রাম্প, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করছেন, অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ রাশিয়াকে আরও আগ্রাসী করে তুলতে পারে।
ABOUT THE AUTHOR
২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।