21st July Rain Forecast: ২১ জুলাইয়ে বৃষ্টির সম্ভাবনা, বদলে যাওয়া সমাবেশে আবহাওয়াও কি দেবে সঙ্গ? সতর্ক করল হাওয়া অফিস

সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সক্রিয় ছিল বর্ষা। কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় সারাদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দমদমে, যেখানে ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১৬৩ মিলিমিটার বৃষ্টি।

Published on: Jul 21, 2026, 12:20:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২১ জুলাই মানেই দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সমাবেশ, আর সেই সমাবেশের সঙ্গে জড়িয়ে রয়েছে বৃষ্টির এক আলাদা স্মৃতি। বহুবার প্রবল বর্ষণের মধ্যেই কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃষ্টি নামলেই তিনি বলতেন, 'এটা ঈশ্বরের আশীর্বাদ।' তবে এবার রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বদলে গিয়েছে ২১ জুলাইয়ের ছবিও। আর সেই দিনেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সক্রিয় ছিল বর্ষা। (Utpal Sarkar)
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সক্রিয় ছিল বর্ষা। (Utpal Sarkar)

সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সক্রিয় ছিল বর্ষা। কলকাতা-সহ বিস্তীর্ণ এলাকায় সারাদিন দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দমদমে, যেখানে ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ১৬৩ মিলিমিটার বৃষ্টি। এছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অংশেও প্রবল বর্ষণ হয়েছে। টানা বৃষ্টির জেরে বহু এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

মঙ্গলবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলায় দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

এদিকে সোমবারের প্রবল বৃষ্টির প্রভাব এখনও কাটেনি। কলকাতার একাধিক এলাকায় জল জমে রয়েছে। বিশেষ করে দমদম, কৈখালি, হলদিরাম মোড়, চিনার পার্ক-সহ বিস্তীর্ণ এলাকায় এখনও রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে। ফলে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সাধারণত যেখানে তিন থেকে চার মিনিটে রাস্তা পার হওয়া যায়, সেখানে এখন আধ ঘণ্টারও বেশি সময় লাগছে। অফিসযাত্রী থেকে সাধারণ মানুষ— সকলকেই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে।

বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় কিছুটা কম। আকাশ সারাদিন মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

এবারের ২১ জুলাই রাজনৈতিক দিক থেকে যেমন অন্যরকম, তেমনই আবহাওয়াও হতে পারে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনটি পৃথক মঞ্চে শহিদ স্মরণ কর্মসূচি হওয়ায় বিভিন্ন জায়গা থেকে কর্মী-সমর্থকদের যাতায়াত থাকবে। তার মধ্যে বৃষ্টির পূর্বাভাস থাকায় আয়োজক এবং অংশগ্রহণকারী— উভয়েরই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। ফলে মঙ্গলবারের সমাবেশে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি প্রকৃতির মেজাজও নজরে থাকবে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More